মুঠোফোন ব্যবহারে যে সতর্কতা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনকার তরুণ-তরণীদের একটা বড় সময় কাটে স্মার্টফোনে। ছবি: প্রথম আলো
এখনকার তরুণ-তরণীদের একটা বড় সময় কাটে স্মার্টফোনে। ছবি: প্রথম আলো

একবার চারপাশে তাকিয়ে দেখুন তো, কতজন স্মার্টফোনের ওপর ঝুঁকে পড়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে বা টেক্সট করছে? বিশেষভাবে তরুণেরা দিনের একটা বড় সময় কাটায় স্মার্টফোনে। মোবাইল ছাড়া জীবন অচল, সন্দেহ নেই। কিন্তু স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ প্রভৃতি প্রযুক্তি ব্যবহারের সময় একটু সতর্ক থাকতে হয়। না হলে কীভাবে কী বিপদ হতে পারে দেখুন:
১. আমাদের মাথার ওজন প্রায় সাড়ে পাঁচ কেজি। যখন আমরা ৬০ ডিগ্রি কোণে মাথা নিচু করে ঝুঁকে পড়ে স্মার্টফোন ব্যবহার করি, তখন কাঁধ ও ঘাড়ের ওপর কার্যকর চাপের পরিমাণ দাঁড়ায় প্রায় সোয়া ২৭ কেজি। এর ফল কী হতে পারে চিন্তা করুন। কয়েক দিনের মধ্যেই কুঁজো হয়ে পড়বেন।
২.শুধু যে দেহভঙ্গি বদলায় তা-ই নয়, মনের ওপরও চাপ পড়ে। গবেষণায় দেখা গেছে, মন খারাপ থাকলে যেমন শরীর নুইয়ে পড়ে, তেমনি এর বিপরীতে মাথা নুইয়ে থাকা মানুষের মনের জোরও কমে যায়, ব্যক্তিত্ব হয় দুর্বল।
৩.ঝুঁকে থাকা দেহভঙ্গির মানুষের স্মৃতিশক্তিও কমে যায়। ২০১৪ সালে ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড সাইকোথেরাপি অব পিপল-এ প্রকাশিত এক পর্যবেক্ষণভিত্তিক গবেষণাপত্রে দেখা গেছে, যাঁরা ঝুঁকে
থাকেন তাঁরা সাধারণ তথ্য বেশি দিন মনে রাখতে পারেন না। ২০০৯ সালে জাপানি স্কুলশিক্ষার্থীদের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, প্রশ্নের উত্তর লিখতে বললে বেঞ্চে সোজা হয়ে বসার প্রশিক্ষণপ্রাপ্তদের ফল ভালো হয়, আর যারা কুঁজো হয়ে বসে, ওরা খারাপ করে। ফোন বা ট্যাব যত ছোট, দেহ ও মনের ক্ষতি তত বেশি।
৪.মাথা সোজা রেখে চোখ বরাবর স্মার্টফোন বা ট্যাব রেখে ব্যবহারের অভ্যাস করতে হবে। মাঝেমধ্যে কাঁধ ও ঘাড় নাড়াচাড়া দিয়ে হালকা ব্যায়াম করা ভালো।
৫.এ লেখা পড়ার পর থেকে স্মার্টফোন ব্যবহারের সময় মনে রাখবেন, ঝুঁকে পড়ে কাজ করলে শরীর ও মনের ক্ষতি হতে পারে, এমনকি আপনার ব্যবহারও বিগড়ে যেতে পারে। তাই সময় থাকতে সতর্ক হোন।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, ১২ ডিসেম্বর ২০১৫