মুঠোফোন কীভাবে 'ওয়াটারপ্রুফ' করা হয়?

সাধের মুঠোফোনটি পানিতে পড়লে দুঃখের অন্ত থাকে না। এই দুঃখের অন্তের জন্যই আজকাল অবশ্য উন্নত মানের স্মার্টফোন তৈরি হয় পানিরোধী হিসেবে। বাজারে অ্যাপল, স্যামসাং, সনিসহ অনেক প্রতিষ্ঠানের স্মার্টফোন রয়েছে, যেগুলোতে পানি ঢোকে না। অথচ মাইক্রোফোন, হেডফোন, চার্জার পোর্টসহ অনেক ছিদ্র থাকে এতে, তবুও পানি ক্ষতি করতে পারে না নিত্যপ্রয়োজনীয় স্মার্টফোনটির।
স্মার্টফোনের ফাঁকা স্থানগুলো পূরণ করতে নির্মাতারা বিশেষ ধরনের আঠা ব্যবহার করেন। এই বিশেষ আঠাগুলো সাধারণ আঠার চেয়ে অনেক বেশি মসৃণ এবং দীর্ঘস্থায়ী হয়। ফোনের বড় অংশ যেমন পর্দা, মাদারবোর্ড, বডি ইত্যাদির ফাঁকা স্থান পানিরোধী করতে এ আঠা ব্যবহার করা হয়, যা রাবারের আবরণ সৃষ্টি করে। তবে ফোনের সব ফাঁকা স্থানে গ্লু বা আঠা ব্যবহার করা যায় না। যেমন : সিম কিংবা মেমোরি কার্ড প্রায়ই খোলার প্রয়োজন হয় বলে সেখানে আঠা ব্যবহার করা হয় না। সিম কিংবা মেমোরি কার্ডের জায়গাগুলোর চারদিকে রাবারের আংটা ব্যবহার করা হয়; যা আশপাশ দিয়ে পানি প্রবেশে বাধা দেয়।

ফোনের বোতামগুলোর চারদিকেও ফাঁকা স্থান রয়েছে, কিন্তু তাতেও আঠা ব্যবহার করা যায় না। নির্মাতারা বোতামের নিচে সিলিকন রাবার ব্যবহার করেন, যা বাইরের বোতাম থেকে এর নিচের সার্কিটকে আলাদা করে দেয়। অনেকটা পলিথিন দিয়ে কিছু ঢেকে ফেলার মতো।
হেডফোন ও চার্জারের ক্ষেত্রে দুই ধরনের পদ্ধতিই ব্যবহার করা হয়। অর্থাৎ পোর্টের নিচে সিলিকন রাবার এবং আশপাশে গেস্কেট ব্যবহার করা হয়। স্পিকার এবং মাইক্রোফোনের ক্ষেত্রে ব্যাপারটা আবার একটু জটিল। এগুলোকে আঠা বা সিলিকন রাবার দিয়ে আটকে রাখা যায় না, কারণ স্পিকার বাতাসে কম্পন সৃষ্টির মাধ্যমে শব্দ তৈরি করে। তাই প্রযুক্তিবিদেরা এমন এক ফ্যাব্রিক তৈরি করেছেন, যা বাতাস চলাচল করতে দেয় কিন্তু পানি প্রবেশ করতে দেয় না। এর কারণ হচ্ছে পানির অণুগুলো বাতাসের অণুর চেয়ে বড় ও ভারী। এই ফ্যাব্রিক স্পিকারের ওপর ব্যবহার করা হয়।

মজার ব্যাপার হচ্ছে, এত সব প্রযুক্তির কোনোটাই মুঠোফোন পুরোপুরি পানিরোধী করতে পারে না। প্রবল চাপে ফোনে পানি প্রবেশ করে, প্রশ্ন হলো কতটুকু চাপ দরকার। আর তাই সঠিকভাবে বললে পানিরোধী ফোন বলে কিছু নেই।
সূত্র : সিনেট