মুঠোফোন বিজ্ঞাপনের নতুন মাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্র, রেডিও ও টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া অনেক পুরোনো দিনের ব্যাপার। ইন্টারনেটেও বিজ্ঞাপন এসেছে অনেক দিন হলো। এখন বাকি রয়েছে মুঠোফোন। পাঠক হয়তো ভাবছেন অন্তত মুঠোফোন বিজ্ঞাপনের অত্যাচার থেকে বেঁচে যাবে। কিন্তু বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও মুঠোফোন কোম্পানি ইতিমধ্যে মুঠোফোনে বিজ্ঞাপন দেওয়ার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। গত বছর মুঠোফোনে স্বল্প পরিমাণে বিজ্ঞাপন দেওয়াও হয়েছে। এ ব্যাপারে আউট দেয়ার মিডিয়া নামের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা কারস্টিন ট্রাইকালিটিস স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বলেন, গত ১৮ মাসে বিভিন্ন প্রতিষ্ঠান মুঠোফোনে বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করেছে। এসব প্রতিষ্ঠানের মতে, তাদের পণ্যের প্রসারের জন্য মুঠোফোনই হচ্ছে উপযুক্ত মাধ্যম।এ ব্যাপারে মোবাইল মার্কেটিং কনসালটেন্সি প্রতিষ্ঠান আপস্ট্রিমের প্রেসিডেন্ট মার্কো ভেরেসিস বলেন, মুঠোফোনে বিজ্ঞাপন দেওয়ার জন্য অনেক প্রতিষ্ঠানের মাঝে বিপুল আগ্রহ লক্ষ করা যাচ্ছে। তিনি বলেন, ২০১১ সালে মুঠোফোনে দেওয়া বিজ্ঞাপন থেকে দুই হাজার কোটি মার্কিন ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোই প্রথমে মুঠোফোনে বিজ্ঞাপন দেওয়ার ধারণাটি চালু করে। প্রতিষ্ঠানগুলো তাদের মোবাইল সেবার বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রস্তাব নিয়ে গ্রাহকদের কাছে এসএমএস বা খুদে বার্তা পাঠাতে শুরু করে। এ থেকেই সেলফোনে বিজ্ঞাপন দেওয়ার ধারণা শুরু। বিভিন্ন মোবাইল অপারেটর গ্রাহকদের মুঠোফোনে বিজ্ঞাপন দেওয়ার সুফল পেতে শুরু করেছে। অনেকে অল্পবিস্তর আয় করছে এ থেকে। গেমের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া এখন গ্রাহকদের কাছে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।তবে অনেকেই মুঠোফোনে বিজ্ঞাপন দেওয়ার বিষয়টিকে একেবারেই পছন্দ করছে না। তারা বলছে, মুঠোফোন বিষয়টি গ্রাহকদের একান্ত ব্যক্তিগত একটি জিনিস। এখানে কোনো ধরনের বাণিজ্য না ঢোকাই ভালো। আপস্ট্রিম সম্প্রতি যুক্তরাজ্যের গ্রাহকদের ওপর একটি জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারীদের ১৪ শতাংশ বলেছে, তারা মুঠোফোনে বিজ্ঞাপন দেওয়া সমর্থন করে। ৩২ শতাংশ বলেছে, এটা তাদের জন্য বিরক্তিকর একটা ব্যাপার। মুঠোফোনে এমনিতেই অনেক কিছু (গান, সিনেমা, ইন্টারনেট) ঢুকে গেছে। বিজ্ঞাপনটা না হয় বাদই থাকল।বিবিসি অবলম্বনে