মুঠোফোনে এত্ত বিড়ম্বনা!
মুঠোফোন নেই—ভাবতেই অবাক লাগে। যেন থমকে যাবে জীবন। তারহীন ছোট্ট এই যন্ত্রটি যেন জীবনের সঙ্গেই মিশে গেছে। কিন্তু প্রয়োজনের এই অনুষঙ্গ এখন বিড়ম্বনারও কারণ। নুরজাহান-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় সেই বিড়ম্বনার চিত্রই দেখিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূকাভিনয় দল জয়ধ্বনির সদস্যরা। শুরুটা শ্রেণী কার্যক্রম দিয়ে। কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করছেন শিক্ষক। হঠাৎ বেজে উঠল শিক্ষার্থীর মুঠোফোন। মুহূর্তেই ছেদ পড়ল শ্রেণীকক্ষের আলোচনায়। আবার টেবিল টেনিস খেলছেন দুইজন-তীক্ষ দৃষ্টি রাখতে হবে বলের দিকে, কিন্তু খেলার গুরুত্বপূর্ণ সময়ে এসে পড়ল ফোন। পরে দেখা গেল ভুলে মুঠোফোনটা নিয়েই ঢুকে পড়লেন গোসলখানায়। কেমন হবে ভাবুন তো? নিশ্চিত ১২টা বাজবে মুঠেফোনের। এদিকে চারদিকে আগুন। এর মাঝখানেই আপনি। নিশ্চিত বড় বিপদ। সময়টা খুবই গুরুত্বপূর্ণ। দ্রুতই এই জায়গা ছাড়তে হবে। কিন্তু এসে পড়ল ফোন। আবার বিয়ের মন্ত্র পড়াচ্ছেন পুরোহিত। সেখানেও ক্রিং ক্রিং ক্রিং। এখানেই শেষ নয়, বাসর রাতে-বর কনে কাছাকাছি আসছেন, কিন্তু তা আর হতে দিল না মুঠোফোন। প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া নারীরও বিপদ হলো চিকিৎসকের মুঠোফোনের কারণে।গাড়িভর্তি যাত্রী নিয়ে চলছে গাড়ি। সড়কটাও তেমন ভালো না। একটু অসর্তক হলেই সব শেষ। কিন্তু চালক মুঠোফোনে দেদার কথা বলে চলেছেন। ফলে ঘটলো দুর্ঘটনা। এমনকি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায়ও বাধ সাধছে মুঠোফোন। মুঠোফোনে এত্ত বিড়ম্বনা!