মুঠোফোনে কলেজছাত্রীকে উত্ত্যক্ত, যুবক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুতে মুঠোফোনে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল নিজামুল হক নামের এক যুবক। এ নিয়ে ওই ছাত্রীর মা থানায় অভিযোগ করেন। অবশেষে গত ২৬ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ১০ দিনের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেন। নিজামুল হক কক্সবাজার পৌরসভার মধ্যম বাহারছড়ার মৃত গুরা মিয়ার ছেলে। রামু থানার উপপরিদর্শক মো. মিজান জানান, তিন মাস ধরে নিজামুল হক ওই কলেজছাত্রীকে মুঠোফোনে উত্ত্যক্ত করছিল। তাকে ধরতে গিয়ে পুলিশ কয়েকবার ব্যর্থ হয়। পরে কৌশলে ওই ছাত্রীকে দিয়ে ফোন করালে সে দেখা করার জন্য রামু রামকোট বৌদ্ধবিহারে আসে। সেখান থেকে পুলিশ তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, মুঠোফোনে উত্ত্যক্ত করার দায়ে ওই যুবককে জেল-জরিমানা করা হয়েছে।