মুঠোফোনে জিনের আসর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে নতুন প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারকেরা। বিভিন্ন জনের মুঠোফোনে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে প্রতারণা চলছে বেশি। গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে স্বর্ণালংকার ও নগদ টাকা। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিনের (র‌্যাব) সদস্যরা ইতিমধ্যে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন—গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানা এলাকার মিয়ারপাড়ার ইসহাক মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া ও কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে কবির আহমদ। সূত্র জানায়, র‌্যাব প্রতারকদের ব্যবহূত বিভিন্ন মুঠোফোন নম্বর ট্র্যাকিং করে তাঁদের অবস্থান শনাক্ত করে। এতে দেখা যায়, গাইবান্ধা জেলার গৌবিন্দপুর, ফরিদপুর, রংপুর, শরিয়তপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় এসব প্রতারকের অবস্থান। জিনের বাদশা ছাড়াও বিভিন্ন মুঠোফোন কোম্পানির কর্মকর্তা পরিচয় দিয়েও চলছে নানা প্রতারণা। ‘আপনি লটারির মাধ্যমে গাড়ি বা ফ্ল্যাট পুরস্কার পেয়েছেন’—এসব বলে প্রতারণার ফাঁদে ফেলছে মানুষকে। এ প্রসঙ্গে র‌্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ আলী আশফাক শামী বলেন, ‘শুধু জিনের বাদশার নামেই প্রতারণা হচ্ছে তা নয়। পত্র-পত্রিকায় প্রকাশিত নিখোঁজ সংবাদের সূত্র ধরে প্রতারকেরা কৌশলে নিরীহ মানুষকে নিঃস্ব করছে।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিনা কারণে কেউ কাউকে কিছু দিতে চায় না। যখন গোপনীয়তার প্রশ্ন ওঠে তখন অবশ্যই ধরে নিতে হবে কিছু একটা রহস্য রয়েছে। একটি চক্র রয়েছে এদের কাজ হলো বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত নিখোঁজ হওয়া ছেলে-মেয়ে কিংবা চুরি যাওয়া গাড়ির সন্ধান তাঁদের (প্রতারকদের) কাছে আছে বলেও হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা।’র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান বলেন, ‘বেশি লোভ করে বলেই মানুষ প্রতারিত হচ্ছে। যখন কথিত জিনের বাদশা মধুর কণ্ঠে কথা বলে তখন অন্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। এ ক্ষেত্রে সচেতন হতে হবে।’ র‌্যাব-৭ ও চট্টগ্রাম অঞ্চলের গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, একাধিক চক্র এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এঁদের প্রত্যেকের কাছে ১৮-২০টি মুঠোফোনের সিম থাকে। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (উত্তর) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিভিন্ন কৌশলে প্রতারণা চলছে। একটি প্রতারকচক্র রয়েছে যাঁদের কাজের কৌশল হলো, প্রথমে তাঁরা কোনো একটি মুঠোফোন কোম্পানির কর্মকর্তা পরিচয় দেয়। মধুর কণ্ঠে কথা বলে। এ চক্রে মহিলাও আছে।’ তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করে আগ্রাবাদ এলাকার বাসিন্দা একজন মহিলা এ প্রতারক চক্রের ফাঁদে প্রায় ২২ লাখ টাকা হারিয়েছেন—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওই মহিলার কাছে একটি গ্রামীণফোনের নম্বর থেকে গাড়ি (দাম আনুমানিক ৭০ লাখ টাকা) পুরস্কার পেয়েছেন বলে নিবন্ধন ও অন্যান্য আনুষঙ্গিক কাজ করার নামে বিপুল এ টাকা হাতিয়ে নেয়।’ মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) প্রকৌশলী মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মানুষ সচেতন হলে এ ধরনের অপরাধ অনেক কমে যাবে। দেশের প্রায় আন্তজেলা বাস টার্মিনাল, রেল স্টেশনে প্রতারক চক্রের সদস্য রয়েছে। এ চক্রের কিছু সদস্য ভিক্ষুকের ছদ্মবেশে গ্রামের আনাচ-কানাচে ঘুরে বেড়ায়। এরাই বিভিন্ন এলাকার সহজ-সরল ধর্মভীরু মানুষদের আর্থিক অবস্থার তথ্য ও মুঠোফোন নম্বর সংগ্রহ করে প্রতারকদের সদরদপ্তর খ্যাত গাইবান্ধার গৌবিন্দপুর ও শরীয়তপুর এবং রংপুরে অবস্থানরত প্রতারকদের কাছে পাঠিয়ে দেয়। শুধু তাই নয়, প্রতারিত হওয়ার আগে সংশ্লিষ্ট নারী বা পুরুষের ব্যক্তিগত ও পারিবারিক তথ্যও তাঁদের (প্রতারক) দিয়ে দেয়। একপর্যায়ে জিনের বাদশা পরিচয় দিয়ে ওই প্রতারক যখন তাঁর পরিবারের নানা সমস্যার কথা বলে তখন প্রতারিত ব্যক্তির বিশ্বাস জন্মে যায়। ভাবে, তা না হলে সে আমার পরিবারের কথা কীভাবে জানল। এভাবেই চলছে প্রতারণা।’চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ ফাঁদে যাঁরা পড়েন সঙ্গে সঙ্গে আমাদের জানালে আমরা প্রতারণার ফাঁদ থেকে অবশ্যই রক্ষা করতে পারব।’