মুঠোফোনে প্রযুক্তির চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকিয়া ওয়ার্ল্ড ২০১০—মোবাইল ফোনসেট প্রস্তুতকারী ফিনিশ প্রতিষ্ঠান নকিয়ার সবচেয়ে বড় বার্ষিক আয়োজন। এ বছর অনুষ্ঠানস্থল ছিল লন্ডনের এক্সেল সম্মেলনকেন্দ্র। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০০ সাংবাদিক আর আড়াই হাজারের মতো বাণিজ্য অংশীদার জড়ো হয়েছিলেন এই সম্মেলনকেন্দ্রে। সম্মেলনে নকিয়ার বছরব্যাপী কর্মকাণ্ড তুলে ধরা হয়। জানানো হয় নতুন নতুন প্রযুক্তির কথা।অংশগ্রহণকারীদের কাছে বড় আকর্ষণ ছিল ভবিষ্যতে নতুন কী কী পণ্য ও সেবা বাজারে আসছে, তার প্রতি। যথারীতি সে আয়োজন ছিল প্রথম দিনই ১৪ সেপ্টেম্বর।সকাল সাড়ে আটটায় সম্মেলনকেন্দ্রে ঢুকে নিবন্ধন শেষে কফির পেয়ালা হাতে নিয়ে হেঁটে হেঁটে বিশাল এক্সেল হলজুড়ে করা নকিয়ার আয়োজন ঘুরে দেখার সময় সামনে এসে দাঁড়ালেন নকিয়ার এক তরুণ কর্মী। হাতে থাকা একটি মোবাইল ফোনসেট সম্পর্কে জানাতে চান তিনি। সেটটি এখনো বাজারে আসেনি, শিগগিরই আসবে। নকিয়া এন৮ নামের এই ফোনসেট ব্যবহার করে ব্যবহারকারী কী কী সুবিধা পেতে পারেন, তার বিস্তারিত বর্ণনা দিলেন ওই কর্মী। পাশেই নতুন সেটগুলোর প্রদর্শনী ছিল। সেখানেও নকিয়ার কর্মীরা আগ্রহী ব্যক্তিদের বিভিন্ন তথ্য জানাচ্ছিলেন। জবাব দিচ্ছিলেন বিভিন্নজনের বিভিন্ন প্রশ্নের। প্রদর্শনীতে অন্য নতুন সেটগুলোর দাম লেখা থাকলেও এন৮-এর বেলায় তা ছিল না।আর সম্মেলনকেন্দ্রে উদ্বোধনী ও সূচনা বক্তব্যের পরই দীর্ঘ উপস্থাপনা হয় নকিয়ার এন৮সহ চারটি নতুন ফোনসেটের। একেবারে মজমার মতো করেই করা হলো নতুনের গুণকীর্তন। নকিয়া এন৮-এর সঙ্গে নকিয়া ই৭, নকিয়া সি৭ আর নকিয়া সি৬ মিলে গড়বে সিমবিয়ান অপারেটিং সিস্টেমের সমৃদ্ধ পরিবার। এসব সেটে থাকবে ২৫০টি সুবিধা, যা এই ফোন ব্যবহারকারীরা উপভোগ করবেন। নকিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (বিপণন) নিকোলাস সাবান্ডার ঘোষণা করলেন, বছর শেষ হওয়ার আগেই এই সেটগুলো বাজারে আসবে। এরই মধ্যে নকিয়া এন৮ অনলাইনে ব্যাপক সাড়া পেয়েছে।নকিয়া এন৮: একে বলা হচ্ছে আলটিমেট স্মার্ট ফোন এবং উৎকৃষ্ট ক্যামেরা ফোন। কারণ, এই ফোনসেটে থাকছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। কার্ল জেইস অপটিক আর জেনন ফ্লাশ সংযুক্ত থাকায় কম আলোতেও বড় ছবি তোলা যাবে। করা যাবে ভিডিওচিত্র ধারণ ও সম্পাদনা।১৬ গিগাবাইট মেমোরির এই সেটে গান, ছবি, লেখালেখি—এসবের সহজ ব্যবহারের সুযোগ তো থাকছেই। উপভোগ করা যাবে হাই ডেফিনেশন ভিডিও। থাকবে আরও সমৃদ্ধ অভি স্টোর, জনপ্রিয় ও অনন্য প্রয়োগের প্রযুক্তি ও গেমস। থাকছে এইচডিএমআই সংযোগ, যা দিয়ে টেলিভিশন ও প্রজেক্টরে ছবি দেখানো যাবে। এতে ভিডিও দেখা যাবে, গানও শোনা যাবে। ডলবি ডিজিটাল প্লাস প্রযুক্তির কারণে শব্দ শোনা যাবে পরিষ্কার। এই সেটে তিনটি হোমস্ক্রিন থাকবে এবং তিন ধরনের কাজের জন্য তা ব্যবহার করা যাবে। এখান থেকে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক, টুইটারের হালনাগাদ জানা যাবে। এই সেটে ওয়েব টিভিসহ বিবিসি-সিএনএনের মতো নিজের পছন্দের চ্যানেল দেখা যাবে। থাকবে বিশ্বের যেকোনো শহরে হেঁটে বা গাড়িতে চলাচলের জন্য ভয়েস গাইডেড নেভিগেশন সিস্টেম। বিনা মূল্যের অভি ম্যাপ ব্যবহারকারীকে বলে দেবে, তিনি কীভাবে নির্ধারিত গন্তব্যে যাবেন। ব্যাটারির চার্জ থাকবে ১৫ থেকে ১৬ দিন (স্ট্যান্ডবাই)।নকিয়া ই৭: নকিয়া এন৮-এর পর পাতলা চমৎকার একটি সেট পকেট থেকে বের করলেন উপস্থাপক। তিনি বললেন, এটি হচ্ছে আপনার মোবাইল অফিস। ১৬ গিগাবাইট মেমোরির এই সেট থেকে ই-মেইল চালাচালি করা যাবে, একই সঙ্গে থাকবে ব্যক্তিগত ও দাপ্তরিক ই-মেইল দেখার সুযোগ, লাইভ আপডেট জানা যাবে ফেসবুক আর টুইটারের, সঙ্গে আছে এসএমএস চ্যাট করার সুবিধা।আছে ভাঁজ করা যায়, এমন চার ইঞ্চি স্ক্রিন। থাকবে আট মেগাপিক্সেল ক্যামেরা আর ভিডিও দেখার সুবিধা, ইউটিউব থেকে সরাসরি অথবা ইন্টারনেটে প্রকাশ করে ভিডিও দেখার সুবিধা।ব্যবসায়িক নিরাপত্তা আর ভ্রমণ বিষয়ে বিভিন্ন প্রাযুক্তিক সুবিধাও পাওয়া যাবে এতে। অভি মানচিত্রসহ বিনা মূল্যের জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম)। তথ্যের নিরাপত্তা, কণ্ঠস্বর চেনার (ভয়েস রিকগনিশন) ও বিনোদনের অনেক প্রোগ্রামই আছে এতে।সিমবিয়ান অপারেটিং সিস্টেমে ২৫০টি সুবিধা আছে এতে। ব্যাটারির চার্জ থাকবে ১৮ থেকে ২০ দিন (স্ট্যান্ডবাই)।নকিয়া সি৭: পলিশ করা স্টেইনলেস স্টিল আর কাচের তৈরি নান্দনিক নকশার এই সেটটিতেও সাড়ে তিন ইঞ্চির পর্দাকে তিনটি আলাদা হোমস্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে। সিমবিয়ান পরিবারের সদস্য হিসেবে স্পর্শকাতর পর্দা (টাচ স্ক্রিন) এই সেটে থাকছে। আর আছে ২৫০টিরও বেশি সুবিধা, অভি স্টোরের বাইরে আরও প্রোগ্রাম। আট মেগাপিক্সেল ক্যামেরায় উৎকৃষ্টমানের ছবি তোলার ব্যবস্থা, ন্যাশনাল জিওগ্রাফি, সিএনএন, বিবিসসহ ওয়েব টিভি দেখার সুবিধা, নকিয়া মিনি স্পিকারে গান শোনার মতো বিনোদনের সুযোগও থাকছে এই সেটে।মানচিত্রসহ ফ্রি জিপিএস যুক্ত থাকায় সবচেয়ে সুবিধাজনক রাস্তায় ব্যবহারকারী তাঁর গন্তব্যে পৌঁছাতে পারবেন। আজীবন বিনা মূল্যে এই ভয়েস গাইডেন্সের সঙ্গে নিজের কণ্ঠস্বরও ধারণ করা যাবে এবং তা ফেসবুকে অন্যদের সঙ্গে ভাগাভাগি করা যাবে। এর মাধ্যমে পছন্দমতো খাবারের দোকান, বাস ও রেলস্টেশনের খোঁজ মিলবে। মেমোরি আট গিগাবাইট। ব্যটারির চার্জ থাকবে ২৩ থেকে ২৭ দিন (স্ট্যান্ডবাই)।নকিয়া সি৬: তিনটি হোম স্ক্রিন, ফেসবুক ও টুইটার থেকে সরাসরি বার্তা পাওয়া, টাচ স্ক্রিন, ইউটিউবে ছবি-ভিডিও প্রকাশ করা, অভি স্টোর-মিউজিক-মেইল-মানচিত্র, আট মেগাপিক্সেল ক্যামেরা, এফএম রেডিও, ৩৪০ মেগাবাইট ইন্টারনাল মেমোরির সঙ্গে ৩২ গিগাবাইট মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা আছে এই সেটে। ব্যাটারির চার্জ থাকবে ১৭ থেকে ১৫ দিন (স্ট্যান্ডবাই)। তবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্কব্যবহার করলে চার্জ থাকবে পাঁচ দিন।