মুঠোফোনে প্রসূতি ও নবজাতকের জন্য পরামর্শ
প্রসূতি ও নবজাতকের জন্য এবার মুঠোফোনে পরামর্শ পাওয়া যাবে। পরীক্ষামূলকভাবে চলছে এ কার্যক্রম। এ বছরে জুনে এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে জানা গেছে। ইতিমধ্যে অনেকেই এর সুবিধা পাচ্ছেন। এ সেবা কর্মসূচির নাম মামা (মোবাইল অ্যালায়েন্স ফর মেটারনাল অ্যাকশন)। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর অ্যাকসেস টু ইনফরমেশন এ কার্যক্রম হাতে নিয়েছে। ইউএসএআইডির (ইউনাইটেড স্টেটস অ্যাজেন্সি ফর ইন্টারন্যশনাল ডেভেলপমেন্ট) অর্থায়নে কার্যক্রম বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আপনজন। আগামী তিন বছরের মধ্যে প্রায় পাঁচ লাখ প্রসূতি ও নবজাতককে এই সুবিধার আওতায় আনা হবে বলে জানা গেছে। যেসব তথ্য জানা যাবে: গর্ভকালীন ও নবজাতকের যত্নবিষয়ক তথ্য, গর্ভকালীন পরামর্শ, বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব, পরিবার-পরিকল্পনাসংক্রান্ত পরামর্শ, গর্ভবতী ও নবজাতকের টিকার সময় ইত্যাদি। নিবন্ধন পদ্ধতি: শুধু গ্রামীণফোনের মাধ্যমে বর্তমানে পরীক্ষামূলকভাবে এটি চালু রয়েছে। গর্ভবতী অথবা নবজাতকের মায়েরা গ্রামীণফোন থেকে ১৬২২৭ নম্বরে ডায়াল করে নিবন্ধন করুন। এরপর প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। নিজস্ব প্রতিবেদক