মুঠোফোনের আদবকেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নীরব কোনো অফিসে ঢুকেছেন। ঠিক এমন সময় আপনার মুঠোফোনটা বেজে উঠল। কেমন বিব্রতকর অবস্থা হবে, ভাবুন তো?অথবা ধরুন, আপনি কোনো পাবলিক বাসে চড়ছেন আর মুঠোফোনে গল্প করছেন চিৎকার করে। অন্য মানুষগুলো কী ভাববে তখন? স্থানভেদে মুঠোফোনের আদবকেতা নিয়ে বলেন করপোরেট কোচের প্রধান নির্বাহী কর্মকর্তা যিশু তরফদার। তিনি বলেন, মুঠোফোনে যদি অপরিচিত কোনো নম্বর থেকে কল আসে, তাহলে ফোন ধরেই তাঁকে শুভেচ্ছা জানানো উচিত। এরপর তাঁর পরিচয় জানতে চাইতে পারেন। অফিস সময়ে যদি কাউকে ফোন করেন, তাহলে তাঁর মোবাইলের বদলে অফিসের নম্বরেও করতে পারেন। বিশেষ কোনো ব্যক্তিকে ফোন করার আগে আপনার পরিচয় দিয়ে, অনুমতি চেয়ে এসএমএস করে নিতে পারেন। কোনো মিটিংয়ে থাকলে মোবাইল ফোন সাইলেন্ট করে বা বন্ধ রাখতে পারেন। আজকাল মোবাইল ফোন কোম্পানিগুলো মিসড কল অ্যালার্ট সার্ভিস দেয়। এতে ফোন বন্ধ রাখলেও পরে জানতে পারবেন এই সময়ে কোনো ফোন এসেছিল কি না। কেউ ফোন না ধরলে বারবার ফোন করে বিরক্ত করবেন না। আপনার প্রয়োজন জানিয়ে এসএমএস করে রাখুন। ফোন করার আগে কোন সময়ে করছেন তা খেয়াল রাখুন। রাত হয়ে গেলে বা অফিসের সময় পেরিয়ে গেলে অল্প পরিচত কাউকে ফোন না করাই ভালো।অনেক শব্দের মধ্যে কথা না বলাই ভালো। নীরব স্থানে কথা বলুন, এতে কলার বা আপনি দুজনই ঠিকমতো বুঝতে পারবেন। লক্ষ রাখুন, আপনি কোথায় কথা বলছেন। আপনার পাশের ব্যক্তি বিরক্ত হচ্ছে কি না খেয়াল করুন। কোনো ব্যাংকে গেলে মোবাইল নিঃশব্দ করে রাখুন। বাসের মধ্যে জরুরি না হলে কথা বলা থেকে বিরত থাকুন। ভাষা ব্যবহারে পরিবেশ বুঝে নিয়ে কথা বলুন। গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলা ঠিক না। এতে দুর্ঘটনা ঘটতে পারে। পারতপক্ষে কাউকে মিসড কল দেবেন না। সামাজিক কোনো অনুষ্ঠানে গেলে বা অনেক মানুষের মধ্যে যত অল্প কথায় মুঠোফোনের আলাপ শেষ করা যায়, ততই ভালো। নতুন কারও সঙ্গে কথা বলতে সঠিকভাবে সম্বোধন করাটা জরুরি। কারও সামনে বসে কথা বলছেন, ঠিক তখন ফোন এল, কোনটা গুরুত্বপূর্ণ ঠিক করে নিয়ে সেটাকে প্রাধান্য দিন। সামনের জনের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা থাকলে ফোন ধরে একটু পরে ফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সময় নির্ধারণ করে দিন। এতে সামনের ব্যক্তি তার কথা সে সময়ের মধ্যে শেষ করবে। দূরের যাত্রাপথে মোবাইলে পর্যাপ্ত টাকা ভরে নিন। কারও সঙ্গে কথা বলতে আগে গুছিয়ে নিন। অযথা বকবক না করা ভালো। রিংটোন বা স্ক্রিনে ছবি রাখলে সেটা যেন মার্জিত হয়, খেয়াল রাখুন। শান্ত-স্নিগ্ধ টোন ব্যবহার করুন। মোটকথা, মুঠোফোন ব্যবহারে নিজের সতর্কতা বজায় রেখে চলা জরুরি। মুঠোফোনে কথা বলা যেমন জরুরি, তেমনি জরুরি এর সঠিক ব্যবহার। না হলে অতি সাধের মুঠোফোনটি বিরক্তির কারণ হয়ে দেখা দিতে পারে। মুঠোফোনের ছোটখাটো কিছু বিষয়ে সচেতন থাকলে মুঠোফোনটি ভাল থাকবে। এ নিয়ে নকিয়ার হেড অব মার্কেটিং মাজিদ রিজওয়ান মতিন বলছিলেন, মোবাইল ফোন কেনার সময় অবশ্যই এর সঙ্গে একটা কভার বা ঢাকনি কেনা উচিত। এতে করে মোবাইল ফোন নিরাপদ থাকে। অনেক সময় হাত ফসকে পড়ে গেলেও কম ক্ষতি হয়। পানির কাছাকাছি বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের ভেতর থেকে বেরোলে অনেক সময় মুঠোফোন ঠান্ডা হয়ে এর কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই এ সময় বেরিয়ে তা আলতো করে মুছে নিতে পারেন। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে ওই কোম্পানির নিজস্ব স্টোরে ঢুকে নামানো উচিত। যেহেতু এটা একটা যন্ত্র, তাই যেখানে সেখানে ছুড়ে ফেলা উচিত নয়। অনেকে এক কোম্পানির মোবাইলে অন্য ব্যাটারি ব্যবহার করে। এতে মুঠোফোনের কার্যক্ষমতা কমে যেতে পারে। মুঠোফোনের ফাঁকা স্থান দিয়ে ঘাম বা ময়লা ঢুকলে তা পরিষ্কার কাপড়ের সাহায্যে তুলে নিন। তবে টিস্যু বা তুলা ব্যবহার না করাই ভালো। অকারণে বাটন না চাপা ভালো। আর এভাবেই আপনার অতি প্রিয় মুঠোফোনের মাধ্যমে আপনি এর সঠিক ব্যবহার নিশ্চিত করে নিজেকে রুচিবান বলে প্রমাণ করতে পারেন।