মুঠোফোনের নতুন প্রযুক্তি নতুন সেবা
ব্যাংকক (থাইল্যান্ড) ঘুরে এসেব্যাংকক, নামটা শুনলেই মনের চোখে ভেসে ওঠে দিনে ঝা চকচকে আর রাতে আলো-ঝলমল এক শহরের ছবি। থাইল্যান্ডের এই রাজধানীতে প্রযুক্তির চমক নিয়ে দারুণ এক আয়োজন করেছিল নকিয়া। এ আয়োজনে বিশ্বের সবচেয়ে বেশিমোবাইল ফোনসেট নির্মাতা নকিয়া দেখিয়েছে প্রযুক্তির নতুন চমক, জানিয়েছে বেশ কিছু নতুন সেবার কথা। ‘নকিয়া শোকেস ২০১০’ নামের দুই দিনের এই প্রদর্শনী হয়েছে ব্যাংককের চাওফোরিয়া নদীর পাড়ে, একটি ওয়্যারহাউসে। ২২ ফেব্রুয়ারি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার আটটি দেশের ১৫০টি গণমাধ্যমের কর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে নকিয়ার দক্ষিণ-পূর্ব এশিয়ার বিপণন বিভাগের প্রধান ক্রিস কার ‘নকিয়া এন-৯০০’ ফোনসেটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। চলতি মাসেই বাজারে আসছে এই সেট। এ ছাড়া চলতি মাসে বাজারে আসা জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) প্রযুক্তিসহ নকিয়ার মোবাইল ফোনসেটগুলোর জন্য বেশ কয়েকটি সেবার ঘোষণা দেওয়া হয়েছে।এ আয়োজনে নকিয়ার ইন্টারনেটভিত্তিক সেবা ওভি মেইল, মিউজিক স্টোর ও নকিয়া ম্যাপসের অভাবনীয় সাফল্য তুলে ধরে এক প্রতিবেদন প্রকাশ করেন ক্রিস কার। তিনি জানান, বর্তমানে নকিয়ার ওভি মেইলে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম—এমার্জিং এশিয়ায় এই তিনটি দেশ এগিয়ে রয়েছে। এই তিন দেশেই ওভির বাজার খুব ভালো। ফলে নকিয়া এসব দেশে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মোবাইল ফোনসেট বাজারে আনার পরিকল্পনা করেছে। সাফল্যের ধারাবাহিকতায় নকিয়া আরও কিছু পদক্ষেপ নিয়েছে, যা আগামী দিনের মোবাইল ফোনসেটের বাজারকে এক ধাপ এগিয়ে নেবে। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ওভি শেয়ার, ওভি মেইল, ওভি ম্যাপস এবং ওভি মিউজিক স্টোরের সম্প্রসারণ। ওভি শেয়ারনকিয়ার ওভি স্টোর থেকে প্রতিদিন সারা পৃথিবীতে ১০ লাখেরও বেশি সফটওয়্যার, গেম, গান ইত্যাদি নামানো (ডাউনলোড) হচ্ছে। এ ছাড়া বাংলাদেশের নকিয়া ফোনসেট ব্যবহারকারীদের মধ্যে প্রায় ১০ লাখ মানুষ নকিয়া মেইল ব্যবহার করছে। ক্রমেই বাড়ছে ওভি শেয়ার ও ওভি মেইল ব্যবহারকারীর সংখ্যা।ওভি ম্যাপসঅচেনা অজানা শহরে মানচিত্র দিয়ে পথের দিশা দিতে নকিয়া ইন্টারনেটে রেখেছে ওভি ম্যাপস। হেঁটে বা গাড়িতে চড়ে বিশ্বের ৭৪টি দেশে নকিয়ার পথ দেখানোর এই নির্দেশিকা এখন পর্যন্ত ইন্টারনেট থেকে নামানো ৩০ লাখেরও বেশি বার। এ হিসাব ১৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত। বিশ্বের মোট ৪৬টি ভাষায় এই মানচিত্রসহ কথার নির্দেশিকা তৈরি করেছে নকিয়া। যদিও এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ডিজিটাল ম্যাপ তৈরি হয়নি। নকিয়ার শীর্ষ পর্যায় থেকে জানা গেছে, অচিরেই বাংলাদেশে ওভি ম্যাপস সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।ওভি মিউজিকবিনা মূল্যে ৫০০টি গানসহ ৯০ লাখেরও বেশি গান আছে ওভি মিউজিক স্টোরে। সারা বিশ্বে এর রয়েছে ৩৩টি বাজার। প্রতিদিন নকিয়ার মিউজিক স্টোর থেকে গান সংগ্রহের হারও বেড়েছে প্রত্যাশার চেয়ে বেশি। ইতিমধ্যেই বাংলাদেশের বাজারের জন্য বাংলাদেশি গান রাখার কাজ শুরু হয়েছে। এক প্রশ্নের জবাবে নকিয়ার কর্মকর্তারা জানান, এখনো বাংলাদেশে অনলাইনে কেনাকাটার সুযোগ না হওয়ায় ওভি মিউজিক স্টোরের কাজ একটু পিছিয়ে পড়েছে। ভেতরের গল্প দুই দিনের নকিয়া শোকেসে সবচেয়ে আকর্ষণীয় ছিল ‘নকিয়ার ইনসাইড স্টোরি’ পর্বটি। এই পর্বে নকিয়ার ডিজাইন রহস্য, আইকন তৈরির পেছনের গল্প ও মানচিত্র নির্মাতাদের অভিজ্ঞতা জানা যায়। নকিয়ার ডিজাইন-প্রধান নিকি বার্টন, ম্যাপস-প্রধান জুকা হোসিও, আইকন-নির্মাতা দলের প্রধান রবার্ট উইলিয়ামসসহ আরও কয়েকজন জানান, কীভাবে নকিয়ার ফোনসেটগুলোর ভেতর ও বাহির দৃষ্টিনন্দন হয়ে উঠছে। রবার্ট উইলিয়ামস জানান, কীভাবে নকিয়ার একেকটি আইকন তৈরি হয়। বিশ্ব সংস্কৃতির আইকনোগ্রাফির এক বর্ণিল উপস্থাপনার মাধ্যমে তিনি বিশ্লেষণ করেন মোবাইল সফটওয়্যারে ব্যবহার করা আইকনগুলো তৈরি হওয়ার গল্প। নিকি বার্টন জানান, প্রাত্যহিক জীবনের অংশ মোবাইল ফোনসেটটির সফটওয়্যার ও হার্ডওয়্যারের নকশায় বিশ্বের বিভিন্ন দেশের মানুষের অভ্যাস ও আচরণগুলো বোঝার চেষ্টা করা হয় প্রথমেই। এ জন্য কাজ করছেন একদল গবেষক। একদিকে আঞ্চলিক সংস্কৃতি, অপরদিকে বৈশ্বিক প্রবণতা—সবকিছু মিলিয়েই তৈরি হয় নকিয়ার একেকটি মোবাইল ফোনসেট। যে কারণে সহজেই যে কেউ নকিয়ার যেকোনো মোবাইল ফোনসেট ব্যবহার করতে পারছেন। জুকা হোসিও নকিয়ার চমকপ্রদ সেবার তথ্য জানান। মার্চ থেকে আসা জিপিএস প্রযুক্তিযুক্ত মোবাইল ফোনসেটগুলোর জন্য আসছে ওভি ম্যাপস। যে কেউ ইন্টারনেট থেকে নামিয়ে নিতে পারবেন মানচিত্র। ৪৬টি ভাষায় ৭৪টি দেশের এই মানচিত্রগুলোর মাধ্যমে যে কেউ ওই দেশগুলোর বিভিন্ন শহরের জাদুঘর, বাজারঘাটসহ গুরুত্বপূর্ণ যেকোনো স্থানের অবস্থান জানতে পারবেন। একজন দক্ষ ট্যুরিস্ট গাইডের মতো পথ দেখাবে হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনসেটটি। চলতি পথে এর জন্য কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজনও হবে না। টাকাও পাঠানো যায়ভারতের পুনায় চালু হওয়া নকিয়া মানি সম্পর্কে ক্রিস কার জানান, নকিয়া মানির মাধ্যমে স্বল্প আয়ের মানুষজন মোবাইল ফোনসেটের মাধ্যমে সহজেই প্রিয়জনদের কাছে টাকা পাঠাতে পারবেন। এর জন্য স্থানীয় সরকার ও মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সাহায্য নেবে নকিয়া। এই সেবা কার্যকরের জন্য বাংলাদেশকেও বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া অচিরেই বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য নকিয়া লাইফটুলস আসছে বলে জানালেন ক্রিস কার ও বাংলাদেশে নকিয়া এমার্জিং এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক প্রেম চাঁদ। এই লাইফটুলসের মাধ্যমে বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষের জন্য মোবাইলে প্রয়োজনীয় তথ্য ও স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এ বছরের প্রধান সাফল্য হিসেবে নকিয়া তাদের ওভি স্টোর, ওভি মেইল, ওভি ম্যাপসের পাশাপাশি লাইফটুলস ও নকিয়া মানিকে গুরুত্ব দিচ্ছে। শুধু টেলিযোগাযোগই নয়, গ্রাহকের আঞ্চলিক সংস্কৃতিকে প্রধান্য দিয়ে সব প্রয়োজন সমাধানের জন্য মোবাইল ফোনসেটই হবে একমাত্র যন্ত্র।