বাড়িঘরে এখনো বন্যার পানি। অনেক ঘরেই চুলা জ্বলেনি গত এক সপ্তাহ। সরকারি সহায়তা এলেও তা যৎসামান্য। শুকনো মুড়ি-চিড়া খেয়েই খিদে মেটাচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কয়েক লাখ বানভাসি মানুষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতকানিয়া উপজেলার ৯০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তত চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন এলাকার দেড় হাজার বাড়িঘর পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০০টি বাড়ি ডলু ও শঙ্খ নদে বিলীন হয়ে গেছে।
প্রায় চার লাখ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ পর্যন্ত সরকার মাত্র অর্ধলক্ষ টাকা ও কিছু চাল বরাদ্দ দিয়েছে। এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সরকারিভাবে ২১ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বিলি করা হয়েছে। আরও বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
৩ আগস্ট উপজেলার নলুয়া, আমিলাইশ ও চরতি ইউনিয়নে গিয়ে দেখা যায়, বন্যার কারণে বেশির ভাগ ঘরেই চুলা নষ্ট হয়ে গেছে। শুকনো খাবার খেয়েই দিন কাটছে তাঁদের। এসব এলাকার কেউ কেউ ত্রাণ পেলেও অধিকাংশ লোকজনই পাননি বলে জানান।
বন্যায় ক্ষতিগ্রস্ত নলুয়া ইউনিয়নের তেলবাড়ির জবির হোসেন (৫২) ও বুলু আক্তার (৩৮) অভিযোগ করে বলেন, ভোটের সময় এলে নেতারা ঘরে ঘরে এসে এলাকাবাসীর কল্যাণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু এ বন্যায় কোনো জনপ্রতিনিধি তাঁদের কাছে আসেননি।
উপজেলার আমিলাইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী ও বাজালিয়া ইউপির চেয়ারম্যান নুরুল আমিন সিকদার বলেন, পুরো ইউনিয়ন বন্যার পানিতে ডুবে গিয়েছিল। অনেক গ্রামবাসী নয় দিন ধরে পানিবন্দী জীবন কাটিয়েছেন।
কিন্তু ক্ষতিগ্রস্ত বিপুলসংখ্যক মানুষের জন্য দুই-আড়াই মেট্রিক টন চাল অপ্রতুল। তবে ব্যক্তিগত তহবিল থেকে বন্যার্ত লোকজনকে সাধ্যমতো সাহায্য করা হয়েছে বলে তাঁরা জানান।