মুদ্রাদোষ মন্দ নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের মধ্যে থাকলেও কেউ কেউ পা নাচান। আবার কেউ অকারণে উসখুস করেন। জুতাজোড়া বারবার খোলেন, আবার পায়ে দেন। কেউ আবার বারবার নিজের চুলে হাত দেন। নাক-মুখে নানা রকমের ভঙ্গি করেন নিজের অজান্তে।
এসব ব্যাপার অভ্যাসে দাঁড়িয়ে গেলে তার নাম হয় মুদ্রাদোষ। এটাকে অনেকে ভালো চোখে দেখেন না। কিন্তু যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা জানিয়েছেন, মুদ্রাদোষ মন্দ নয়, বরং স্বাস্থ্যের জন্য ভালো। তাঁদের গবেষণা অনুযায়ী, পা নাচানো বা অকারণ নড়াচড়ার মতো অভ্যাসগুলো মানুষের শরীরের রক্ত সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক।
আধুনিক জীবনযাত্রাটাই এমন যে মানুষকে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। অফিসের মিটিং, গাড়ি বা বিমানে চড়ে দূরপাল্লার যাত্রায় বসে থাকা ছাড়া উপায় কী? আবার কখনো একটানা লম্বা সময় ধরে কাজ করতে গিয়ে অনেকে ভুলে যান, ঠিক কতক্ষণ ধরে বসে আছেন। গবেষণায় দেখা যায়, মানুষ এখন দিনে গড়ে ৮ থেকে ১০ ঘণ্টাই বসে পার করে দেয়। এ সময় শরীর, বিশেষ করে পা জোড়া, খুব কমই নড়ে।
মাংসপেশির এ রকম নিশ্চলতার পরিণাম স্বাস্থ্যের জন্য ভালো নয়। এ ধরনের জীবনযাত্রার প্রভাবে শরীরের ওজন বেড়ে যেতে পারে। হতে পারে ডায়াবেটিসের মতো জটিল অসুখ। কারণ, অনড় মাংসপেশিগুলো রক্ত থেকে পর্যাপ্ত শর্করা টেনে নেয় না। এতে রক্তে চিনির পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে। তবে একটানা বসে থাকার তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াটা সবচেয়ে বেশি দেখা যায় তা হলো রক্তসংবহনে জটিলতা। এ সমস্যা এড়ানোর সহজ উপায় হলো আসন থেকে বারবার ওঠা ও নড়াচড়া করা। এতে পায়ের মাংসপেশিগুলো সচল হয় এবং রক্তপ্রবাহ ঠিক থাকে।
এ বিষয়ে একটি প্রতিবেদন দ্য আমেরিকান জার্নাল অব ফিজিওলজি: হার্ট অ্যান্ড সার্কুলেটরি ফিজিওলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষক দলটির প্রধান কলম্বিয়ায় অবস্থিত মিজৌরি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও শরীরচর্চা বিভাগের শিক্ষক জম প্যাডিলা বলেন, কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন লোকজন উঠে দাঁড়ানোর ফুরসত পর্যন্ত পায় না। এ ক্ষেত্রে বসে থাকা অবস্থায়ও শরীরের নিচের অংশ বা পা নাড়াচাড়া করলে মাংসপেশিকে অনেকটা সক্রিয় রাখা সম্ভব। তাই এ ধরনের অভ্যাস যাঁদের আছে, তাঁরা নিঃসন্দেহে কিছুটা বাড়তি সুবিধা পান।
কাজেই অফিসের জরুরি সভা বা কাজে আটকে গিয়ে অনেকক্ষণ হাঁটতে না পারলে পা নাচান। গোড়ালি এপাশ-ওপাশ করুন। যেকোনো উপায়ে পা জোড়াকে চালু রাখুন। সেটা খুব হালকা গতিতে হলেও চলবে। সহকর্মীরা বিরক্ত হলে নেপথ্যের কারণটা বলুন। স্বাস্থ্যঝুঁকির ব্যাপারটা তাঁরা নিশ্চয়ই আমলে নেবেন।