মুনমুন চন্দ্রকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার লিটল জুয়েলস স্কুলে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেটা ১৯৯৪ সাল। ছয় কি সাত বছর বয়সী এক মেয়ে উঠে পড়ল মঞ্চে। পরনে শাড়ি, মাথার অবাধ্য চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো। মাউথপিসটা নিল সে দ্বিধাহীন হাতে। বলতে শুরু করল জড়তা ছাড়াই, ‘এবার গান করবে রুমানা মালিক মুনমুন।’ দর্শক সারিতে নীরবতা। মুনমুন নামের কেউ আর মঞ্চে উঠল না। খুদে উপস্থাপক নিজেই গাইতে শুরু করল একটি ছড়াগান! কারণ, উপস্থাপক ও ছড়াশিল্পী একজনই। সেদিন গানে প্রথম হয়েছিল মুনমুন। ক্লাসেও প্রথম—সব মিলিয়ে দারুণ একটা দিন তার জন্য। সবার মুখেই বাহবা, তুমুল হাততালি!মুনমুন এখন অনেক বড়। মঞ্চের সামনে বসে থাকা দর্শকের কাছ থেকে সেই আগের মতোই বাহবা ও হাততালি পান এখনো। এখনো সেই ছেলেবেলার মতো জড়তাহীন উপস্থাপনায় মুগ্ধ করেন সবাইকে। কখনো কি ভেবেছিলেন উপস্থাপক হিসেবেই এই পরিচিতি জুটবে? মুনমুন পাদপ্রদীপের আলোয় এসেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সিঁড়ি বেয়ে। এই সিঁড়ি ধরে অধিকাংশ প্রতিযোগীই বেছে নিয়েছেন মডেলিং পেশা। মুনমুন কী বলেন? ‘কখনো ভাবিনি তা। অভিনয়ই করতে চেয়েছি। এখনো অভিনয় করতে ভালো লাগে। তবে দর্শক হয়তো আমার উপস্থাপনা পছন্দ করেন—তাই আজ আমি এই জায়গায়।’ মুনমুন বিশ্বাস করেন, তিনি যা করছেন, তা যদি সবার ভালো লাগে এবং এ কারণে তাঁকে সবাই অনুসরণীয় ভাবে—এটা তাঁর জন্য বড় পাওয়া। সে ক্ষেত্রে উপস্থাপনায় মুনমুন সেই অবস্থানটি তৈরি করতে পেরেছেন সন্দেহ নেই। কী কী করলেন এই ছয় বছরে? ছয় বছর বলতে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পরের ছয় বছরে। ২০০৭ সাল থেকেই তাঁকে দেখা গেল ওই একই মঞ্চে, উপস্থাপক হিসেবে। সেটা চালিয়ে গেলেন ২০১২ সাল পর্যন্ত। পাশাপাশি নাম লেখালেন বাংলাভিশনে ‘আমার আমি’ অনুষ্ঠানটিতে। তবে মুনমুন জানিয়ে রাখলেন, তাঁর উপস্থাপক ক্যারিয়ারের গোড়াপত্তন আরও আগে। ১৯৯৯ সালের দিকে চ্যানেল আইয়ে ‘ট্রাভেলারস ট্রাভেল শো’ নামের এক অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু। এরপর একুশে টিভিতে ‘চিপস অ্যান্ড বাইটস’ নামের আরেকটি অনুষ্ঠানেও উপস্থাপনা করেছেন। তারও আগে টিভিতে প্রথম পা রেখেছিলেন মোস্তাফিজুর রহমানের একটি নাটক দিয়ে। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন বাদল রহমানের ছানা ও মুক্তিযুদ্ধ ছবিটিতে। এ তো গেল গোড়ার কথা। মুনমুন উপস্থাপক হিসেবে নিজের জায়গাটা পোক্ত করলেন এরপর বিবিসি বাংলার ‘মজায় মজায় ইংরেজি শেখা’ অনুষ্ঠানটি দিয়ে। ক্যারিয়ারে যুক্ত হলো ‘স্পেলিং বি’ অনুষ্ঠানের নাম। এ ছাড়া এর মাঝে টেলিভিশনের টুকটাক নানা স্বাদের অনুষ্ঠান তো ছিলই। টেলিভিশনের বাইরের নানা অনুষ্ঠানে উপস্থাপনাও চলেছে সমানতালে। এখন যেকোনো বড় মাপের অনুষ্ঠান উপস্থাপনায় মুনমুনের নামটি অনিবার্য।মুনমুন ছেলেবেলায় নাচ শিখেছেন বুলবুল ললিতকলা একাডেমি থেকে, গানের তালিম নিয়েছেন তরঙ্গ ললিতকলা কেন্দ্রে। মুনমুন বলছিলেন, ‘চাইলেই তো এক দিনে ভালো কিছু করা যায় না। কোনো কিছু শেখার ব্যাপারে আমার আগ্রহ ছিল সব সময়। আমি এসব অভিজ্ঞতারই মিশ্রণ করি উপস্থাপনার সময়। একটি অনুষ্ঠান উপস্থাপনা করার আগে অনুষ্ঠানের বিষয়, প্রতিষ্ঠানটি সম্পর্কে জেনে নিই ভালোভাবে। এরপর আসে আমার বাচনভঙ্গি, উচ্চারণ ও উপস্থিত বুদ্ধির ব্যাপারগুলো। অপরাহ উইনফ্রে, অমিতাভ বচ্চন ও ডেভিড লেটারম্যানের উপস্থাপনা দেখি। এঁদের উপস্থাপনা থেকে অনেক কিছু শেখার আছে।’ ছেলেবেলা থেকেই যে এত কিছুর সঙ্গে যুক্ত, পরিবারের কার ভূমিকা এ ক্ষেত্রে অগ্রণী ছিল? ‘আজ আমি এত দূর এসেছি আমার মা জাহান আরা মালিকের কারণেই।’ বলতে বলতে কেঁদে ফেললেন মুনমুন, ‘মা মারা গেছেন ২০০৪ সালে, তখন আমি সবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন মা। যে রাতে আমাদের ছেড়ে চলে গেলেন, সে রাতে হাসপাতালে আমি মায়ের কাছেই ছিলাম। আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে কাছে ডেকে বললেন, “এমন এলোমেলো হয়ে আছ কেন! চুলটা আঁচড়ে এসো!” মুনমুন মনে করেন, মায়ের মতো তিনিও শক্ত মানসিকতার। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সময়ও সেটা উপলব্ধি করেছেন। যেকোনো কিছু করার আগে কখনোই ঘাটতি পড়েনি আত্মবিশ্বাসের। সম্প্রতি সংসার পেতেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তওফিক হোসেনের সঙ্গে। ইচ্ছে হলেই ঘুরে আসেন বাবা মো. আবদুল মালিকের কাছ থেকে। বড় দুই বোনের ঘরে আছে চার ভাগনে-ভাগনি—চমৎকার সময় কাটে তাদের সঙ্গেও। মুনমুন বললেন, ‘আমি যা-ই করি না কেন, দেশটাকে ভালোবাসতে হবে সবার আগে। দেশ ভালো থাকলে আমি ভালো থাকব।’