মুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন রিকশায় বসে গল্পে মেতে থাকা মেয়ে দুটির দিকে তাকাতে গিয়ে রাস্তায় জমে থাকা কাদাপানিতে পা ডুবিয়ে ফেলেছিলাম। তবুও একটি মেয়ের হাতে শক্ত করে ধরে থাকা পাখির খাঁচা থেকে চোখ সরাতে পারিনি। শুধু সেই দিগ্‌ভ্রান্ত মুখটা মনে পড়ছিল।

হঠাৎ করে সে বছর পাখি পোষার খুব শখ হয়েছিল। আবদার মেটাতে গিয়ে বাবা দুইটা মুনিয়া পাখি এনে দিলেন। দিনরাত পাখির যত্নআত্তিতে ব্যস্ত থাকতাম। বারান্দায় ঝোলানো খাঁচার পাখি গ্রামের অনেকেই উৎসুক হয়ে দেখতে আসত। ব্যাপারটা খুব উপভোগ করতাম। খুব একটা মনে পড়ে না এখন আর। কী যেন হয়ে একটা মুনিয়া মারা গেল। দুই বোনই মুখ কালো করে বসে রইলাম। আরেক মুনিয়ার নিঃসঙ্গতা দেখে বাড়ির সবাই সিদ্ধান্ত নিলাম, ওটাকে মুক্ত করে দেব। খাঁচার দরজা খুলে দিলাম। কিন্তু বাইরে বের হয়ে পাখিটা কোন দিকে যাবে বুঝতে পারছিল না। দিগ্ভ্রান্ত হয়ে টিনের চালায় বসে রইল। কিছুক্ষণ পর চলে যাবে ভেবে ঘরে চলে এলাম।

সারা রাত বৃষ্টি হয়েছিল সেদিন। পরদিন সকালে উঠে শুনি, টিনের চালায় আমার মুনিয়া মরে পড়ে আছে। তখন তো ছোট ছিলাম, সবার সামনে কাঁদতে লজ্জা পেতাম। তাই চোখের পানি আটকাতে না পেরে ঘরের দরজা বন্ধ করে কেঁদেছিলাম।

ওই দিন তো শুধু মন খারাপ হয়েছিল। আর এখন ভাবলে নিজেকে অপরাধী মনে হয়। নিজেকে ধিক্কার জানাই। আমরাই তো মুক্ত পাখিকে খাঁচায় থাকতে অভ্যস্ত করি। সেদিন মহান সেজে মুনিয়াকে মুক্ত করতে গিয়ে তো আমি চিরতরেই ওকে মুক্ত করে দিয়েছি। ভাবলেই গা শিউরে ওঠে।

সেদিন মেয়েটার হাতে পাখির খাঁচা দেখে তাই হঠাৎ মনে হলো, আমরা কি একবারের জন্যও নিজেকে বন্দী খাঁচায় কল্পনা করতে পারি? পারি না। দম বন্ধ হয়ে আসে। অবশ্য কল্পনা করতে পারলে তো আজ একটা পাখিকেও খাঁচায় বন্দী থাকতে হতো না।