
নগরের লালখান বাজারে অবস্থিত জামিয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় এক বছর পূর্ণ হয়েছে ৭ অক্টোবর। এই ঘটনায় দায়ের হওয়া হত্যা, অ্যাসিড ও বিস্ফোরণ মামলার বিচার চলছে আদালতে। তবে চট্টগ্রাম মহানগর দায়রা জজ পদটি দীর্ঘদিন শূন্য থাকায় মামলা তিনটির বিচার আটকে ছিল।
তিনটি মামলার অন্যতম আসামি ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও পুলিশ খোঁজ পাচ্ছে না তাঁর।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আসামি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।’
আসামিরা কারাগারে ও পলাতক থাকায় তাঁদের বক্তব্য জানা যায়নি। তবে মুফতি ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলায় মুফতি ইজাহার ও তাঁর ছেলেকে জড়ানো হয়েছে। এসবই সরকারের সাজানো নাটক।’
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর জামিয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পুলিশ নগরের খুলশী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে। এর মধ্যে বিস্ফোরক ও অ্যাসিড মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এরপর ধার্য দিনে অভিযোগ গঠনের পর আসামিদের বিচার শুরু হবে।
পুলিশের অভিযোগপত্রে দাবি করা হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে আসামিরা নাশকতা সৃষ্টির জন্য বিস্ফোরকগুলো মজুদ করেছিল। মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, তাঁর ছেলে হারুন ইজাহার ছাড়া মামলার অন্য আসামিরা হলেন—আবদুল হাই ওরফে সালমান, হাবিবুর রহমান, মোহাম্মদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ ও মোহাম্মদ জুনায়েদ। মামলার এজাহারভুক্ত আসামি নুর নবী, হাবিবুর রহমান ও জোবায়ের আহমদ মৃত্যুবরণ করায় তাঁদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিচারক না থাকার কারণে বিস্ফোরক ও অ্যাসিড মামলার সাক্ষ্য গ্রহণ ও হত্যা মামলার অভিযোগ গঠন পিছিয়ে যায়। এক মাস ধরে মামলা দুটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। হত্যা মামলাটিরও অভিযোগ গঠন করা হবে আগামী ধার্য দিনে।