মুমুর জন্য মায়ের যুদ্ধ

একটা সময় গেছে যখন মুমুর আঁচড়-কামড়ে ক্ষত-বিক্ষত হতে হয়েছে মা নাজনীন রোকেয়াকে। টাকার জন্য মেয়েকে বিশেষায়িত বিদ্যালয়েও ভর্তি করাতে পারেননি। কিন্তু পিছু হটেননি তিনি। বিশ্বাস ছিল মুমু পারবে। পিএসসি পরীক্ষার ফল যেন সে বিশ্বাসকেই দৃঢ় ভিত্তি দিল
সোফায় বসে সামনে–পেছনে দুলতে দুলতে নিজের হাতে কিছু একটা লিখল মুমু। তা দেখে পাশে বসা মা বললেন, ‘কেন এসেছেন জানতে চাইছে।’ এরপর মুমুর হাতে লিখতে শুরু করলেন মা। লিখতে লিখতে বললেন, ‘তুমি যে খুব ভালো রেজাল্ট করেছ, সে জন্য তোমাকে দেখতে এসেছে।’
মুমুর সঙ্গে এভাবেই কথা চলে মায়ের। কিছুটা লিখে, কিছুটা ইশারায়। মুমু কথা বলতে পারে না, কানেও শোনে না, পাশাপাশি তীব্র মাত্রায় অটিজমেও আক্রান্ত। তবু এবার প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়ে জিপিএ-৫–এর মধ্যে ৩ দশমিক ৫৮ পেয়েছে সে। সাধারণ শিক্ষার্থীদের জন্য এই ফলাফল খুব আহামরি কিছু নয়। কিন্তু মুমুর মা নাজনীন রোকেয়ার জন্য এটা সারা জীবনের সাধনার ফসল।
গত সোমবারের কথা। নগরের এনায়েত বাজার এলাকার বাটালি রোডের বাসায় বসে মুমুর মা বলে যান দেড় দশক ধরে মেয়েকে নিয়ে তাঁদের সংগ্রামের কাহিনি। বাবা ইকরামুল হাফিজ খান পেশায় ব্যবসায়ী। দুই ভাইবোনের মধ্যে মুমু বড় হলেও পরিবারের সবার মনোযোগ তাকে ঘিরেই। বিষয়টা ব্যাখ্যা করেন তার মা রোকেয়া, কারও সঙ্গে উঁচু গলায় কথা বলেন না তাঁরা। কারণ তাতে মুমুর সমস্যা হয়। পাশাপাশি মেয়ের জন্য ঘড়ি বাঁধা জীবনেও অভ্যস্ত হতে হয়েছে তাঁদের।
মুমুর পুরো নাম নাবিলা হাফিজ খান। জন্ম ১৯৯৯ সালের ৭ জানুয়ারি। জন্মের দুই বছর পরও যখন সন্তানের মুখে বোল ফোটেনি, তখন চিকিৎসকেরা জানান, কথা বলা ও কানে শোনার সমস্যার সঙ্গে মুমুর তীব্র মাত্রায় অটিজমও আছে। ২০০১ সালে চিকিৎসার জন্য মুমুকে ভারতে নিয়ে যান বাবা-মা। সেখানে দফায় দফায় নানা প্রশিক্ষণ নিতে হয় মা রোকেয়াকে। রোকেয়া বলেন, ‘মুমুর সঙ্গে যোগাযোগের জন্য আমাকে “সাইন ল্যাঙ্গুয়েজ” আর “স্পিচ থেরাপির” ওপর প্রশিক্ষণ নিতে হয়েছে। পাশাপাশি ওকে জামা-কাপড় পরানো, খাওয়ানোসহ স্বাভাবিক জীবনে অভ্যস্ত করতে “ওকুপেশন থেরাপি” আর আবেগ নিয়ন্ত্রণের জন্য “সেনসরি থেরাপিও” শিখে নিতে হয়েছে। এসব শেখার পর দেশে ফিরে তা মুমুর ওপর প্রয়োগ করেছি। হাতে হাতে ফল না মিললেও, এখন মুমু লেখাপড়া তো করছেই, নিজে নিজে কম্পিউটারও চালাতে জানে।’
আলাপের ফাঁকে একবার বেল বাজাল। মুমু এসে দরজা খুলে একজন অতিথিকে ভেতরে আসতে দিল। রোকেয়া সেদিকে তাকিয়ে বললেন, সবই করতে চায় সে। কিছুদিন আগে রান্নাঘরে গিয়ে মুরগি মাংসও রান্না করেছে।
মুমুকে নিয়ে মায়ের লড়াইটা কেমন? বিবরণ দিতে গিয়ে মাঝে মাঝে চোখের পানি আটকে রাখতে পারেননি রোকেয়া। ছোটবেলায় মুমু খামচি দিত, মারত আর কামড়াত তাঁকে। একটা সময় তাঁর সারা শরীর আঁচড়-কামড়ের দাগে ভরে গিয়েছিল। কিন্তু সেসব শারীরিক কষ্ট তুচ্ছ ছিল রোকেয়ার কাছে। সহ্য করতে পারেননি অনেকের তাচ্ছিল্য আর নিষ্ঠুর ব্যবহার। একবার অটিস্টিক শিশুদের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েকে ভর্তি করানোর জন্য নিয়ে যান তিনি। ভর্তি ফি ও ডোনেশন মিলিয়ে কর্তৃপক্ষ চাইল এক লাখ টাকা। এত টাকা দিতে পারবেন না জানার পর মুমুকে ভর্তি করায়নি প্রতিষ্ঠানটি। এমনকি এরপর ওই প্রতিষ্ঠানে ঢুকতেও দেওয়া হয়নি রোকেয়াকে। জেদ করে তাই নিজেই গড়ে তোলেন ‘আপন ভুবন’ নামের অটিস্টিক শিশুদের একটি স্কুল। সেখানে এখন ১১টি দরিদ্র পরিবারের অটিস্টিক শিশু বিনা ফিতে পড়ছে।

মুমুর লেখাপড়া শেখার প্রক্রিয়াও সহজ নয়। বোঝাতে গিয়ে মা বললেন, ‘আ’ লিখতে প্রথমে আমের ছবি দেখানো হয়েছে তাকে, এরপর আস্ত আম খেতে দিতে হয়েছে। শেষে আম লিখে দেখানো হয়েছে। এখন মা খাতায় লেখেন, ছবি দেখান এরপর মুমু সেটা শেখে। অঙ্ক আর ইংরেজি তার প্রিয় বিষয়। মুমুকে বেশ কয়েকটা স্কুলে পাঠানো হলেও কোথাও দীর্ঘদিন থাকেনি। শেষে রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় পছন্দ হয় তার। আপন ভুবনে প্রাথমিক পাঠ সারার পর ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ভর্তি হয় সে। খুব নিয়মিত ক্লাস না করলেও পরীক্ষা, ক্লাস টেস্ট এসবে অংশ নেয়।
প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রসঙ্গ ওঠে। এমন একটা পরীক্ষা দিতে পারবে কি না এ নিয়ে অনেকের সংশয় ছিল। কিন্তু সব সংশয় উড়িয়ে দিয়েছে সে। একজন শিক্ষকের তত্ত্বাবধানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে পাস করেছে। বড় প্রশ্নগুলোর উত্তর দেয়নি। নৈর্ব্যক্তিক আর ছোট প্রশ্নের উত্তর লিখেই এমন ফল।
কথা হয় রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্যের সঙ্গে। তিনি বলেন, মুমু স্বাভাবিক শিশুদের সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তার যোগ্যতা প্রমাণ করেছে। এটা অনেকের সামনে উদাহরণ হয়ে থাকবে।
মুমুর পরীক্ষা তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন চিটাগাং অটিস্টিক সোসাইটির শিক্ষিকা তাহমিনা আক্তার। মুমুকে তিনি কি কোনো সাহায্য করেছেন পরীক্ষার হলে? মুঠোফোনে জানতে চাইলে তাহমিনা বলেন, মুমু একটু লিখে উঠে যেতে চায়। তাকে লিখতে বলতে হয়। এটুকু ছাড়া আর কোনো সাহায্য তাকে করা হয়নি।
মুমুকে নিয়ে মায়ের স্বপ্ন কী? এই প্রশ্নের উত্তরটা ছিল অপ্রত্যাশিত। রোকেয়া জানালেন, তিনি কেবল মুমুর কথা ভাবেন না। বরং দীর্ঘ এত বছরের লড়াইয়ে তিনি বুঝতে পেরেছেন অটিস্টিক শিশুদের মেধা ও যোগ্যতার বিকাশ সম্ভব। অটিজমে আক্রান্ত শিশুদের বাবা-মায়েদের মধ্যে যেন এই বিশ্বাসটা জন্মায়। তারা যেন ভেঙে না পড়েন। বলতে বলতে চোখ মোছেন রোকেয়া।