মুরগির বাচ্চা রং চেনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুরগির বাচ্চা বিভিন্ন রং চিনতে পারে। আর এই সামর্থ্য কাজে লাগিয়ে খাবার এবং সঙ্গীদের খুঁজে পায় তারা। আলো কম-বেশি হলেও এ সামর্থ্য বহাল থাকে। সুইডেনের একদল গবেষক এ তথ্য দিয়েছেন।
এমন গবেষণা আগে কখনো হয়নি বলে জানিয়েছেন সুইডিশ জীববিজ্ঞানী পিটার ওলসন। নতুন এই গবেষণায় তিনি যুক্ত ছিলেন। তাঁদের এ কাজের ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন ছেপেছে যুক্তরাষ্ট্রের প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস।
লুন্ড ইউনিভার্সিটির জীববিজ্ঞানী পিটার ওলসন বলেন, তাঁরা দিনের বিভিন্ন সময়ে মুরগির বাচ্চার ওপর গবেষণা চালিয়ে দেখার চেষ্টা করেছেন, আলোর তীব্রতায় বড় ধরনের পরিবর্তন ঘটলে মুরগির বাচ্চার দৃষ্টিশক্তিতে কী প্রভাব পড়ে।
ওলসন ও তাঁর সহযোগীরা কয়েকটি মুরগির বাচ্চাকে কমলা রং চেনার প্রশিক্ষণ দেন। তাদের সামনে তিনটি ভিন্ন রঙের পাত্র রাখা হয়—লাল, হলুদ আর কমলা। কেবল কমলা রঙের পাত্রটিতে খাবার রাখা ছিল। একপর্যায়ে বিজ্ঞানীরা ঘরের আলোর রঙে পরিবর্তন ঘটিয়ে লালচে আভা ছড়িয়ে দেন। কিন্তু মুরগির বাচ্চাগুলো তখনো কমলা রঙের পাত্রটি চিনতে ভুল করেনি। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ওই গবেষকেরা মুরগির বাচ্চার রং চেনার সামর্থ্য বাড়ানোর উপযোগী একটি মডেল তৈরি করেন। এটি ব্যবহার করে মুরগি এবং অন্যান্য পাখি ও প্রাণীর বিভিন্ন রং চিনতে পারার সামর্থ্যের তুলনা করা যাবে।