মুরাদপুর অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী হয়রানি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের মুরাদপুর মোড়ে অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে হাটহাজারী এলাকার যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। ভুক্তভোগী একাধিক যাত্রী অভিযোগ করেন, চালকেরা রাউজান, ফটিকছড়ি ও নাজিরহাট এলাকার যাত্রীদের ভাড়ায় নিলেও হাটহাজারী এলাকার যাত্রীদের নেন না। কোনো যাত্রীকে ভাড়ায় নিলেও সংশ্লিষ্টদের কাছ থেকে ভাড়া আদায় করেন ইচ্ছেমতো। এ ক্ষেত্রে যাত্রীদের একদিকে আর্থিক ক্ষতি হচ্ছে অপরদিকে গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। চট্টগ্রাম নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমদ বলেন, ‘ওই মোড়ে অনুমোদিত কোনো সিএনজি অটোরিকশা স্ট্যান্ড নেই। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা হয়রানির বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ ২৭ ডিসেম্বর রাত আটটায় সরেজমিনে অবস্থান করে দেখা যায়, চম্পাকলি রেস্তোরাঁ ও ইসলামী ব্যাংক মুরাদপুর শাখার সামনে ৫০-৬০টি সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে আছে। কাজ শেষে বাড়ি ফেরার জন্য মোড়ে অপেক্ষা করছেন হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি এলাকার বিপুলসংখ্যক যাত্রী। রাউজান, ফটিকছড়ি ও নাজিরহাট এলাকার যাত্রীরা অটোরিকশায় উঠে গন্তব্যের দিকে যেতে পারলেও হাটহাজারীর মদনহাট, সদর, ইসলামিয়াহাট, নন্দীরহাট, ফতেয়াবাদ, চৌধুরীহাট, বড়দিঘির পাড় ও আমানবাজার এলাকার যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও গাড়িতে উঠতে পারছেন না। দেখা গেছে, কোনো চালক হাটহাজারী যেতে রাজি হলেও ভাড়া আদায় করছেন ইচ্ছেমতো। একটি পোশাক শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত ফতেয়াবাদ এলাকার যাত্রী মো. মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমি এক ঘণ্টা ধরে গাড়ির জন্য অপেক্ষা করছি। একজন সিএনজি অটোরিকশা চালককে (নম্বর: চট্টগ্রাম-থ-১১-৪৮৫২) ফতেয়াবাদ যাওয়ার জন্য বললে তিনি (মো. সাইফুল ইসলাম) ১৫০ টাকা ভাড়া দাবি করেন।’ একইভাবে তীব্র শীতের মধ্যে স্ত্রীসহ এক বছরের শিশুকে নিয়ে এক ঘণ্টা ধরে অটোরিকশার জন্য দাঁড়িয়ে আছেন হাটহাজারীর ফটিকা এলাকার বাসিন্দা মো. এরশাদ। হাতের ইশারায় একটি অটোরিকশা (নম্বর: চট্টমেট্টো-থ-৩০৪৪) দেখিয়ে বলেন, ‘এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। এ পর্যন্ত ১০-১২টা সিএনজি অটোরিকশা দেখেছি। কিন্তু তাঁরা ভাড়া দাবি করছেন ২০০-২৫০ টাকা। এ সময় যাত্রীরা জানান, মুরাদপুর থেকে ফতেয়াবাদের প্রকৃত ভাড়া ৭০-৮০ টাকা এবং হাটহাজারীর ফটিকা এলাকার ভাড়া ১২০-১৩০ টাকা। অন্তত ৫০-৬০টি সিএনজি অটোরিকশা ওই মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় চালক (চট্টগ্রাম-১১-৪৮৫২) মো. সাইফুল ইসলামকে জেলা এলাকায় চলাচলের রুট পারমিট নিয়ে নগর এলাকায় কেন গাড়ি চালাচ্ছেন প্রশ্ন করলে বলেন, ‘অক্সিজেন এলাকার চেকপোস্টে পুলিশকে ২০ টাকা দিয়ে শহরে ঢুকেছি।’ জানা যায়, প্রতিদিন জেলা এলাকায় নগরের বাইরে চলাচলকারী অর্ধশত সিএনজি অটোরিকশা রাউজান, ফটিকছড়ি ও নাজিরহাট এলাকার যাত্রীদের আনা-নেওয়ার জন্য মুরাদপুর মোড়ে যেতে ওই চেকপোস্টে পুলিশকে ১০-২০ টাকা চাঁদা দিতে হয়। সিটি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘কিছু ট্রাফিক পুলিশ সদস্য ১০-২০ টাকা আদায় করেন।’ জেলা এলাকার গাড়ি (সিএনজি অটোরিকশা) নগর এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ অস্বীকার করে নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার ফারুক আহমেদ বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ পেলে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মুরাদপুর মোড় থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরিয়ে অক্সিজেন মোড়ে স্থানান্তরের পর থেকে ওই মোড়ে (মুরাদপুর) সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠে। তখন থেকে অটোরিকশাচালকেরা অতিরিক্ত ভাড়া আদায় শুরু করেন। বিশেষ করে সন্ধ্যার পর থেকে যাত্রীরা চরম বিড়ম্বনার শিকার হন। নিউমার্কেট-মুরাদপুর মোড় থেকে ফতেয়াবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৩ নম্বর সড়কে (চট্টগ্রাম-রামগড় সড়ক) প্রায় দেড় শ হিউম্যান হলার, তরী, রেঞ্জার চলাচল করলেও যাত্রী অনুপাতে গাড়ির সংখ্যা অপ্রতুল। ফলে হাটহাজারী এলাকার বিপুলসংখ্যক যাত্রীকে নির্ভর করতে হয় সিএনজি অটোরিকশার ওপর। কিন্তু এসব এলাকার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করায় চরম হয়রানির শিকার হচ্ছেন তাঁরা।