কোরবানির গরু নিজের পছন্দমতো কিনবেন বলে ঈদের চার দিন আগে ২৩ অক্টোবর বগুড়ার মাটিডালির বাসায় এসেছিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বেছে বেছে চারটি গরু আর সাতটি খাসি কিনেছিলেন তিনি। এর মধ্যে একটি গরু ও একটি খাসি তাঁর নিজের টাকায় কেনা। ঈদে পরিবারের জন্য বগুড়ায় কেনাকাটা করেছেন তিনি। বাবা-মা, ভাই সবার জন্যই কিনেছেন কিছু না কিছু। নিজের জন্য কিনেছেন পাঞ্জাবি। সকালে মাটিডালি ঈদগাহ মাঠে নামাজ পড়েছেন। ঈদগাহ মাঠেই বাবাকে সালাম করেছেন। ঈদগাহ থেকে এসে কোরবানি দিয়েছেন। পরে ভ্যানে করে কোরবানির মাংস বিতরণ করেছেন মহল্লায়। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে শহরের কলোনি বাজারে গেছেন কাবাব খেতে। ঈদের পরদিন আয়োজন করেছিলেন এক ব্যতিক্রমী রান্নাবিষয়ক প্রতিযোগিতার। তাঁর পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। ১৯ পদের রেসিপি থেকে রান্না করেছিলেন প্রতিযোগীরা। বিচারক ছিলেন পরিবারের বয়োজ্যেষ্ঠরা। রাত ১১টায় শুরু হয় পারিবারিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, নাচ, নাটিকা, কৌতুক-নকশা সবই ছিল। ছিল কুইজ প্রতিযোগিতা। ঈদের তৃতীয় দিনটা কেটেছে নানাবাড়িতে। পরদিন মাটিডালি ক্রীড়া চক্র আয়োজিত টি-২০ চ্যাম্পিয়ন লিগ মাটিডালি সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। জাতীয় দলের আরেক খেলোয়াড় শফিউল ইসলামও এ ম্যাচে খেলেন তাঁর দলের হয়ে। সব মিলিয়ে এবারে অসাধারণ একটা ঈদ কাটিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।