মুষ্টিচাল ও হাতচাঁদায় পাকা হলো সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এলাকার জনপ্রতিনিধিদের কাছে দাবি ছিল সড়কটি পাকা করার। কিন্তু এ দাবি অরণ্যে রোদনে পরিণত হয়। কয়েক বছর আগে আমরা কয়েকজন বসে ঠিক করি মুষ্টিচাল তুলে হলেও সড়কটি পাকা করব। কথামতো রাত-দিন মুষ্টিচাল আর এক-দুই টাকা করে চাঁদা তুলি। লাখ টাকার মতো হলে স্থানীয় যুবকদের ওপর দায়িত্ব দেওয়া হলো। এখন সরকারের সাহায্য ছাড়াই আমাদের পাকা সড়ক হয়েছে। মনের কষ্ট দূর হয়েছে।’

ক্ষোভ আর আনন্দ মেশানো কথাগুলো বলছিলেন সড়কের জন্য অর্থ সহায়তাকারীদের একজন, ফটিকছড়ি উপজেলার পূর্ব-সুয়াবিল গ্রামের বাসিন্দা (৭০) মো. আবু তাহের।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বাধীনতার পর থেকে পূর্ব-সুয়াবিল মহেশ্বরী সড়কটি অবহেলিত ছিল। ২০১০ সালের শুরুর দিকে ভুক্তভোগী লোকজন এলাকাবাসীর সহযোগিতায় সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। পরবর্তী সময়ে এর দায়িত্ব পড়ে স্থানীয় যুবকদের সংগঠন পূর্ব-সুয়াবিল খেলোয়াড় সমিতির ওপর। উন্নয়নকাজ বাস্তবায়নে গঠন করা হয় স্থানীয়ভাবে একটি উপ-কমিটি।

একই বছর অক্টোবরে শুরু হয়ে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সড়কটির ম্যাকাডামের কাজ শেষ হয়। এতে খরচ হয় প্রায় ৩৮ লাখ টাকা। আর্থিক সংকটের কারণে মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। এক বছরের মাথায় আবার অর্থ সংগ্রহের মাধ্যমে শুরু হয় কার্পেটিংয়ের কাজ। ৪২ লাখ টাকা ব্যয়ে তা শেষ হয় গত ২০ ডিসেম্বর। অবশেষে জনগণের মুষ্টিচাল ও অর্থ সহায়তায় পাকা হয় সুয়াবিল বালিকা মাদ্রাসাসংলগ্ন স্থান হতে নাজিরহাট কলেজ পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কটি।

২৪ জানুয়ারি ছিল সড়কের উদ্বোধনী অনুষ্ঠান। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু তালেব বিকেলে সড়কটির উদ্বোধন করেন। এর আগে দুপুরে এলাকার যুবসমাজ নেচে-গেয়ে মোটর শোভাযাত্রা নিয়ে উল্লাস প্রকাশ করেন। সন্ধ্যায় চলে ভুরিভোজ আর সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, ইউপি সদস্য ফজল আমিন, ব্যাংকার ছালে জহুর, সমাজসেবক আবদুল গণি, আবদুর রহিম ইসলামাবাদী, মো. ইউনুস প্রমুখ।

সড়ক উন্নয়ন উপ-কমিটির সদস্যসচিব মোহাম্মদ আলী বলেন, সড়কটির উন্নয়নে এলাকার কৃষক, শ্রমিক, চাকরিজীবী থেকে শুরু করে সবাই সাধ্যমতো সহযোগিতা দিয়েছেন। এখন সড়কের সুফল পেয়ে সবাই খুশি। এত দিনের দুর্ভোগের কথা ভুলে গেছেন তাঁরা।

পূর্ব-সুয়াবিল খেলোয়াড় সমিতির সভাপতি মো. নুরুল আলম চৌধুরী বলেন, ‘আমাদের প্রতিজ্ঞা ছিল সড়কটি আমরা করবই। সাধারণ মানুষের পাশাপাশি অবস্থাপন্ন ব্যক্তিরাও আমাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন।’

সড়কের জন্য আর্থিক সহায়তাদানকারীদের একজন প্রকৌশলী এম এ হায়াত। তিনি বলেন, জীবনভর সড়কটি এলাকার দুঃখ হিসেবে পরিচিত ছিল। এলাকার যুবসমাজ সেই দুঃখ ঘুচিয়ে দিয়ে প্রমাণ করল, ভালো কাজের উদ্যোগ অর্থের অভাবে আটকে থাকে না।

ইউপি চেয়ারম্যান মো. আবু তালেব বলেন, ‘সড়কটি উন্নয়নের জন্য সহায়তা চেয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার লিখেছি। কিন্তু কাজ হয়নি। আমাদের যুবসমাজ দেখিয়ে দিয়েছে সরকারের সাহায্য ছাড়াও উন্নয়নকাজ বাস্তবায়ন করা সম্ভব।’