মুষ্টিচালই প্রজ্ঞাবংশ শিশুসদনের ভরসা!
খাগড়াছড়ি জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকার বুলিপাড়ার প্রজ্ঞাবংশ শিশুসদনে তীব্র আবাসন ও আর্থিক সংকট চলছে। এর ফলে শিশুসদনের ৫৭ জন অনাথ ও ১০ জন বৌদ্ধভিক্ষুর ভরণপোষণে হিমশিম খাচ্ছে বিহার পরিচালনা কর্তৃপক্ষ। সরকারি-বেসরকারি কোনো সংস্থার সাহায্য পায় না সদনটি। আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দেওয়া মুষ্টিচাল দিয়েই চলছে শিশুদের ভরণপোষণ।প্রায় এক শতাব্দীরও বেশি প্রাচীন শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবংশ মহাস্থবিরের আগ্রহ ও প্রচেষ্টায় ২০০৭ সালে এই শিশুসদন চালু হয়। শিশুসদনে তিন পার্বত্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে অনাথ ও দরিদ্র শিশুদের আশ্রয় দিয়ে তাদের শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে। এই শিশুসদনে আশ্রিত শিশুরা প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত পড়াশোনা করছে। শিশুসদনের সহকারী পরিচালক ইন্দ্রবংশ ভিক্ষু বলেন, শিশুসদনের প্রধান সমস্যা হলো আবাসিক সমস্যা। টিনের চাল ও বেড়ার একটি ঘরেই তাদের প্রথমে থাকার ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তী সময়ে শ্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায়, মূল বিহারের বিভিন্ন কক্ষে তারা আশ্রয় নিয়েছে। এতেও বর্তমানে স্থান সংকুলান হচ্ছে না। তাই শিশুসদনের জন্য জরুরি ভিত্তিতে আবাসন সমস্যার সমাধান করা প্রয়োজন। আবাসন সংকটের কারণে আশ্রিতদের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে।সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, যে টিনের ঘরে শিশুসদনের কার্যক্রম শুরু হয়েছিল, সেই ঘরটি খুবই জীর্ণশীর্ণ হয়ে পড়েছে। বসবাসের অনুপযোগী হয়ে পড়া ঘরটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। ছাদের টিন ফুটো হয়ে যাওয়ায় বৃষ্টি হলে পানি পড়ে। তবুও গাদাগাদি করে এই ভাঙা ঘরে আট-১০ জন অবস্থান করছে। বাকিরা মূল বৌদ্ধবিহারের বিভিন্ন কক্ষে অবস্থান করছে। যে যেখানে আশ্রয় নিয়েছে তাকে সেখানেই পড়াশোনা ও খাওয়াদাওয়ার কাজটিও সারতে হচ্ছে। শিশুসদনের জন্য আলাদা কোনো খাবার ঘর নেই। রান্নাঘর ও শৌচাগারের অবস্থাও জীর্ণশীর্ণ। বিহার পরিচালনা কমিটির সভাপতি নীল চন্দ্র চাকমা বলেন, ‘শিশুসদনের সাহায্যের জন্য বহু সরকারি দপ্তর, পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, স্থানীয় সাংসদ ও জনপ্রতিনিধির কাছে আবেদন করেছি। কিন্তু কোনো সহযোগিতা পাইনি। আশপাশের ১০টি গ্রামের বিভিন্ন পরিবার থেকে পাওয়া মুষ্টিচাল দিয়ে খরচ মেটাতে হচ্ছে শিশুসদনের। এখানকার শ্রমণেরা প্রতিটি ঘরে গিয়ে এই মুষ্টিচাল সংগ্রহ করে। শিশুসদনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ প্রজ্ঞাবংশ মহাথেরো বলেন, ‘মানবিক প্রয়োজনেই এই শিশুসদনের জন্ম। কিন্তু বিগত পাঁচ বছরে এলাকার মানুষই চাঁদা দিয়ে কোনো রকমে শিশুদের জীবন রক্ষা করে চলেছেন। প্রতিষ্ঠানটির সহযোগিতায় এগিয়ে আসেনি কোনো সরকারি ও বেসরকারি সংস্থা।