মুষ্টিবদ্ধ হাতে স্মৃতিশক্তি বৃদ্ধি!
ডান হাত মাত্র ৯০ সেকেন্ড দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ করে রাখলেই তা মস্তিষ্কে স্মৃতি গঠনে সহায়তা করে। আর বাঁ হাতে একই প্রক্রিয়া অনুসরণ করলে স্মৃতি ফিরিয়ে আনার ক্ষমতা বাড়ে। যুক্তরাষ্ট্রের একদল মনোবিজ্ঞানী এক সমীক্ষার পরিপ্রেক্ষিতে এসব তথ্য জানিয়েছেন। নিউজার্সি অঙ্গরাজ্যে অবস্থিত মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী রাথ প্রপারের নেতৃত্বে মোট ৫০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ওই গবেষণায় অংশ নেন। তাঁদের দুটি দলে ভাগ করে প্রথম ও দ্বিতীয় দলকে ৯০ সেকেন্ড ধরে যথাক্রমে ডান ও বাঁ হাত মুষ্টিবদ্ধ রাখতে বলা হয়। গবেষকেরা দেখতে পান, হাত মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় ওই ব্যক্তিরা একটি দীর্ঘ তালিকা থেকে শব্দ স্মরণে রাখার ক্ষেত্রে বেশি পারদর্শিতা দেখান। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণায় রাথ প্রপার জানান, সাধারণ শারীরিক সক্রিয়তাও মস্তিষ্কের কর্মকাণ্ডের প্রক্রিয়ায় পরিবর্তন ঘটায় এবং তা স্মৃতিশক্তির উন্নয়নে সহায়ক হতে পারে। কোনো তথ্য জানার আগে ডান হাত এবং কোনো তথ্য স্মরণের চেষ্টার আগমুহূর্তে বাঁ হাত মুষ্টিবদ্ধ করে রাখলে সেই সক্রিয়তা স্মৃতিশক্তির উন্নয়নে সাহায্য করতে পারে। বিবিসি।