সম্প্রতি পিরোজপুরের এক শিক্ষার্থী এসএসসির গণিত পরীক্ষায় অনুপস্থিত থাকলেও বোর্ডের রেজাল্ট শিটে তাকে পাস দেখানো হয়েছে। এ নিয়ে হাটে-ঘাটে-মাঠে-ময়দানে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। তবে বিশেষ প্রতিক্রিয়া জানিয়েছেন লাদুভাই। সবার প্রিয়, শিক্ষিত জনগোষ্ঠীর অগ্রপথিক আদুভাইয়ের একমাত্র নাতি লাদুভাই বললেন, ‘বংশপরম্পরা এবং ঐতিহ্য ধরে রাখতে আমিও আমার দাদা আদুভাইয়ের দেখানো পথে কয়েক দশক ধরে নিয়মিতভাবে এসএসসি পরীক্ষায় ফেল করে আসছিলাম। কিন্তু ফেসবুক আর হোয়াটসঅ্যাপের কল্যাণে অগ্রিম প্রশ্নপত্র পাওয়ায় আমি তিন বছর ধরে গণিত ছাড়া বাকি সব পরীক্ষায় পাস করি। কেন আমাকে বারবার গণিতে ফেল দেখানো হচ্ছে, সে প্রশ্ন আমি বোর্ড কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছি। তাঁরা উল্টো আমার কাছে জানতে চেয়েছেন, আমি রাজনীতি করি কি না। বা পানামা পেপারসে নাম এসেছে এমন কেউ আমার আত্মীয় কি না। উত্তরে বুক ফুলিয়ে বলেছি, আমি আদুভাইয়ের একমাত্র নাতি। এ কথা শুনে তাঁদের সে কী হাসি! তাঁরা বলেন, আরে, আপনি যে এতগুলা সাবজেক্টে পাস দিয়েছেন, সেটাই অনেক বেশি! যান যান, বাড়ি যান।
‘আমি কতবার তাঁদের অনুনয়-বিনয় করে বলেছি, আমাকে অন্তত গণিতে পাস করিয়ে দিন। কিন্তু তাঁরা আমার অনুরোধে সাড়া দেননি। অথচ আজকে খবর পেলাম, পরীক্ষাই দেয়নি এমন একজনকে পাস করিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার প্রতি তাঁদের কেন এই বৈষম্যমূলক আচরণ? রাজনীতি করি না, পানামা পেপারসে নাম এসেছে এমন কেউ আমার মামা-চাচা হয় না—এই কি তবে আমার অপরাধ? সত্যি সেলুকাস, কী বিচিত্র এই শিক্ষা বোর্ড!’
লাদুভাইয়ের এই প্রতিক্রিয়া সম্পর্কে আমরা কথা বলতে গিয়েছিলাম শিক্ষা বোর্ডে। কিন্তু সেখানকার কর্মকর্তাদের কাছে যাওয়ার আগেই কজন অচেনা লোক এসে বলেন, ‘এখনো শিক্ষা হয় নাই? নাকি দিতে হবে?’
এটা শোনার পর এই প্রতিবেদক আর কথা বাড়ানোর সাহস দেখাননি।