পশ্চিমের দেয়াল পোড়া ইটে গড়া, বাকি তিনটি পাথরের। মাঝখানে একটি বড় গম্বুজ ও দুপাশে দুটি ছোট গম্বুজ নিয়ে ছিমছাম ছাদ। একটি আয়তাকার ক্ষেত্রের ওপর তৈরি এ মসজিদের ভেতরের দৈর্ঘ্য ১৮ গজ, প্রস্থ সাড়ে সাত গজ। দেয়াল প্রায় আড়াই গজ পুরু। মোগল স্থাপত্যরীতিতে তৈরি আন্দরকিল্লা শাহি জামে মসজিদের বয়স ৩৪৩ বছর। আরাকান মগ ও পর্তুগিজদের বিরুদ্ধে উমেদ খাঁ তথা মুসলমানদের বিজয়ের স্মারক হিসেবে ১৬৬৭ সালে আন্দরকিল্লায় এ মসজিদ নির্মিত হয়। মসজিদের বর্তমান খতিব আনোয়ার হোসেন তাহের জাবের আল মাদানি। মসজিদের বিভিন্ন প্রকাশনা ও সংশ্লিষ্ট ব্যক্তি সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আরাকান মগ ও পর্তুগিজ জলদস্যুর তাড়ানোর জন্য শায়েস্তা খাঁ তাঁর ছেলে উমেদ খাঁকে নির্দেশ দেন। উমেদ খাঁ ১৩ হাজার সৈন্য নিয়ে ফেনী নদী পার হন, হুসেন বেগের সাহায্যে চট্টগ্রামের আন্দরকিল্লায় ঢোকেন। সেখানে শত্রুদের পরাজিত করেন। মোগল সম্রাট আওরঙ্গজেব এ সংবাদে খুশি হন এবং চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। এ বিজয়ের স্মৃতি ধরে রাখতে ১৬৬৭ সালে প্রতিষ্ঠিত হয় আন্দরকিল্লা শাহি জামে মসজিদ। নবাব শায়েস্তা খাঁর স্বপ্ন ছিল এ মসজিদকে তিনি মুসলিম সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলবেন। আল-হামরা বা আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মতো এটিও হবে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। তাই মসজিদের গায়ে ফারসি ভাষায় লেখা হয়—‘ধার্মিক শাসক বিশ্বাসের আলো জ্বালিয়েছেন খলিলের মতো এ পবিত্র মসজিদে নির্মাণ করেছেন যেন মানুষ আলোকিত পথে পরিচালিত হয়।’ কিন্তু ১৭২৩ সালে ফৌজদার ইয়াসিন খাঁ এ মসজিদের অনুদান বন্ধ করে দেন। ১৭৬০ সালে মীর কাশিম আলী চট্টগ্রাম, মেদিনীপুর ও বর্ধমান জেলা হস্তান্তরের অঙ্গীকার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে নবাবি লাভ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬১ সালের ৩ জানুয়ারি রেজা খানের কাছ থেকে চট্টগ্রামের দায়িত্বভার গ্রহণ করে। সেই সঙ্গে শাহি জামে মসজিদও ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়। তারা মসজিদের কয়েকটি স্তম্ভ ও গম্বুজ ধ্বংস করে এবং একে তোশাখানা ও বারুদাগার হিসেবে ব্যবহার করে। ৯৫ বছর পর ১৮৫৪ সালে সমাজসেবক খান বাহাদুর হামিদুল্লাহ খান শাহি জামে মসজিদটি পুনর্প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করেন। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মসজিদটি সাধারণ মানুষের প্রার্থনার জন্য ছেড়ে দেন। ১৮৫৭ সালে শাহি মসজিদের সব সম্পত্তি হামিদুল্লাহ খাঁনের ওয়াক্ফ এস্টেটের অন্তর্ভুক্ত হয়। তিনি মসজিদের সংস্কার করান বলে মসজিদের গায়ে ‘ইমারতে সানি’ অর্থাৎ পুনর্নির্মাণ কথাটি খোদাই করা আছে। মসজিদ পরিচালনার নানা জটিলতার কারণে ১৯৬২ সালে শাহি জামে মসজিদের ওয়াকফ এস্টেট পুনরায় পৃথক করা হয়। তখন থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি এর ব্যবস্থাপনা ও পরিচালনা করেন। মসজিদের উন্নয়নে মওলানা মাহমুদুর রহমান, মওলানা তমিজুর রহমান বিশেষ অবদান রাখেন বলে জানা যায়। ১৯৮৬ সালের ৭ জানুয়ারি রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে মসজিদের পরিচালনার দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনকে দেওয়া হয়। কয়েকজন মুসল্লি নাম প্রকাশ না করে জানান, ‘মসজিদের বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। এটির সংস্কার বা পুনর্নির্মাণ করা দরকার। এ ছাড়া মসজিদসংলগ্ন বিপণিকেন্দ্রের ব্যবসায়ী ও ক্রেতারা সিঁড়িতে মালপত্র রাখেন। ফলে মুসল্লিদের চলাচলে সমস্যা হয়।’