মুসার শাস্তির দাবিতে লামায় বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুসহ তিন আদিবাসীকে হত্যার দায়ে অভিযুক্ত আবু মুসার শাস্তির দাবিতে মঙ্গলবার লামায় প্রায় চার হাজারের মতো আদিবাসী বিক্ষোভ করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর শাস্তির দাবিতে দিনজুড়ে প্রতিবাদ সমাবেশ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলন করেন আদিবাসীরা।মঙ্গলবার সকালে আদিবাসীদের বিক্ষোভ মিছিল থেকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বেলা একটায় লামা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিহতদের পরিবার। এ সময় নিহতদের পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান চাছিং প্রু মারমা। সংবাদ সম্মেলনে ঘাতকের হাত থেকে বেঁচে যাওয়া উম্রাচিং মারমা (১৬) ও তার বাবা মংচছা মারমা লোমহর্ষক ঘটনার বিবরণ দেন।সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত তদন্ত, আদিবাসীদের নিরাপত্তা প্রদান ও অপরাধীর কঠোর শাস্তি দাবি করেন। আবু মুসার শাস্তির দাবিতে গত সোমবারও উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লামা ও আলীকদম উপজেলার আদিবাসী সম্প্রদায়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) লামা উপজেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১১টায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার সাত ইউনিয়নের বিভিন্ন আদিবাসীপাড়া থেকে তিন হাজারেরও বেশি নারী-পুরুষ লামা বাজার পালিটোল চত্বরে সমবেত হন। সেখান থেকে একটি মিছিল লামা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লামা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন আসামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন— আলীকদম উপজেলা জেএসএস সাধারণ সম্পাদক বাচিনু মারমা, গয়ালমারা পাড়া কারবারী উইলিয়াম ত্রিপুরা, পাহাড়ি ছাত্রপরিষদ বান্দরবান জেলা শাখার সহসভাপতি উথাইংগ্য মারমা, মাতামুহুরী কলেজ ছাত্রী এলাইকে মারমা, বান্দরবান জেলা শাখার ভূমি ও আইনবিষয়ক সম্পাদক মংচানু মারমা।সভায় বক্তারা বলেন, ‘শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ায় এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটছে।’ গত শনিবার (৩০ জুলাই) রাত ১০টায় নিহত লামুচিং মারমার স্বামী মংচছা মারমা বাদী হয়ে আবু মুসাকে (২২) আসামি করে লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লামার সহকারী পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, ‘এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড নয়। হঠাৎ করে তাঁর (আবু মুসার) মনে হয়তো কোনো কুপ্রবৃত্তি জেগে উঠেছিল, যা থেকে সে এ ঘটনা ঘটাতে পারে।’ উল্লেখ্য, রুপসীপাড়া ইউনিয়নের মুসলিমপাড়ার শাহাজাহান কারবারীর ছেলে আবু মুসা গত ৩০ জুলাই একই ইউনিয়নের অংচাউ মারমা (৭০), তাঁর মেয়ে লামুচিং মারমা (৩৬) ও তাঁর নাতি মংনুচিং মারমাকে (৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় উমাচিং মারমা (১৬) কৌশলে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান। ঘটনার সঙ্গে জড়িত আবু মুসাকে পুলিশ গত ৩০ জুলাই ঘটনার দিনই গ্রেপ্তার করে। গত সোমবার বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আইও (তদন্তকারী কর্মকর্তা) ইব্রাহীম খলিল মুসার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।