মুস্তাফিজের খেলা দেখব বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
শুধু মুস্তাফিজের খেলা দেখতে মাঠে ছিলেন বাংলাদেশিরাও। ছবি: প্রথম আলো
শুধু মুস্তাফিজের খেলা দেখতে মাঠে ছিলেন বাংলাদেশিরাও। ছবি: প্রথম আলো
কাঁধের চোট বয়ে এনেছে দুঃসংবাদ। তবু মুস্তাফিজুর রহমানের ইংল্যান্ড সফর নিয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। সাসেক্সের হয়ে সরাসরি তাঁর খেলা দেখতে মাঠেও গিয়েছিলেন অনেকে। কেমন ছিল সেই অভিজ্ঞতা?

সহজ-সরল ভঙ্গি, মায়াবী চাহনি। দেখে বোঝার উপায় নেই ক্রিকেট মাঠের কত ভয়ংকর সৈনিক তিনি। সাত সমুদ্র তেরো নদীর এপারের যুক্তরাজ্যে বসে টিভির পর্দায় দেখা মুস্তাফিজ তো এমনই এক রহস্যঘেরা ধাঁধা। হাতের মোচড়ে তাঁর অবিশ্বাস্য জাদু। যে জাদুতে কাটার ছুড়ে জয় করেছেন ক্রিকেট দুনিয়া।

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

সেই মুস্তাফিজ আসবেন ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি লিগ—‘নেটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট’-এ সাসেক্সের হয়ে খেলতে! খবর চাউর হতেই অপেক্ষার পালা শুরু। মুস্তাফিজ তখনো আইপিএল রাঙাতে ব্যস্ত। পাড়াগাঁয়ের ছেলে মুস্তাফিজুর রহমান। আইপিএল মাতিয়ে হয়ে উঠলেন কাটার মাস্টার ‘দ্য ফিজ’। ‘ব্যাটিং প্রবলেম, ইংলিশ প্রবলেম, বোলিং নো প্রবলেম’ ফিজের সাড়া জাগানো বিখ্যাত সেই উক্তি রোমাঞ্চিত করে। তাঁকে কাছ থেকে দেখার উদ্দীপনা আরও বাড়ায়। ১৮ জুলাই ফিজের যুক্তরাজ্য আগমনের ভিসা পাওয়ার খবর শোনার পর থেকেই অধীর অপেক্ষা। ১৯ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় সাসেক্সে ক্রিকেট টিমের ফেসবুক ওয়ালে বার্তা এল, ‘দ্য ফিজ হ্যাজ অ্যারাইভড’। কিছুক্ষণের মধ্যে আবার ফেসবুক বার্তা হালনাগাদ হয়ে সাসেক্সের জার্সি হাতে লকারের সামনে দাঁড়ানো হাস্যোজ্জ্বল ফিজের ছবি। রাত পোহাতেই সাসেক্সের ওয়েবসাইটে ফিজের সাক্ষাৎকার। ফিজকে নিয়ে সাসেক্স টিমের উদ্দীপনা বেশ ভালোই লাগছিল। সবকিছুতেই সজাগ দৃষ্টি আর মনে মনে খেলা দেখার প্রস্তুতি। কিন্তু কোনো বিশ্রাম ছাড়া ওই দিন বিকেলেই যে মুস্তাফিজ চেমসফোর্ডের মাঠে নেমে পড়বেন, সেটা ভাবার কী কোনো কারণ ছিল? অথচ সেটাই সত্যি হলো। চেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে মাত্র ২৩ রান দিয়ে কাটারের জালে আটকালেন ৪ উইকেট। ইংল্যান্ডের মাটিতে অভিষেকেই ম্যাচসেরা হয়ে প্রমাণ দিলেন সাসেক্সের অপেক্ষা অযৌক্তিক ছিল না। ২৪ রানের বহুল কাঙ্ক্ষিত জয় পেয়ে যেন দম ফিরে পেল হাঁপাতে থাকা ১৭৭ বছর পুরোনো কাউন্টির প্রাচীনতম ক্লাবটি।
এ কারণেই হয়তো ম্যাচ শেষে উচ্ছ্বসিত সাসেক্স অধিনায়ক লুক রাইট বললেন, ‘ওকে এখানে আনতেই বেশ ঘাম ঝরেছে আমাদের। ওকে মাঠে নামাতে অনেক মানুষের কঠোর পরিশ্রম আছে। এত সময় আর চেষ্টার ফলই এখন আমরা দেখতে পাচ্ছি। ও খুবই স্পেশাল বোলার। মাঠে নেমেই ও যে খেলাটা খেলল, সেটা দেখতে পাওয়াও স্পেশাল।’

খেলা শুরুর আগে বল করছেন মুস্তাফিজ
খেলা শুরুর আগে বল করছেন মুস্তাফিজ

বাঙালিপাড়ায় মুস্তাফিজ উন্মাদনা
স্থানীয় সময় রাত নয়টার দিকে মুস্তাফিজের তাক লাগানো পারফরম্যান্সের খবর আসে। পূর্ব লন্ডনের বাংলা টাউন এলাকার সুপরিচিত ‘ফেইথ প্রিন্ট’ ছাপাখানায় তখন আড্ডায় মশগুল অনেকে। যাঁরা সচরাচর ক্রিকেটের খোঁজ রাখেন না, তাঁদের চোখেমুখেও যেন দীপ্তি ছড়াল ইংল্যান্ডের মাটিতে ফিজের বাজিমাতের খবর। কারও কারও কণ্ঠে অনুতাপ—চেমসফোর্ডের মাঠে সোনালি মুহূর্তগুলো দেখার সুযোগ হাতছাড়া হয়ে গেল। সাসেক্স টিমের পরবর্তী সূচি খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিলেন সবাই। এতকাল প্রায় অচেনা সাসেক্স টিমের প্রতি যেন অন্য রকম আবেগে উপচে পড়ছে প্রবাসী বাংলাদেশিদের।

পরদিন ২২ জুলাই সন্ধ্যায় লন্ডনের বিখ্যাত কিয়া ওভাল স্টেডিয়ামে আবারও সাসেক্সের খেলা। প্রতিপক্ষ সারে। এবার আর সুযোগ হাত ছাড়া করা নয়। ‘ফেইথ প্রিন্ট’-এর পরিচালক মোসলেহ উদ্দিন আহমদ নিজেই তাৎক্ষণিকভাবে অনলাইনে টিকিট করলেন তিনটি। খেলা দেখার জন্য পরদিন আগাম ছুটি নেওয়ার সুযোগ দিলেন প্রধান ডিজাইনার অপু রায়কেও। দেশের গণ্ডি ছাড়িয়ে সুদূর যুক্তরাজ্যে শুরু হলো মুস্তাফিজ উন্মাদনা।

২২ জুলাই পূর্ব লন্ডনের অল্ডগেট ইস্ট পাতালরেল স্টেশনে মোসলেহ উদ্দিন, অপু রায় এবং এই প্রতিবেদকের সঙ্গে যোগ দিলেন আলোকচিত্রী মনিরুজ্জামান। লন্ডনের বুক চিরে সুড়ঙ্গপথে প্রায় ২০ মিনিটের রেলযাত্রা শেষে গেলাম ওভাল স্টেশন। কাছেই স্টেডিয়াম। স্টেশন থেকে বের হওয়ামাত্রই টের পাওয়া গেল মুস্তাফিজ উন্মাদনার ব্যাপকতা। স্টেডিয়ামের দিকে ছুটে চলা হাজার মানুষের ভিড়ে চোখে পড়ল অনেক বাংলাদেশি মুখ।

স্টেশন থেকে বের হতেই চোখে পড়ল বাংলাদেশের জার্সি গায়ে কয়েকজন। তাদের মধ্যে ছিলেন অজন্তা দেব রায়, তুষার ও বাপ্পি। বাংলাদেশের জার্সি কেন? অনেকটা সমস্বরে বললেন, ‘আজ মুস্তাফিজ মানেই বাংলাদেশ।’ তাদের হাতে আরও ছিল নিজেদের হাতে বানানো প্ল্যাকার্ড। সেখানে লেখা ‘দ্য ফিজ’। ‘মুস্তাফিজ! মুস্তাফিজ!’ বলে চিৎকার করে গলা ফাটানোর সব আয়োজন সাঙ্গ করেই তাঁরা এসেছেন।

স্টেডিয়ামের মূল গেটের পাশে টিকিট কাউন্টার। সেখানে দেখা পেলাম যুক্তরাজ্যপ্রবাসী ঢাকার জামান মোস্তফা ও গাজীপুরের মাজহারুল হকের। দুজনেই বললেন, ‘বাসায় সময় সুযোগমতো ক্রিকেট খেলা দেখা হলেও স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ হয়ে ওঠে না। কেবল মুস্তাফিজের কারণেই সন্তানদের নিয়ে আসা।’ বছর দশেক বয়সের নাফিসা বলল, ‘ক্রিকেট খেলা তেমন বুঝি না। কিন্তু মুস্তাফিজকে ঠিকই চিনি।’ আরও অনেকের সঙ্গে দেখা গেল কম বয়সী ছেলেমেয়েদের। কেউ কেউ এসেছেন পরিবার নিয়ে। ধারণা করা যায়, প্রায় ২৩ হাজার আসনক্ষমতার ওভাল স্টেডিয়ামে সে দিন অন্তত হাজার খানেক বাংলাদেশি উপস্থিত ছিলেন। আর স্টেডিয়াম ছিল দর্শকে টইটুম্বুর।

বাংলাদেশি আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা হলো। এসব প্রবাসী বাংলাদেশিদের কথা একটাই—‘মুস্তাফিজ আমাদের মাথা উঁচু করে দিয়েছে। বুক ফুলিয়ে আমরা তাঁর বিধ্বংসী কাটারের গল্প করতে পারব।’ নতুন প্রজন্মের জন্য মুস্তাফিজকে খাঁটি অনুপ্রেরণা হিসেবেই দেখছেন তাঁরা।

খেলার টিকিট হাতে দুই প্রবাসী
খেলার টিকিট হাতে দুই প্রবাসী

মাঠের মুস্তাফিজ
মূল গেট দিয়ে ভেতরে ঢোকার পথে দর্শকদের হাতে বেলুন, পতাকা, মাথার ব্যান্ডসহ বেশ কিছু সরঞ্জাম ধরিয়ে দেওয়া হচ্ছে। সবকিছুতেই সারে লেখা। কিন্তু বাংলাদেশিরা বিনা মূল্যে দেওয়া সেসবের কিছুই নিচ্ছেন না। তাঁরা হন্যে হয়ে খুঁজছেন মুস্তাফিজের দল সাসেক্সের পতাকা-বেলুন। কিছুক্ষণের মধ্যেই ঘোর কাটল। কিয়া ওভাল যে সারে টিমের হোম গ্রাউন্ড। এখানে সাসেক্স নিয়ে বেশি মাতামাতি চলবে না। কিন্তু মুস্তাফিজ ভক্তরা কি সেটা গায়ে মাখে? আমরা স্টেডিয়ামে আসন নিয়েই আশপাশের শ্বেতাঙ্গদের জানিয়ে দিলাম, ‘আমরা কিন্তু ফিজের জন্য এসেছি। তাই সাসেক্সের পক্ষেই আমরা চিৎকার করব।’ বিষয়টি জানতে পেরে তারও ফিজের প্রতি অনুসন্ধিৎসু হয়ে নজর রাখলেন।

নিজ দল ও বাঙালি দর্শকদের জন্য আশার পাদপ্রদীপের হয়ে থাকা মুস্তাফিজ সে দিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সব মিলিয়ে ৩.২ ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেটশূন্য। তবে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে বাহবা কুড়ালেন সারের দর্শকদেরও। শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরে সাসেক্সের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন অনেকটা ঝুলে গেল।
খানিকটা আশাহত হলেও মন খারাপ করেননি মুস্তাফিজভক্তরা। তাঁরা বেশ ভালো করেই বোঝেন পারফরম্যান্স প্রতিদিন এক রকম হবে না। তাঁরা বেশ উদ্দীপনা নিয়ে পরবর্তী খেলাগুলোর দিকে তাকিয়ে আছেন।

তবে সেই উদ্দীপনায় দুঃস্বপ্ন হয়ে আঘাত হেনেছে ফিজের কাঁধে চোট নিয়ে খেলা থেকে ছিটকে যাওয়ার খবর। ফিজ কখন চোট কাটিয়ে মাঠে ফিরবেন সেই প্রার্থনা যতটা তাঁর ভক্তকুলের। ও আরেকটা কথা, সাসেক্স টিমের ওয়েবসাইটে আপলোড করা মুস্তাফিজের ভিড়িও সাক্ষাৎকারটির ভিউ পাঁচ দিনেই কিন্তু লাখ ছাড়িয়েছে।