মুহম্মদ জাফর ইকবাল ও স্পেস শিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শোঁ-ওঁ-ওঁ-ওঁ-উ-ওঁ-ওঁ-ওঁ-উ...শোঁ-ওঁ-ওঁ-অঁ-ওঁ-ওঁ-অঁ-ও!’ আবার শোনা গেল শব্দটা। চমকে উঠলেন মুহম্মদ জাফর ইকবাল! এই নিয়ে দুবার শুনতে পেয়েছেন তিনি শব্দটা। ‘স্পেস শিপের শব্দ! ওটা স্পেস শিপের শব্দ! নিশ্চয়ই কোনো এলিয়েন পৃথিবীতে এসেছে!’ উত্তেজনায় চিৎকার করে উঠলেন তিনি। আবার শোনা গেল স্পেস শিপের শব্দ! কান পেতে শব্দটা শোনার চেষ্টা করলেন জাফর ইকবাল। তাঁর মনে হতে লাগল, শব্দটা তিনি আগে কোথাও শুনেছেন। কিন্তু কোথায় শুনেছেন সেটা মনে করতে পারছেন না। ইদানীং কাজের চাপে কিছুই মনে রাখতে পারেন না তিনি। শব্দটা কোথা থেকে আসছে, বোঝার চেষ্টা করলেন। শব্দ অনুসরণ করে এগোতে লাগলেন তিনি। কিন্তু শব্দটা থেমে যাওয়ায় আর এগোতে পারলেন না। নিরাশ হতে হলো তাঁকে। ‘বিষয়টা সাংবাদিকদের জানানো দরকার!’ আপন মনে বললেন তিনি। তাঁর কণ্ঠে চাপা উত্তেজনা! ছুটে গেলেন তিনি তাঁর টেবিলের কাছে। টেবিলের ওপর থেকে মোবাইল ফোনসেটটা তুলে নিলেন তিনি। সেটের স্ক্রিনে লেখা '3 Missed Calls'। কিন্তু কে বা কারা মিসড কল দিয়েছে সেটা নিয়ে চিন্তা করার মতো সময় তাঁর নেই। তিনি দ্রুত রস+আলোতে ফোন করলেন। উত্তেজনায় হাত কাঁপছে তাঁর! কিছুক্ষণ বাদেই ওপাশ থেকে ভেসে এল রস+আলোর বি.স.র কণ্ঠ, ‘হ্যালো, কে বলছেন?’ ‘হ্যালো, বি.স.! আমি মুহম্মদ জাফর ইকবাল বলছি!’ রীতিমতো চিৎকার করে উঠলেন মুহম্মদ জাফর ইকবাল। ‘আরে, স্যার আপনি?’ বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন বি.স., ‘আমি কি আপনাকে কোনোভাবে সহায়তা করতে পারি, স্যার?’ ‘হ্যাঁ, আমি যা বলছি তা মন দিয়ে শোনো! পৃথিবীতে এলিয়েন এসেছে! আমি তাদের স্পেস শিপের আওয়াজ শুনতে পেয়েছি!’ বললেন মুহম্মদ জাফর ইকবাল। তাঁর কণ্ঠে উদ্বেগ! বি.স. কিছু বলার আগেই লাইন কেটে দিলেন তিনি। তারপর একে একে সব পত্রিকার সাংবাদিকদের এ খবরটা ফোন করে জানিয়ে দিলেন। তাঁর কথা শুনে অবাক হয়ে গেলেন সাংবাদিকেরা! মোবাইল ফোনসেটটা টেবিলের ওপর রাখলেন মুহম্মদ জাফর ইকবাল। তারপর ধপাস করে চেয়ারের ওপর বসে পড়লেন তিনি। ঠিক এমন সময় আবার শোনা গেল স্পেস শিপের আওয়াজ, ‘শোঁ-ওঁ-ওঁ-ওঁ-উঁ...!’ এবার শব্দটা আরও জোরালো বলে মনে হচ্ছে। মনে হচ্ছে যেন স্পেস শিপটা কাছেই কোথাও রয়েছে। লাফিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি! চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন, কোত্থেকে আসছে শব্দটা। হঠাৎ তাঁর চোখ পড়ল টেবিলের ওপর রাখা তাঁর মোবাইল ফোনসেটের ওপর। সঙ্গে সঙ্গেই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে গেল তাঁর সামনে। এতক্ষণ তিনি যেটাকে স্পেস শিপের আওয়াজ ভেবেছেন, সেটা আর কিছুই নয়, তাঁর মোবাইল ফোনসেটের রিং টোন। এ জন্যই শব্দটা পরিচিত মনে হচ্ছিল তাঁর কাছে। হতভম্ব হয়ে মোবাইল ফোনসেটটির দিকে তাকিয়ে রইলেন তিনি! শরীয়তপুর।