মুহাম্মদ ইউনূসকে স্বপদে বহালের দাবিতে মানববন্ধন
মুহাম্মদ ইউনূসকে স্বপদে বহালের দাবিতে নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সূতিকাগারখ্যাত হাটহাজারী উপজেলার ফতেপুর মদনহাট এলাকায় সম্প্রতি মানববন্ধন করা হয়েছে। এক ঘণ্টার এ কর্মসূচিতে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, কুমিরা এলাকার গ্রামীণ ব্যাংকের ৩৮টি শাখার শিক্ষাঋণ গ্রহীতা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। একইভাবে শনিবার হাটহাজারী সড়কের মদনহাট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক পর্যন্ত সড়কে মানববন্ধন করা হয়। এতে গ্রামীণ ব্যাংকের সূতিকাগার জোবরা নবযুগ তেভাগা খামারের কর্মকর্তা, সদস্য ও গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শিক্ষাঋণ গ্রহীতা চট্টগ্রাম কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ইয়াসমিন আকতার বলেন, ‘২০০৭ সালে বাবা মারা গেলে আমার পড়ালেখা বন্ধের উপক্রম হয়। কারও কাছ থেকে টাকা ধার না পেয়ে শেষ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের শিক্ষাঋণ নিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছি।’ এ পর্যন্ত ৪০ হাজার টাকা ঋণ পেয়েছেন বলে জানান তিনি।