মুহুরীগঞ্জে চীন-বাংলা মৈত্রী ইপিজেড স্থাপনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মুহুরীগঞ্জ এলাকায় চীন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ‘চীন-বাংলা মৈত্রী ইপিজেড’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ২৭০টি ছোট-বড় শিল্পকারখানা স্থাপন এবং প্রায় ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ এপ্রিল চীন সরকারের একটি প্রতিনিধিদল ফেনীর বিভিন্ন এলাকা পরিদর্শনের পর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় এই ইপিজেড স্থাপনের সিদ্ধান্তের কথা জানায়। দেড় হাজার একর সরকারি খাস জমির ওপর ইপিজেডটি স্থাপনে প্রায় ৫০ হাজার কোটি টাকা খরচ হবে বলে সূত্রে জানা গেছে। ফেনী পৌরসভা সূত্র জানায়, ওই দিন সকালে চীনা প্রতিনিধিদলটি ঢাকা থেকে ফেনী এসে পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারীর সঙ্গে সাক্ষাৎ করেন। উভয়পক্ষ আলোচনা শেষে মেয়রসহ প্রতিনিধি দলটি সম্ভাব্য একাধিক এলাকা পরিদর্শন করেন। এতে মেয়র নিজাম উদ্দিন বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন। উভয়পক্ষ ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় ফেনী নদীর পাশে প্রায় দেড় হাজার একর সরকারি খাস জমিতে ইপিজেড স্থাপনের ব্যাপারে একমত হন। প্রতিনিধিদলের সদস্যরা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী প্রথম আলোকে জানান, প্রতিনিধিদলের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে, প্রস্তাবিত চীন-বাংলা মৈত্রী ইপিজেডে চীনের বিভিন্ন কোম্পানি প্রাথমিকভাবে ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ২৭০টি ছোট-বড় শিল্পকারখানা স্থাপন করবে। এতে প্রায় ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে ফেনীর মেয়রকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে।