মূকাভিনয়
আমির হোসেন মূকাভিনেতা। মূকাভিনয়ে মন ভরে, পেট চলে না। আমিরের পড়াশোনাও আহামরি কিছু নয়। চাকরির অনেক চেষ্টা-তদবির করল ও। কিন্তু মনের মতো কিছু জুটল না। শেষে মাকে পটিয়ে বাবার গাঁট থেকে বেশ কিছু টাকা খসাল। পাড়ি জমাল পশ্চিমা এক দেশে। কিন্তু দেশটি বাইরে থেকে যত চকমকে, ভেতরে অতটা নয়। বরং অর্থনৈতিক মন্দার দড়ির ওপর দাঁড়িয়ে সার্কাসের দড়াবাজের মতো টলছে। মাস কয়েক এখানে-সেখানে ছুটা কাজ করে কোনোমতে চলল আমির। তারপর প্রবাসজীবন একেবারে পানসে হয়ে গেল। দেশে ফিরবে কি ফিরবে না—এমন এক দোলাচলে দুলতে দুলতে একদিন সে এক চিড়িয়াখানায় গিয়ে হাজির। দর্শকদের ভিড় মন্দ নয়। মাথায় হরদম খোঁচাতে থাকা দু-পয়সার ধান্ধা ওর সামনে একটা পথ খুলে দিল। দেশে রাস্তার পাশে লোক জড়ো করে বিভিন্ন বড়ি বেচে ফটকা ধান্ধাবাজেরা। সেও তেমনি লোক জড়ো করে মূকাভিনয় দেখাতে পারে। এটা তো আর দেশ নয় যে মান যাবে। পশ্চিমে শিল্পের বিশেষ কদর রয়েছে বলে উল্টো বরং পকেট ভারী হতে পারে। স্থানীয় ভাষায় চেঁচিয়ে লোক জড়ো করল আমির। মূকাভিনয়ের যে অংশটা সবচেয়ে ভালো পারে, তা দেখাল ও। হাততালি আর বাহবার সঙ্গে বেশ টাকাও জুটল। অনেক দিন পর হাসি ফুটল আমিরের মুখে। এদিকে জটলা দেখে চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক এসে হাজির। আমিরের মূকাভিনয় দেখে তিনিও মুগ্ধ। কিন্তু এই লোক রোজ এখানে এসে এভাবে অভিনয় দেখালে তা উপদ্রব হয়ে দাঁড়াবে। এক ঢিলে দুই পাখি মারার মতলব আঁটলেন তিনি। আমিরকে ডেকে বললেন, ‘আপনি এক কাজ করুন। এখানে গরিলার যে খাঁচাটা আছে, এর ভেতর ঢুকে যান।’আমির চোখ কপালে তুলে বলল, ‘কী বলছেন আপনি! সেধে গিয়ে মরি আর কি। গরিলার খাঁচায় ঢুকলে ওটা আমাকে আস্ত রাখবে ভেবেছেন? এক আছাড়ে হাড়গোড় সব এক করে দেবে।’তত্ত্বাবধায়ক অভয় দিয়ে বললেন, ‘আরে, গরিলা তো এখন আর নেই। কিছুদিন আগে মরেছে। জানেন, ওটাই ছিল আমাদের এই চিড়িয়াখানার মূল আকর্ষণ। গরিলার মজার কাণ্ডকারখানা দেখতে রোজ ওই খাঁচার সামনে অনেক দর্শক ভিড় জমাত।’‘তা, আমাকে ওই গরিলার খাঁচায় ঢুকতে বলছেন কেন?’ জানতে চাইল আমির। ‘আপনি যেহেতু ভালো মূকাভিনয় জানেন, কাজেই গরিলার নিখুঁত অভিনয় আপনাকে দিয়ে হবে। ওই খাঁচায় আপনি গরিলা সেজে ঢুকবেন। গরিলার মতো মজার কাণ্ডকারখানা করবেন। নতুন গরিলা না পাওয়া পর্যন্ত চালিয়ে যাবেন এভাবে। বিনিময়ে মোটা অঙ্কের পারিশ্রমিক পাবেন।’আমির ভাবল বেকার ফ্যা ফ্যা ঘোরার চেয়ে মন্দ কী। রাজি হয়ে গেল ও। পরদিন খুব ভোরে দর্শনার্থীরা আসার আগেই গরিলার বেশ ধরে খাঁচার ভেতর ঢুকল আমির। পাশের খাঁচায় থাকা বিশাল ধড় এক আফ্রিকান সিংহ সগর্জনে স্বাগত জানাল ওকে। গরিলা ও সিংহের খাঁচার মাঝখানে লোহার মোটা শিকের একটা বেড়া। ওপরের দিকটা আবার ফাঁকা। সিংহ যদি কোনোমতে একবার বেড়া ডিঙিয়ে এপাশে আসতে পারে, তবেই হয়েছে। কিন্তু বেড়াটা যথেষ্ট উঁচু। আর সিংহ যে বেড়া ্বেয়ে উঠবে, সে ব্যবস্থাও নেই। এ জন্য রক্ষে। তবে গরিলা চাইলে সিংহের খাঁচায় যেতে পারবে। কিন্তু আমির সজ্ঞানে অন্তত সে চিন্তা করবে না। খানিক পর যখন দর্শক আসতে লাগল, গরিলার অনুকরণে ক্রীড়াকৌতুকে মেতে উঠল ও। দর্শক সত্যিই অন্যান্য খাঁচার চেয়ে গরিলার খাঁচায় বেশি ভিড় জমাল। অনেকে কলা, আপেল, কমলাসহ বিভিন্ন ফল ছুড়ে দিতে লাগল। আমির সেগুলো জমাতে লাগল এক জায়গায়। মনে মনে খুব খুশি ও। কাজ শেষে মজা করে খাওয়া যাবে। অবশ্য দুষ্টু কয়েকটি ছেলের ঢিলও হজম করতে হলো। ভাগ্যিস, গরিলার পোশাকটা বেশ পুরু। নইলে পিঠ আর পাঁজরের হাড় ছাতু হয়ে যেত। কিন্তু মানুষ কি আর একটানা গরিলা হয়ে থাকতে পারে? শিগগিরই রিঙে ঝোলা আর গাড়ির ঝুলন্ত টায়ারে বসে দোল খাওয়া আমিরের কাছে একঘেয়ে হয়ে উঠল। দেখা গেল, গরিলার খাঁচার কাছেও দর্শকদের আনাগোনা কমে যাচ্ছে। আমির তার একঘেয়েমির কথা জানাল তত্ত্বাবধায়ককে। বলল, এ কাজে আর মন বসছে না। তত্ত্বাবধায়ক বললেন, ‘কসরতে নতুনত্ব আনুন। একঘেয়েমি কেটে যাবে। ভিড়ও বাড়বে। চিন্তা নেই, পারিশ্রমিক বাড়িয়ে দেব।’পরদিন থেকে আমির সিংহটাকে খোঁচাতে শুরু করল। এতে খেপে গিয়ে হুংকার ছাড়তে শুরু করল সিংহ। দর্শকেরা এতে বেশ মজা পেল। সত্যিই গরিলা ও সিংহের খাঁচার সামনে ভিড় বাড়তে লাগল। উৎসাহ পেয়ে আমিরের সাহস গেল বেড়ে। সে লোহার বেড়ার মাথায় উঠে সিংহের খাঁচার দিকে ঝুলে পা ঝাড়তে শুরু করল। এতে সিংহ আরও খেপে গেল। নিচ থেকে বারবার ওপরের দিকে লাফ দিতে লাগল ওটা। পারলে গরিলারূপী আমিরকে ছিঁড়ে ফেলে। এই দৃশ্য দর্শকদের কাছে খুব রোমাঞ্চকর হয়ে উঠল। দেখা গেল, উত্তেজনায় কেউ কেউ কাপড়ও ভিজিয়ে ফেলছে। বেড়ে গেল চিড়িয়াখানার দর্শক। আমিরের আয়ও গেল বেড়ে। তারপর একদিন ঘটে গেল অঘটন।সেদিন সিংহের খাঁচার ওপাশে ঝোলার সময় হাত ফসকে গেল আমিরের। ধুপ্ করে খেপা সিংহের সামনে পড়ে গেল ও। আতঙ্কে তালজ্ঞান লোপ পেল আমিরের। কিসের গরিলা সেজে মূকাভিনয়, সব ভুলে মাতৃভাষায় চেঁচাতে লাগল, ‘ও রে বাবা, সিংহটা আমাকে খেয়ে ফেলল রে! তোমরা জলদি এসো, বাঁচাও আমাকে!’দর্শকদের রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড়। গরিলা যে এমন কথা বলতে পারে, দেখা দূরে থাক, জন্মেও শোনেনি তারা। আর কোন্ ভাষায়ই বা কথা বলছে গরিলাটা? এদিকে আমির দু-পায়ে খাড়া হয়ে চোঁ-চোঁ দৌড়াচ্ছে, পেছনে সবেগে ছুটছে সিংহটা। এক পর্যায়ে সিংহ আমিরের মতো একই ভাষায় বলে উঠল, ‘ও রে বান্দর, থাম। তোর চাকরি তো গেছেই, আমারটাও খাবি!’ওয়েবসাইট অবলম্বনে