মূকাভিনয়ে এ সময়ের সমাজচিত্র
চট্টগ্রামের মূকাভিনয় দল ‘প্যান্টোমাইম মুভমেন্ট’ এ বছর ১৮ বছরে পা দিয়েছে। এ উপলক্ষে দুই দিনব্যাপী মূকাভিনয় উৎসব জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয়েছে ৫ মে।শেষ দিনে অনাদিকল্পের মূক নাটক তৃতীয় বিশ্ব এবং প্যান্টোমাইম মুভমেন্টের অদ্ভুত পুতুল মঞ্চস্থ হয়। এ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উঠে এসেছে অনাদিকল্পের মূক নাটকে। সীমান্তবর্তী একটি গ্রামকে ঘিরে আবর্তিত হয় কাহিনি। গ্রামটি হয়ে ওঠে সমগ্র তৃতীয় বিশ্বেরই প্রতিচ্ছবি। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক সম্পদের ওপর বহির্বিশ্বের লোভ, সর্বোপরি বিদেশি মোড়লদের হস্তক্ষেপে ক্ষত-বিক্ষত তৃতীয় বিশ্বের মানুষের আর্তি উঠে এসেছে এই নাটকে। এই মূক নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন মাসউদুর রহমান। অনাদিকল্পের তৃতীয় বিশ্ব-এর পর মঞ্চে উপস্থাপিত হয় প্যান্টোমাইম মুভমেন্টের নকশা মূকাভিনয় অদ্ভুত পুতুল। কিছু টুকরো গল্প নিয়ে নির্মিত এ মূকাভিনয়টি রচনা করেছেন রাজ ঘোষ এবং নির্দেশনায় ছিলেন রিজোয়ান রাজন। এর আগে ৪ মে মঞ্চস্থ হয় প্যান্টোমাইম মুভমেন্টের মূক নাটক বাঁচার সংগ্রাম। এরপর দ্য আনসার্টেইন ওয়ার্ল্ড শিরোনামে রাজ ঘোষ নির্দেশিত ও অভিনীত একক মূকাভিনয় মঞ্চস্থ হয়।