
উদ্যানের গাছটিতে পাখি এসে বসে। বিশ্রাম নেয়, গান করে। পাখির গানে ভরে যায় গাছটির হৃদয়। উদ্যানে হাঁটতে আসা মানুষজনকে সে ভালোবাসে। বিশেষ করে গাছের ছায়ায় যে নারীটি সন্তান কোলে নিয়ে প্রায়ই এসে বসেন, তাঁর সঙ্গে যেন সখ্যই গড়ে ওঠে। এমন গাছটিতে হঠাৎ একদিন কুঠারের আঘাত পড়ে। লোভী মানুষ তার প্রয়োজন মেটাবে বলে কেটে নিতে চায় গাছটি। কিন্তু রুখে দাঁড়ান নারী। কুঠারের সামনে প্রথম নিজেকে এরপর সন্তানকে এগিয়ে দেন তিনি। কাঠুরে দমে যায়, বা বাৎসল্যের কাছে পরাজিত হয়। নিজের ভুল বুঝতে পেরে কুঠারটা ছুড়ে ফেলে দেয় সে।
সংলাপ ছাড়াই সব কথা বুঝে যায় দর্শক। বৃক্ষ ও প্রকৃতি নিয়ে মূকাভিনয়ের পর্বটি দেখে তাই চোখ ভিজে ওঠে দর্শকের। ফরাসি সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে ২১ মার্চ নগরের আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হয় অনাদিকল্পের ঘণ্টাখানেকের মূকাভিনয় প্রদর্শনী। ছোট ছোট বেশ কয়েকটি কাহিনি দিয়ে সাজানো হয় প্রদর্শনীটি। কৈশোরের রঙিন দিন, ইভ টিজিং, গ্রাম্য চোরের কাহিনি উপজীব্য হয়ে এসেছে এই প্রযোজনায়। ইশারা ভাষা কখনো যে মুখের কথার চেয়ে জোরালো হয়, এই প্রদর্শনী দেখে সেটাই মনে হয়েছে দর্শকদের। মূক নাটকটের সংগীত ও আলোক পরিকল্পনায় ছিলেন রাফসান গালিব। প্রযোজনাটি নির্দেশনায় ছিলেন মাসউদুর রহমান।
এর আগে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী ভাষণ দেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার। এরপর সভাপতির বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজের চট্টগ্রামের সভাপতি শামসুদ্দীন খান। সংস্থার গত অর্থবছরের অর্থনৈতিক প্রতিবেদন পড়ে শোনান কোষাধ্যক্ষ অসীম কুমার নন্দী। এরপর আলিয়ঁস ফ্রঁসেজের ২০১৬ সালের সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রমের প্রতিবেদন পড়ে শোনান সম্পাদক গুরুপদ চক্রবর্তী।