মূকাভিনয়ের উজ্জ্বল মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূকাভিনয় দিয়ে তিনি জয় করেছেন পৃথিবীর নানা প্রান্ত। মূকাভিনয় আর পার্থ প্রতিম মজুমদার এখন আমাদের কাছে সমার্থক। ‘মাস্টার অব মাইম’ উপাধি, একুশে পদক ও মলিয়ের অ্যাওয়ার্ডসহ জিতেছেন বহু সম্মাননা-স্বীকৃতি। সম্প্রতি তাঁর মুকুটে যোগ হয়েছে ফ্রান্সের সর্বোচ্চ সাংস্কৃতিক খেতাব। তাঁকে নিয়ে এবারের মূল রচনা।ঢাকা থেকে প্যারিস যোজন যোজন দূর। ‘সাত সমুদ্র তের নদী’ পেরিয়ে ফোনকলটা যখন ওপারে পৌঁছায়, ঢাকায় তখন ভরদুপুর। প্যারিসে ফোন বাজে। একবার, দুবার। মনে শঙ্কা। পুরোদস্তুর একজন ফরাসি নাইট-এর সঙ্গে আলাপচারিতা। শঙ্কা তো একটুখানি থাকেই। কিন্তু কোথায় কী? ওপাশে কল রিসিভ হতেই নিমেষে কর্পূরের মতো উবে গেল সব। শুরুর প্রশ্ন—দাদা এখন থেকে কি আপনাকে আমার মশিয়েঁ ডাকতে হবে? শুনেই তিনি এক চোট হাসলেন। গলায় বন্ধু-বড়ভাই সুলভ উষ্ণতা ঢেলে জানিয়ে দিলেন, ‘শোনো, হয়েছে কী, ফ্রান্সে মশিয়েঁটা আসলে ইংরেজি মিস্টার আর মিসেস এর মতোই খুব সাধারণ একটা সম্বোধন। নাইট প্রাপ্তির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’কিন্তু তার মানে এই নয় যে নাইট প্রাপ্তিটা খুব ছোট ব্যাপার। এখন থেকে তাঁর নামের শেষে ‘নাইট উপাধিপ্রাপ্ত’—এ কথাটি লেখা হবে আজীবন। প্রেসিডেন্ট হাউসসহ ফ্রান্সের সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিমন্ত্রণ থাকবে তাঁর। সব মিলিয়ে আদতেই এলাহী ব্যাপার। ১০ মে পার্থ প্রতিম মজুমদারের হাতে এসে পৌঁছেছে ফরাসি নাইট উপাধিপ্রাপ্তির অভিনন্দনপত্র। নাইট উপাধিপ্রাপ্তির খবরে উল্লসিত হয়ে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত শার্লি গুজরেত তাঁকে লিখেছেন, ‘আমি অন্তরের অন্তস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই। সারা পৃথিবীতে তুমি মূকাভিনয়কে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছ। তুমি সত্যিই এই সম্মানের যোগ্য।’তবে এমন ঘটনা মোটেও নতুন নয় তাঁর জন্য। দুই যুগের বেশি সময় হয়ে গেল ছবির দেশ আর কবিতার দেশে থিতু হয়েছেন। দেশ-বিদেশে পেয়েছেন অগণন সম্মাননা-স্বীকৃতি। এখনো পার্থ প্রতিম মজুমদার নামের মূকাভিনয়-জগতের এই কিংবদন্তির মন-প্রাণজুড়ে আছে কেবল বাংলাদেশ। কদিন বাদে ঢাকায় সত্যি সত্যিই আর আকাশ দেখার সুযোগ থাকবে কি না, এমনতর বিষয়-আশয় নিয়ে বেজায় চিন্তিত তিনি। মূকাভিনয় নিয়ে বড়সড় যে স্বপ্নটা দেখছেন বেশ কিছুদিন ধরে, সেটাও প্রিয় বাংলাদেশকে ঘিরে। দুকথা জিজ্ঞেস করার আগেই অবলীলায় ডুব দিলেন নিজের শৈশবে। সুদূর প্যারিস থেকে এক লহমায় ফিরে গেলেন পাবনা জেলার কালাচাঁদপাড়ায়। বছর পঞ্চাশেক আগের কোনো একসময়ে।কিছু শৈশব১৯৫৪ সালের ১৮ জানুয়ারি পাবনার কালাচাঁদপাড়ায় জন্ম তাঁর। বেজায় রোগা-পটকা দেখতে হলেও ছেলেবেলায় পেল্লায় একখানা ডাকনাম রাখা হয়েছিল। মহাভারতের সবচেয়ে শক্তিশালী চরিত্র ভীমের নামে নাম। কেতাবি নামও ছিল একটা—প্রেমাংশু কুমার বিশ্বাস। বাবা হিমাংশু কুমার বিশ্বাস ছিলেন নামকরা ফটোসাংবাদিক এবং দারুণ সংস্কৃতিমনা একজন। পাবনা শহরেই তাঁর স্টুডিও ছিল। আর ছিল একটা সাইকেল। সেই সাইকেল নিয়ে যখন ছবির সন্ধানে বেরোতেন, প্রায় সময় সঙ্গী হতো ভীম। মা সুশ্রিকা বিশ্বাসের ঝোঁক ছিল গান-বাজনার দিকে। ভারি সুন্দর ভজন গাইতেন তিনি। বাড়িতে তাই জায়গা করে নিয়েছিল হারমোনিয়াম। সেই সূত্রে অন্য ভাইবোনদের মতো ভীমেরও হারমোনিয়ামের সঙ্গে সখ্য। তবে গান-বাজনা নয়, শিগগিরই ভীমের বিশেষ প্রতিভা লক্ষ করা গেল অন্য জায়গায়। অনুকরণ করার কাজে রীতিমতো ইশ্বর প্রদত্ত প্রতিভা ছিল ভীমের। বাড়িতে ভিক্ষুক এসেছে। চেঁচিয়ে দুমুঠো ভাত ভিক্ষে চাইছে। ভীমকে দেখা যাবে সেই ভিক্ষুকের সঙ্গে। অবিকল একই রকম অঙ্গভঙ্গি করতে করতে ভিক্ষুকের পিছু পিছু চলেছে। পাবনায় সেকালে চৈত্রসংক্রান্তির দিনে হাজরা নামের এক ধরনের আয়োজন হতো। হিন্দুবাড়ির ছেলেরা সন্ন্যাস নিত। উপবাস করত। আর সন্ধ্যাবেলায় বড়লোকদের বাড়ির সামনে আসর জমাত। হ্যাজাক বাতির আলো ঘিরে জমায়েত হতো পাড়াসুদ্ধ মানুষজন। ঢোল-করতাল বাজত। আর নানা ইশারা-ইঙ্গিতে ফুটে উঠত কখনো রাধাকৃষ্ণ, আবার কখনো শিব-পার্বতীর কাহিনি। এই ইশারা আর ইঙ্গিতের ভাষাই হয়তো পার্থ প্রতিমের জীবনে গভীরভাবে ছাপ ফেলে থাকবে। আর ছিল বনমালী ইনস্টিটিউট। বাবা ছিলেন সেখানকার সদস্য। সেই সুবাদে আলী বাবা চল্লিশ চোর থেকে শুরু করে কম নাটক দেখা হয়নি। বাড়ি ফিরে এলে থিয়েটারের সেই বিচিত্র চরিত্রগুলোই ফিরে আসত অন্যভাবে। মশারির স্ট্যান্ডে মায়ের শাড়ি ঝুলিয়ে তৈরি হতো মঞ্চ। তারপর শুরু হতো যাকে বলে ‘থিয়েটার থিয়েটার’ খেলা। কলকাতার ডাকবাড়ির কাছের জুবলি স্কুলে আসা-যাওয়া করে, দিনমান তিড়িং-বিড়িং আর ছোটাছুটি করে, ডাংগুলি পিটিয়ে, থিয়েটার আর সিনেমা দেখে দিনগুলো কাটছিল বেশ। কিন্তু অকস্মাৎ মোড় নিল জীবন। কাকা সুধাংশু কুমার প্রায় শোনাতেন কলকাতা নামের এক মোহ নগরের গল্প। সেই নগরে কত কী হয়! বাবার ইচ্ছে কলকাতায় গিয়ে পড়ালেখা করুক তাঁর ছেলেরা। তখন সবে প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়েছে ছোট্ট ভীম। কাকাই ভিসা ইত্যাদি বন্দোবস্ত করলেন। অতঃপর শুভ দিন দেখে ভাই আর কাকার সঙ্গে ভীম যাত্রা করল শহর কলকাতার পানে। কলকাতার অদূরে চন্দন নগরে শুরু হলো ভীমের নতুন জীবন। সেখানে নতুন স্কুলে ভর্তি করানো হলো ভীমকে। সেখানকার নামি স্কুলে বিদ্যা শিক্ষা করে ছেলে মস্ত বড় চিকিৎসক নয়তো প্রকৌশলী হবে। এই মা-বাবার ইচ্ছে। কিন্তু ভাগ্যদেবী ভাবছিলেন অন্যকিছু। নয়তো কলকাতার পূর্ণদাশ রোডে কাকুর বাড়ি বেড়াতে গিয়ে কেন দেখা হয়ে যাবে সেই ‘পাগলাটে’ লোকটার সঙ্গে। পাশের বাসার সেই লোকটা এক জায়গায় দাঁড়িয়ে কেমন নিঃশব্দ ভঙ্গিতে হাঁটে। কী সব অদ্ভুত অঙ্গভঙ্গি করে। ভীম তাঁকে পাগল ভাববে না তো কী। কৌতূহল চাপতে না পেরে ভীম কাকিমাকে বলেই ফেলল সে কথা। শুনে কাকিমা হেসেই খুন; ছেলে বলে কী। কাকিই জানালেন তাঁর নাম যোগেশ দত্ত। মস্তবড় শিল্পী তিনি। কথা না বলেই তিনি প্রকাশ করতে পারেন মনের ভাব। তিনি যে শিল্পটা চর্চা করেন, তার নাম মূকাভিনয়। বটে! ভীমের মাথায় এবার নতুন ভূত চাপল। যে করেই হোক, এই লোকের শিষ্যত্ব গ্রহণ করা চাই। কিন্তু যোগেশ দত্ত রাজি নন। শিল্পীর জীবন তো খুব মধুময় কিছু নয়। এরচেয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়াটা ঢের লাভজনক। ম্যালা টাকাপয়সা আয়-ইনকাম। ভীম মানে আমাদের ছেলেবেলার পার্থ প্রতিম মজুমদার কিন্তু গোঁ ধরে রইলেন ঠিক। যোগেশ দত্ত তাঁর নয়া শিষ্যকে মেনে নিলেন। অবশ্য সঙ্গে লেখাপড়াটাও চালিয়ে যাওয়ার শর্ত মানতে হলো নানামুখী চাপে। তারপর একদিন যোগেশ তাঁকে শেখালেন জায়গায় দাঁড়িয়ে হাঁটার কৌশলটা। সেটাই মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারের প্রথম হাতেখড়ি। প্রেমাংশু থেকে পার্থ প্রতিমএর মধ্যেই ঘনিয়ে এল ১৯৭১। পার্থরা রাতারাতি হয়ে গেলেন ‘রিফিউজি’। নিজের জন্মভূমিতে ফিরলেন দেশ স্বাধীন হওয়ার পর। মিউজিক কলেজের প্রতিষ্ঠাতা বারীণ মজুমদার ছিলেন বাবার দূর সম্পর্কের আত্মীয়। প্রায়ই আসতেন ভীমদের বাড়ি। তিনিই একদিন প্রস্তাব দিলেন ভীমকে ঢাকায় তাঁর কাছে নিয়ে যাবেন। ঢাকায় গেলে অনেক কিছুর সুবিধে। বাবা-মা রাজি হলেন তাঁদের মেজ ছেলেকে দত্তক দিতে। ঢাকায় এসে প্রেমাংশু কুমার বিশ্বাস ওরফে ভীমের নতুন নাম দেওয়া হলো পার্থ প্রতিম মজুমদার। ২৮ নম্বর সেগুনবাগিচায় ঢাকা মিউজিক কলেজ। সেই কলেজকে ঘিরে শুরু হলো পার্থর আরেক জীবন। চেষ্টা আর সাধনায়, গানে আর মূকাভিনয়ে আস্তেধীরে নিজের দখল বাড়াতে লাগলেন পার্থ। তার সুফলও পেতে শুরু করলেন অচিরেই। যদিও মূকাভিনয় ব্যাপারটা তখনো ঢাকার বেশির ভাগ লোকের কাছেই অচেনা। টিভির প্রযোজক আলিমুজ্জামান মূকাভিনয় দেখে মুগ্ধ হয়ে প্রস্তাব দিলেন এই কাজটা টেলিভিশনে করার। ‘রংধুন’ অনুষ্ঠানে তাঁর পারফরম্যান্স করলেন। বাংলাদেশের টিভি দর্শক পরিচিত হলো ‘মাইম’ নামের নতুন এক শিল্পের সঙ্গে। রাতারাতি বড় ধরনের শোরগোল পড়ে গেল। সেটা ১৯৭৫ সাল। এর পর থেকেই নিয়মিত টিভিতে ডাক পড়তে থাকে তাঁর। কখনো বাসযাত্রীর দুর্ভোগ, কখনো লোডশেডিং। নগরজীবনের বিবিধ বিড়ম্বনা ভিন্ন এক রূপে উঠে আসতে থাকে পার্থর মূকাভিনয়ে। ‘আপনপ্রিয়’, ‘যদি কিছু মনে না করেন’, ‘বলা বাহুল্য’-এর মতো অনুষ্ঠানে পার্থ ছিলেন নিয়মিত মুখ। ফরাসি সৌরভ বাংলাদেশে মূকাভিনয় বা মাইম আর পার্থ প্রতিম নামটা মোটামুটি সমার্থক হয়ে গেছে। মানুষজন রাস্তাঘাটে চিনতে শুরু করেছে। তারকা খ্যাতির এমন সময়ে গায়ে এল সুদূর ফ্রান্সের ডাক। ফ্রান্স সরকারের বৃত্তি। সময় ১৯৮১ সাল। পাবনার কালাচাঁদপাড়ার ভীম। ঢাকার পার্থ প্রতিম পাড়ি জমালেন ফ্রান্সে। পেলেন জগদ্বিখ্যাত মাইম শিল্পী মার্সেল মার্সোর দুর্লভ সান্নিধ্য। কেমন ছিল সেখানে শুরুর দিনগুলো? পার্থ প্যারিসে বসেই বলছিলেন:‘যখন মার্সোর সঙ্গে ছিলাম, দিনগুলো কী যে ব্যস্ততায় কাটত। প্যারিসের প্রাণকেন্দ্রে ছিল মার্সোর পাঠশালা। অথচ প্রথম পাঁচ বছর সে অর্থে প্যারিস দেখার ফুরসতই পাইনি। সেই সকাল আটটায় যেতাম মার্সোর স্কুলে। সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত ক্লাস। মাঝে শুধু লাঞ্চ ব্রেক। দুই ঘণ্টা করে প্রতিটা ক্লাস। ব্যালে, বুল ফাইট কত কীই না শিখতে হতো সেখানে। অনেক সময় রাত ১২টা অবধি রিহার্সেল থাকত। সারা পৃথিবীর নামজাদা অধ্যাপকেরা আসতেন মার্সোর পাঠশালায়। মাইমের সেরা পীঠস্থান ছিল সেটি।’ মার্সেল মার্সোকে দেখে বুঝেছিলেন সত্যিকার মাইম আসলে কাকে বলে। বুঝলেন, তাঁর শেখার এখনও অনেক বাকি। এখন গুরু মার্সো নেই। তাঁর সঙ্গে মহামূল্যবান স্মৃতিগুলো আছে পাথেয় হয়ে। আর আছে মূকাভিনয়ের এই জগৎ-গুরুর কাছ থেকে পাওয়া পুত্রবৎ স্নেহ। শো নিয়ে নিত্যকার ব্যস্ততা। ছায়াছবির শুটিং থাকলে শুটিংয়ে সময় দেওয়া। অল্পকিছু বন্ধুবান্ধব যারা আছে, তাদের সঙ্গে আড্ডা। আর ফুরসত মিললেই প্রিয় জায়গা জর্জ পঁম্প্রিউদু সেন্টারে ছুটে যাওয়া। ঘণ্টার পর ঘণ্টা গান শুনে সময় কাটানো। প্রিয় শখ রান্নাবান্না। স্ত্রী জয়শ্রী (ঝুমু), ছেলে সুপ্রতিম আর মেয়ে দোয়েলকে নিয়ে সংসার। এভাবে চলছে জীবন। জীবনের বড় সময় ফ্রান্সে কাটালেও সবচেয়ে বড় স্বপ্নটা এখনো বাংলাদেশকে ঘিরে। বাংলাদেশে একটা মাইম একাডেমি গড়ার ইচ্ছে তাঁর বহুদিনের। পার্থ বলছিলেন:‘সব ধরনের পারফর্মিং আর্টসের ভিত্তি মূকাভিনয় বা মাইম। সুন্দরভাবে দাঁড়ানোটাই তো একটা শিল্প হয়ে উঠতে পারে। আমাদের দেশের বাচ্চাকাচ্চাদের জীবন এখন কেমন বাক্সবন্দী হয়ে গেছে। ওদের মনোবিকাশের জায়গার বড় অভাব। চেতনা বিকাশের জন্য মূকাভিনয়ের কোনো তুলনা হয় না।’ দেশ ছেড়েছেন সেই কবে। বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন মূকাভিনয় দিয়ে সুদীর্ঘ সময়। তবু দেশের জন্য ভাবনা-চিন্তা তাঁর ফুরোনোর নয় কিছুতেই।