মূর্তের বিমূর্তায়ন
গাছের পাতা, বীজ, বালু, ইট-কাঠ, কাচ, কাপড় ইত্যাদি প্রাকৃতিক ও দৈনন্দিন ব্যবহার্য জিনিস দিয়েও তৈরি হতে পারে বিমূর্ত শিল্পকর্ম। পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্টের উদ্যোগে বিমূর্ত শিল্পমাধ্যমের ওপর অনুষ্ঠিত কর্মশালায় তরুণ শিল্পীরা নতুন শিল্পভাবনায় জারিত হওয়ার সুযোগ পেলেন। ফুলকি প্রাঙ্গণে ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চার দিনের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন স্পেনের শিল্পী ফ্রান্সিসকো দিয়া মুনো। ফ্রান্সিসকো দিয়া মুনোর কাজ অন্যান্য বিমূর্ত শিল্পীর চেয়ে আলাদা। তাঁর কাজের মধ্যে প্রাকৃতিক ও দৈনন্দিন জীবনের ব্যবহার্য নানা উপাদানের উপস্থিতি থাকে। পোড়াপাড়ার সভাপতি আবু নাসের বলেন, ‘নিসর্গ কী করে ক্রমান্বয়ে বিমূর্ততার হাত ধরেছে, দিয়া মুনোর সঙ্গে কাজ করলে তা বোঝা যায়।’ কর্মশালায় অংশ নেওয়া শিল্পীরা তাই ক্যানভাসের বদলে বেছে নিয়েছেন কাগজের বোর্ড, তেল বা রঙের কাজ সেরেছেন ইটের গুঁড়ো ও পাতার রস দিয়ে। ১৪ থেকে ১৮ অক্টোবর কর্মশালায় অংশ নেওয়া শিল্পীদের কাজের প্রদর্শনী হয় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) আর্ট গ্যালারিতে। প্রদর্শনীতে শিল্পী ফ্রান্সিসকো দিয়া মুনোর একক উপস্থাপনা মুগ্ধ করে দর্শকদের। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন—শায়লা শারমিন, কাজল দেবনাথ, সারোয়ার জামিল, ফারজানা ইয়াসমিন, আফজুনের নূর, উদয় দেবনাথ, রবিউল ইসলাম, জিহান করিম, স্মিতা পুরোকায়স্থ, মেহেরুন আকতার, আফসানা শারমিন, বিজয় দাসগুপ্ত, জান্নাতুল ফেরদৌস, বদরুন্নেসা, মহুয়া, রোকসানা ইয়াসমীন, সিরাজাম মুনিরা, মো. মুক্তারুজ্জামান, আনিসুজ্জামান, সুলতানা সাবরিনা, মামুর আহসান, রিপন সাহা এবং ওয়াহেদুজ্জামান প্রমুখ।নিজের শিল্পকর্ম সম্পর্কে ফ্রান্সিসকো দিয়া মুনো বলেন, ‘মূলত উপাদানের ভাষা বোঝার চেষ্টা করেছি। প্রকৃতির সঙ্গে, জীবনের সঙ্গে শিল্পের সমন্বয় ঘটানোর চেষ্টা করেছি।’ প্রদর্শনী দেখতে আসা শিল্পী ঢালী আল মামুনের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, ‘বেশ ভালো লাগছে, অনেক নতুন ধরনের কাজ হচ্ছে।’