মূল আলোচনায় জাবেদ ও কালাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকেই জমে উঠেছে আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম-১২) আসনের নির্বাচনী আসন। কারা প্রার্থী হচ্ছেন, শেষ পর্যন্ত মাঠে কারা থাকবেন এবং সবশেষে বিজয়ের মালা জুটবে কার ভাগ্যে—এ নিয়ে শুরু হয়েছে আলাপ-আলোচনা। সাবেক সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। ৯ ডিসেম্বর এখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৩ ডিসেম্বর বাছাই, ৩১ ডিসেম্বর প্রত্যাহার এবং ১৭ জানুযারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে তিনজন, বিএনপির পক্ষে তিনজন ও জাতীয় পার্টির একজন প্রার্থী হবেন। আওয়ামী লীগ সমর্থক সম্ভাব্য প্রার্থীরা হলেন আখতারুজ্জামান চৌধুরীর বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী ও ছাত্রলীগের সাবেক নেতা শাহজাদা মহিউদ্দিন। বিএনপির পক্ষে থাকছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি প্রয়াত শিল্পপতি জামাল উদ্দিন চৌধুরীর ছেলে চৌধুরী ফরমান রেজা ও দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক আলী আব্বাস। জাতীয় পার্টির পক্ষে প্রার্থী হবেন তপন চক্রবর্তী। এ ছাড়া কেন্দ্রের নির্দেশ পেলে নিজের করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম। তবে এঁদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী ও আবুল কালাম চৌধুরীর নাম। জানা গেছে, এঁরা দুজনই দল থেকে মনোনয়ন চাইবেন। তবে সাইফুজ্জামান চৌধুরীর মনোনয়ন লাভের সম্ভাবনা বেশি। এ ক্ষেত্রে কালাম হবেন বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী।উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে স্বীকার করে প্রথম আলোকে জাবেদ বলেন, ‘আমি আনোয়ারার উন্নয়নে জনগণের সহযোগিতা চাই।’ ৮ ডিসেম্বর আনোয়ারা কলেজ মাঠে আখতারুজ্জামান চৌধুরীর শোকসভায় জাবেদ তাঁর বাবার অসমাপ্ত কাজ শেষ করার লক্ষ্যে রাজনীতিতে আসার ঘোষণা দেন। বর্তমানে আনোয়ারার বিভিন্ন স্থানে সামাজিক অনুষ্ঠানেও যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এদিকে আবুল কালাম চৌধুরীর ঘনিষ্ঠ সূত্র জানায়, উপনির্বাচনে তিনি দলের মনোনয়ন চাইবেন। তবে মনোনয়ন না পেলেও ‘বিদ্রোহী’ কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি। জানতে চাইলে কালাম চৌধুরী বলেন, ‘আমি আওয়ামী লীগের মাঠ-ময়দানের কর্মী। দলের দুঃসময়ে মাঠ ছাড়িনি। তাই উপনির্বাচনেও নেত্রীর কাছে মনোনয়ন চাইব।’ মনোনয়ন না পেলে নির্বাচন করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নেতা-কর্মীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব।’শাহজাদা মহিউদ্দিন বলেন, ‘আমি আনোয়ারার মানুষের কাছে থাকতে চাই, তাই মনোনয়ন চাইব, নেত্রী মনোনয়ন দিলে নির্বাচন করব।’এদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ নেবে কি না তা নিশ্চিত না হলেও দক্ষিণ জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক চৌধুরী ফরমান রেজা ভোটারদের দোয়া চেয়ে এরই মধ্যে এলাকায় পোস্টারিং করেছেন এবং এলাকায় গণসংযোগ করছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘উপনির্বাচনে আমি অংশ নেব এবং দল থেকে মনোনয়ন চাইব।’ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আব্বাস নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করে বলেন, ‘দল নির্বাচনে না এলে এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব।’ নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে উপনির্বাচন করার ইচ্ছে আমার নেই।’ জাতীয় পার্টির নগর কমিটির সদস্যসচিব তপন চক্রবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন। স্থানীয় ভোটাররা জানান, যদি বিএনপি নির্বাচন বর্জন করে সে ক্ষেত্রে মূল লড়াইটা জমবে জাবেদ-কালামের মধ্যে। কারণ এলাকায় আখতারুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত ও পারিবারিক ভাবমূর্তি যেমন জাবেদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে, তেমনি দীর্ঘদিন ধরে আখতারুজ্জামান চৌধুরীর পাশে থেকে আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে কালামেরও তৃণমূলে মোটামুটি একটা অবস্থান সৃষ্টি হয়েছে।