মূল আসামিদের বাদ দিয়ে অভিযোগপত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকায় যুবলীগ কর্মী বদিউজ্জমান হত্যার ঘটনায় মূল আসামিদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।জানা গেছে, গত বছরের ২০ মে সকালে প্রকাশ্যে মৃত দলিলুর রহমানের ছেলে যুবলীগ কর্মী বদিউজ্জমানকে কুপিয়ে ও পিটিয়ে খুন করা হয়। এরপর নিহতের স্ত্রী নার্গিস বেগম ২৬ জনের নাম উল্লেখ করে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন।আদালতে দাখিল করা অভিযোগপত্র পর্যালোচনা করে দেখা গেছে, এজাহারভুক্ত ২৬ জন আসামির মধ্যে ১৫ জনকে বাদ দেওয়া হয়েছে। আবার নতুন করে নয়জনকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার বাদী নার্গিস বেগম প্রথম আলোকে বলেন, নয়জনের মধ্যে জয়নাল আবেদীন, নাছির উদ্দিন ও আমিরুল কবির ঘটনার সঙ্গে জড়িত নয়। কিন্তু পুলিশ এ তিনজনকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করেছে। তিনি আরও বলেন, ‘আমার স্বামী বদিউজ্জামান হত্যায় সরাসরি অংশ নেওয়া ফরিদুল আলম, মোহাম্মদ মাঝি, আবুল কালাম, আব্দুর রহিম, বদিউল আলম, নুরুল ইসলাম, নাহিদ, নন্না মিয়া, রেজাউল করিম, জসিম উদ্দিন, মোসলেম উদ্দিন, রুহুল আমিন, সেলিম, মিজানুর রহমান ও নিয়ামত উল্লাহকে বাদ দেওয়া হয়েছে। এ কারণে আমি আদালতে নারাজি দিয়েছি।’তবে অভিযোগপত্র থেকে বাদ পড়া ফরিদুল আলম ও মোহাম্মদ মাঝি দাবি করেন তারা হত্যার ঘটনায় জড়িত নয়। এ জন্য পুলিশ অভিযোপত্র থেকে তাদের বাদ দিয়েছে। নিহত বদিউজ্জমানের মা রহিমা বেগম বলেন, ‘হত্যাকারীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের পক্ষ নিয়েছে। যেসব সন্ত্রাসী আমাদের আপস করতে বিভিন্নভাবে চাপ দিয়েছিল, পুলিশ তাদের বাদ দিয়েই অভিযোগপত্র দিয়েছে।’ওই মামলার বাদী পক্ষের আইনজীবী লুৎফুল কবির বলেন, বদিউজ্জামানকে যারা হত্যা করেছে তাদের বাদ দিয়ে পুলিশ গত ১১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। ১৪ আগস্ট ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেওয়া হয়েছে। বিজ্ঞ আদালত নারাজির শুনানি শেষে আগামী ২৪ অক্টোবর আদেশের দিন ধার্য করেছেন। জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা পেকুয়া থানার উপপরিদর্শক শফিকুর রহমান ভুঁইয়া বলেন, তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তাদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এটা যেহেতু প্রকাশ্যে ঘটেছে সেহেতু সাক্ষীদের সাক্ষ্যে যাদের নাম এসেছে তাদের নামই অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।এদিকে, আদালত সূত্রে জানা গেছে, আদালতে পুলিশের দাখিল করা অভিযোগপত্রে উল্লেখিত ১০জন সাক্ষী হলফনামা দিয়ে বলেছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁদের কাছ থেকে কোনো তথ্য নেননি। এ ব্যাপারে প্রশ্ন করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুর রহমান ভুঁইয়া বলেন, যাঁরা আদালতে হলফনামা দিয়েছেন, তাঁরা কী কারণে এ কাজ করেছেন তা তাঁর জানা নেই। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ বলেন, তদন্তকারী কর্মকর্তা তদন্তে যা পেয়েছেন তাই অভিযোগপত্রে সংযুক্ত করা হয়েছে। তদন্তে যদি বাদীপক্ষ সন্তুষ্ট না হয় আবারও তদন্ত হবে।