মূল জংশন থেকে সরানো হলো কাঁচামালের আড়ত কমছে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকাকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে মূল জংশন চিরিঙ্গা থেকে সরানো হয়েছে কাঁচামালের আড়ত। চিরিঙ্গার দক্ষিণে শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল এলাকায় এ জন্য নির্মাণ করা হয়েছে ‘কিচেন মার্কেট’ নামে একটি বিপণিকেন্দ্র। গত ২৫ সেপ্টেম্বর থেকে এটি চালু হয়েছে।
ট্রাফিক পুলিশ ও পৌর মেয়রের দাবি, কাঁচামালের আড়ত মূল জংশন থেকে সরিয়ে নেওয়ার ফলে যানজট অনেকটা কমেছে।
এত দিন শহরের ভেতরে কাঁচামালের আড়ত থাকায় বড় ট্রাক ও জিপ ঢুকে যানজটের সৃষ্টি করত। এ ছাড়া কাঁচামালের উচ্ছিষ্ট ফেলা হতো সড়কের ওপর। এতে পুরো শহরে দুর্গন্ধ ছড়িয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হতো।
চকরিয়া পৌরসভা সূত্র জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিঙ্গায় দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে চলাচল করা যানবাহনগুলো আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগের শিকার হন। এ কারণে শহরের ওপর থেকে গাড়ির চাপ কমাতে পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। এ উদ্যোগের অংশ হিসেবে প্রথম পর্যায়ে শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল ও ‘কিচেন মার্কেট’ পুরোদমে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, ‘শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ২০০৭ সালে তৎকালীন মেয়র জাফর আলম পৌর বাস টার্মিনাল এবং ‘কিচেন মার্কেট’ নির্মাণকাজ শুরু করেন। কিন্তু কতিপয় পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের অসহযোগিতার কারণে বাস টার্মিনালটি পুরোদমে চালু হয়নি। তা ছাড়া সদ্য সাবেক মেয়রের ব্যর্থতার কারণে শেষ হয়নি ‘কিচেন মার্কেটের’ নির্মাণকাজও।’
আলমগীর চৌধুরী আরও বলেন, ‘শহর থেকে সব ধরনের ভাসমান দোকান ও কাঁচামালের আড়ত সরিয়ে নিয়ে নবনির্মিত ‘কিচেন মার্কেটে’ বসানো হবে। ইতিমধ্যে ব্যবসায়ীরা কাঁচামালের আড়ত সরিয়ে নিয়েছেন। কিচেন মার্কেটে সুপ্রশস্ত মাঠ ও গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকায় ব্যবসায়ীরাও আগ্রহী। এতে শহরের মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে যানজট কমে গেছে।’
স্থানীয় বাসিন্দারা বলেন, চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সড়কে কাঁচাবাজারের আড়ত ছিল। এ কারণে সড়কটিতে যানজট লেগে থাকত। দুর্গন্ধে হাঁটাচলাও দায় হয়ে পড়ত।
এ প্রসঙ্গে চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফরিদ উদ্দিন বলেন, ‘কাঁচামালের অনেক আড়ত এখন সরে গেছে। এতে যানজট কিছুটা কমেছে। দুর্গন্ধও আগের মতো নেই। তবে সব আড়ত সরিয়ে নিলে সবার জন্য ভালো হয়।’
চকরিয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট নিজাম উদ্দিন বলেন, চট্টগ্রাম, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা মালামাল ভর্তি বড় ট্রাকগুলো এখন শহরের শেষ প্রান্তে ‘কিচেন মার্কেটে’ চলে যায়। এতে যানজট কমে গেছে।’