মূলে ফিরছে পাকিস্তানের জিহাদিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে জাতি ও গোষ্ঠীগত সংঘর্ষ বা হামলা নতুন কিছু নয়। কিন্তু দেশটিতে এখন যেন চলছে রক্তের হোলিখেলা। দেশটির কোথাও না কোথাও একের পর এক হচ্ছে আত্মঘাতী বা প্রতিশোধমূলক হামলা। সম্প্রতি দেশটির একটি মাজার ও বাজারে আত্মঘাতী বোমা হামলায় দেড় শরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। যেসব আত্মঘাতী ও প্রতিশোধমূলক হামলা হচ্ছে তার অধিকাংশই চালানো হচ্ছে শিয়া ও আহমদিয়ার মতো সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর। সরকার বলছে, জঙ্গিরা এত দিন দেশের গোলযোগপূর্ণ এলাকায় সীমাবদ্ধ থাকলেও তারা এখন কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে বড় বড় নগরসহ সর্বত্র। অন্যদিকে ঘুরে দাঁড়াচ্ছে একদা কোণঠাসা তালেবান। সব মিলিয়ে পাকিস্তানের অবস্থা এখন খুবই নাজুক। প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়গুলোই সাধারণত পাঞ্জাবের জিহাদি সংগঠন ও তাদের সমমনা তালেবানপন্থীদের হামলার লক্ষ্যবস্তু। ১৯৮০-র দশকের শেষ দিক থেকে এসব জিহাদি সংগঠনের তৎপরতা বৃদ্ধি পায়। তখন থেকেই বিশেষ করে শিয়া সম্প্রদায়ের ওপর হামলার প্রবণতা বাড়তে থাকে। ১৯৯০-এর দশকে শিয়াদের মসজিদ ও ধর্মীয় মিছিলে অসংখ্য হামলায় শত শত লোক মারা গেছে। শিয়াদের ওপর এ পর্যন্ত যত হামলা হয়েছে, তার বেশির ভাগ চালিয়েছে লস্কর-ই-জাঙ্গভি (এলজে) নামের একটি জঙ্গিগোষ্ঠী। এদের এখন গণ্য করা হয় পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ জঙ্গিগোষ্ঠী হিসেবে। এ গোষ্ঠীটি আগে সিপাহ-ই-সাহাবার (এসএসপি) ভেতর থাকলেও সংগঠন ভেঙে বেরিয়ে এসেছে। এসএসপি পাকিস্তানকে একটি দেওবন্দি (সুন্নি ইসলামের একটি সম্প্রদায়) রাষ্ট্র হিসেবে দেখতে চায়। দেওবন্দি মতে, অন্য মুসলিম সম্প্রদায়গুলো সংখ্যালঘু। শিয়ারা তো বটেই, সুফিবাদের সঙ্গে সম্পর্ক আছে এমন সুন্নিদেরও সংখ্যালঘু মনে করে দেওবন্দিরা। দেওবন্দি ও সুফিদের মধ্যে প্রধান বিরোধটি হলো পীর-আওলিয়াদের মাজারে ভক্তি নিবেদন করা নিয়ে। সুফি বা মরমি ইসলামের অনুসারীরা মাজারে যায়, কখনো গান-বাজনাও করে ভক্তি নিবেদনের মাধ্যম হিসেবে, যা দেওবন্দিরা ভালো চোখে দেখে না। এদিক থেকে দেওবন্দিদের সঙ্গে ওহাবিদের মিল আছে। আল-কায়েদা এই ওহাবি মতধারারই সংগঠন।সিপাহ-ই-সাহাবা অবশ্য সব সময় বলে আসছে, তারা তাদের আদর্শ বাস্তবায়নে রাজনৈতিক ও সাংবিধানিক পথেই এগোচ্ছে। তারা অস্ত্রবাজিতে বিশ্বাসী নয়। সংগঠনের মুখপাত্র আহসান ফারুকী সম্প্রতি বলেন, সংগঠনের কেউ অস্ত্রবাজি করলে তাকে সংগঠন থেকে বের করে দেওয়া হয়। শুরুর দিকে পাকিস্তানি জিহাদিরা তাদের হামলা সীমাবদ্ধ রাখত শিয়া ও অন্য সংখ্যালঘু গোষ্ঠীগুলোর ওপর। কারণ, পাকিস্তানের মুসলিমদের অধিকাংশ বেরেলভি ইসলামের অনুসারী। বেরেলভি ইসলাম সুন্নি সম্প্রদায়েরই একটা অংশ। তবে এটি সুফিসমাজে প্রভাবিত। পাকিস্তানে রাষ্ট্রীয় সমর্থন কট্টরপন্থী দেওবন্দিদের দিকেই বেশি।২০০১ সালের টুইন টাওয়ার ঘটনা-পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা কিছুটা কমে যায়। মার্কিন বাহিনী জিহাদি গোষ্ঠীগুলোকে আফগানিস্তান থেকে বিতাড়িত করে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দমনাভিযানে অনেক নেতা-কর্মী নিহত হন, অনেকে আটক হন। এলজির প্রতিষ্ঠাতা রিয়াজ বাসরা নিহত হন। তাঁর ডেপুটি আকরাম লাহোরিসহ সংগঠনটির আরও অনেক নেতাকে আটক করা হয়। একটি হামলায় জিহাদি আন্দোলনের সব মাথাই প্রাণ হারান কিন্তু তাঁদের জায়গায় আসে আরও বিপজ্জনক তরুণতর এক নেতৃত্ব।নতুন সমস্যা হলো, পাকিস্তান-মার্কিন যৌথ দমনাভিযান থেকে যাঁরা বেঁচে যান এবং পরে যাঁরা নতুন নেতা হিসেবে উঠে আসেন, তাঁদের সঙ্গে আর পাকিস্তানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর আগের মতো যোগাযোগ রইল না। জিহাদি সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে তা তাদের জন্য যেন শাপে বর হয়ে দাঁড়ায়। পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ ২০০২ সালে সিপাহ-ই-সাহাবা ও কাশ্মীরভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকে নিষিদ্ধ ঘোষণা করেন। একজন নিরাপত্তা কর্মকর্তার মতে, জিহাদি আন্দোলনের ক্ষেত্রে সেটা ছিল খুবই তাৎপর্যপূর্ণ এক মুহূর্ত। ওই কর্মকর্তার মতে, সরকার অনেক জিহাদি সংগঠনের ওপর থেকে এত দিনের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় তারা সরকারের প্রভাবমুক্ত হয়ে ইচ্ছামতো কাজ করতে থাকে। তাদের সদস্যসংখ্যাও বাড়তে থাকে। নিরাপত্তা কর্মকর্তাটি বলেন, তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে পুনর্বাসনের চেষ্টা করা উচিত ছিল। তা না করায় পরিস্থিতি এ রকম হয়ে দাঁড়িয়েছে, যাতে অবাক হওয়ার কিছু নেই।৯/১১-র পর পাকিস্তান-মার্কিন যৌথ সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের কারণে জিহাদিদের ক্রোধের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় নিরাপত্তা বাহিনী। সেনাচৌকি টহল এমনকি ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত স্থাপনায় হামলা হতে থাকে। কিন্তু তাই বলে সাম্প্রদায়িক বিদ্বেষের বিষবাষ্প মিলিয়ে যায়নি। বরং তা আরও বেড়েছে বলেই মনে হচ্ছে। শিয়ারা মূল লক্ষ্যবস্তু হলেও আহমদিয়া এমনকি সংখ্যাগরিষ্ঠ বেরেলভি মুসলিমদের ওপরও হামলা হতে থাকে। ৯/১১-র পর ধর্মীয় অনুষ্ঠানের ওপর সবচেয়ে বড় হামলাগুলোর একটি হয় বেরেলভি মুসলিমদের এক সম্মেলনে। করাচিতে ২০০৬ সালের এপ্রিলের ওই হামলায় নিহত হয় ৭০ জনের বেশি। এ জন্য দায়ী করা হয় লস্কর-ই-জাঙ্গভিকে। ওই ঘটনার পর থেকে দেওবন্দি নয়, এমন প্রায় সব সম্প্রদায়ই আত্মঘাতী হামলার শিকার হয়েছে।পাকিস্তানজুড়ে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া (সাবেক এনডব্লিউএফপি) প্রদেশে একের পর এক মাজারে বোমা হামলা হচ্ছে। পাঞ্জাব প্রদেশে শিয়া ও অন্য সংখ্যালঘুদের ওপর হামলা বাড়ছে। বন্দরনগর করাচিতে পড়ছে লাশের পর লাশ। মনে করা হচ্ছে, পাকিস্তানের জিহাদিরা একটি বৃত্ত সম্পূর্ণ করেছেন। তা হলো আবার মূলে ফিরে এসে আদি শত্রুদের দিকেই বন্দুকের নল ঘুরিয়েছেন তাঁরা। পাকিস্তানে জোর গুঞ্জন, নিরাপত্তা বাহিনীতে থাকা পুরোনো মিত্রদের সঙ্গে মিটমাট হয়ে যাচ্ছে জিহাদিদের। সেনাবাহিনীর ওপর হামলার ঘটনাও কমে এসেছে। জিহাদিরা এখন আবার নজর দিচ্ছেন তাঁদের মূল কাজ ধর্মভ্রষ্টদের নির্মূল করে দেশকে ‘বিশুদ্ধ’ করায়।পাকিস্তানে উল্লেখযোগ্য হামলা ২৮ মে ২০১০, লাহোরে আহমদিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৯৩ জন নিহত  ১৯ এপ্রিল ২০১০, পেশোয়ারে বিপণিবিতানে আত্মঘাতী বোমা হামলায় ২৩ জন নিহত ১ জানুয়ারি ২০১০, ভলিবল ম্যাচে হামলায় নিহত ১০০ জন  ২৮ অক্টোবর ২০০৯, পেশোয়ারে বিপণিবিতানে গাড়িবোমা হামলায় ১২০ জন নিহত  ১৫ অক্টোবর ২০০৯, সিরিজ বন্দুক হামলায় ৪০ জন খুন ৯ অক্টোবর, পেশোয়ারে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৫০ জন। সূত্র: বিবিসি, এএফপি