টেকনাফে প্রশাসন–নির্ধারিত দাম মানছেন না ব্যবসায়ীরা
মূল্যতালিকা টাঙানোর গরজ নেই, ইচ্ছেমতো দাম আদায়
কক্সবাজারের টেকনাফ উপজেলার হাটবাজারে পণ্যের নির্ধারিত মূল্যতালিকা টাঙানো হচ্ছে না। ফলে বিক্রেতারা দাম আদায় করছেন ইচ্ছেমতো। অথচ প্রশাসনের পক্ষ থেকে রোজার শুরুতে নিত্যপণ্যের মূল্যতালিকা দোকানের সামনে টাঙানোর নির্দেশ দেওয়া হয়। ২ জুন প্রকাশ করা হয় ভোগ্যপণ্যের মূল্যতালিকা।
ক্রেতাদের অভিযোগ, প্রশাসন বাজার তদারক না করায় উপজেলার ১৯টি হাটবাজারে বিক্রেতারা খেয়ালখুশিমতো পণ্যের দাম আদায় করছেন।
চলতি সপ্তাহে সাবরাং, টেকনাফ সদর ইউনিয়ন, পৌরসভার বাসস্টেশন, বড়বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক বাজারের নিত্যপণ্যের দামের সঙ্গে অন্য বাজারের মিল নেই। প্রায় পণ্যেই পঁাচ থেকে ১০ টাকা ব্যবধান। বিশেষ করে সবজির দামে তারতম্য বেশি। উপজেলার পৌরসভার বাসস্ট্যান্ড বাজারের কয়েকটি মুদি দোকানের সামনে নিত্যপণ্যের মূল্যতালিকা টাঙানো রয়েছে। কিন্তু অন্য কোনো বাজারে তালিকা দেখা যায়নি। তবে মূল্যতালিকা টাঙানো হলেও ওই সব দোকানে সেই দামে পণ্য বিক্রি হচ্ছে না।
প্রশাসন কর্তৃক নির্ধারিত তালিকা অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেল ১০৫, সরিষার তেল ১৩০, পেঁয়াজ ৩০, মসুর ডাল ১৩০, গরুর মাংস ৫০০, খাসির মাংস ৬৫০, আলু ২৫, রসুন ২২০, আদা ১৮০, চিনি ৬৫, মুড়ি ৫৫, ছোলা ৮৫-৯৫, হলুদ ১৭৫, কঁাচা মরিচ ৬০-৮০, মোটা আতপ চাল ৩৩, মাঝারি আতপ চাল ৩৭, চিকন বেতি চাল ৪২, খোলা আটা ৩০, প্যাকেট আটা ৩২ ও খেজুর ৭৫-১৮০ টাকা।
তবে সরেজমিনে দেখা গেছে, চাল, মুড়ি, আদা, পেঁয়াজ, রসুন ও হলুদের দাম মূল্যতালিকার কাছাকাছি হলেও অন্য পণ্যের দাম বেড়েছে। সয়াবিন তেল প্রতি লিটারে ৫-১০, ছোলা ১৫-২০, চিনি ১০, কঁাচা মরিচ ২০-৪০, আলু প্রতি কেজিতে ৫, গরুর মাংস ১০০ ও খাসির মাংস প্রতি কেজিতে ২০০ টাকা বেশি আদায় করছেন বিক্রেতারা।
দোকানিরা জানান, প্রশাসন দাম নির্ধারণ করেছে গত সপ্তাহে। এর মধ্যে পরিবহন খরচ ও পণ্যের পাইকারি দাম বেড়েছে। ফলে প্রশাসন কর্তৃক নির্ধারিত দামে পণ্য বিক্রি করা সম্ভব হচ্ছে না।
বাসস্ট্যান্ড বাজারে আসা ক্রেতা ও পল্লানপাড়ার বাসিন্দা মুজিবুর রহমান বলেন, প্রশাসন মূল্যতালিকা করে দায় সেরেছে। এরপর এটি বাস্তবায়ন হচ্ছে কি না, তার তদারক করছে না। ফলে বিক্রেতারা নানা অজুহাতে বাড়তি দাম নিচ্ছেন।
এদিকে বেশির ভাগ সবজির দাম হচ্ছে ৫০ টাকার ওপরে। শসা ৪০, টমেটো ৬০, বরবটি ৫০, চিচিঙ্গা ৪৫, বেগুন ৮০, করলা ৬০, কঁাকরোল ৬০, ঢ্যঁাড়স ৫৫, কচুর লতি ৬০, পটোল ৪৫ ও গাজর ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাসস্ট্যান্ড বাজারের খুচরা বিক্রেতা আবদুল হামিদ ও মো. হাসান বলেন, ‘রোজার আগে সবজির দাম অনেক কম ছিল। কিন্তু রোজার শুরুতেই এসব পণ্যের দাম বেড়ে যায়। আড়ত থেকে বেশি দামে কেনায় আমরাও একটু বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।’
ডেইলপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, রোজা শুরুর সঙ্গে সঙ্গে সব ধরনের সবজির দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। সব মিলিয়ে সংসার চালাতে গিয়ে বেশ কষ্ট হচ্ছে।
বড় বাজার এলাকার ব্যবসায়ী আনোয়ার মিয়া জানান, কঁাচাবাজারে নির্ধারিত দাম না থাকায় একেক হাটে সবজি একেক দামে বিক্রি হচ্ছে।
টেকনাফ বাসস্ট্যান্ড বণিক সমবায় সমিতির সভাপতি মো. একরামুল হক বলেন, ‘মূল্যতালিকা টাঙানোর জন্য সব ব্যবসায়ীকে নির্দেশ দেওয়া হয়েছে। শুনেছি এখনো দোকানে মূল্যতালিকা টাঙানো হয়নি। এ ছাড়া যঁারা নির্ধারিত দামের বেশি নিচ্ছেন, তঁাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম জানান, রোজার আগে পৌর এলাকার বাসস্ট্যান্ড ও বড় বাজারে ওজনে কম দেওয়া ও পণ্যের দাম বেশি নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আটজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন। এখন অতিবৃষ্টির কারণে বাজার তদারক করা সম্ভব হয়নি। মূল্যতালিকার চেয়ে বেশি দামে কেউ পণ্য বিক্রি করলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।