মূল্যতালিকা টাঙানোয় ঢিলেঢালা ভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজার তদারকি কমিটি সতর্ক করে যাওয়ার পরও পণ্যের বাজারে মূল্যতালিকা টাঙাচ্ছেন না ব্যবসায়ীরা। মূল্যতালিকা কার্যক্রম চলছে ঢিলেঢালাভাবে। গতকাল সোমবার কর্ণফুলী কমপ্লেক্স, বহদ্দারহাট কাঁচাবাজার, রিয়াজউদ্দিন বাজারসহ বেশ কয়েকটি বাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে। রমজান মাসের বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে, সঠিক ওজনে পণ্য বিক্রি নিশ্চিত করতে এবং ভেজাল পণ্য বিক্রি বন্ধে চট্টগ্রামে শুরু হয়েছে বাজার পর্যবেক্ষণের কাজ। গত রোববার জেলা প্রশাসনের নেতৃত্বে পাঁচটি দল ১৭টি বাজারে একযোগে এ কার্যক্রম পরিচালনা করে। কিন্তু বাজার তদারকি কমিটির নির্দেশের পরদিনও বিভিন্ন বাজারের বেশ কিছু দোকানে মূল্যতালিকা টাঙানো হয়নি।গতকাল সকালে কর্ণফুলী কমপ্লেক্স বাজারে গিয়ে দেখা গেছে, ঢোকার মুখে কয়েকটি মুদির দোকানে মূল্যতালিকা টাঙানো হলেও ভেতরের বেশ কয়েকটি দোকানে মূল্যতালিকা নেই। বিসমিল্লাহ জেনারেল স্টোর, মদিনা জেনারেল স্টোর, রাবেয়া স্টোর, ইভানা স্টোরসহ বেশ কয়েকটি দোকানে মূল্যতালিকা দেখা যায়নি। তবে আমির শাহ জেনারেল স্টোর, বিপ্লব স্টোর, রাকিন ডিপার্টমেন্টাল স্টোরসহ কয়েকটি দোকানে পণ্যের ক্রয়-বিক্রয়মূল্য টাঙানো হয়েছে।রোববার বাজার পর্যবেক্ষণের প্রথম দিনে জেলা প্রশাসনের পাঁচ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের বিভিন্ন বাজারে গিয়ে মূল্যতালিকা টাঙানোর জন্য বিক্রেতাদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দোকানে পণ্যের পাইকারি ক্রয়মূল্যের রসিদ (ভাউচার) রাখা, ক্রয় ও বিক্রয়মূল্যের তালিকা টাঙানো এবং সঠিক ওজনে পণ্য বিক্রি করাসহ বিভিন্ন সতর্কতামূলক নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ছাড়াও পর্যবেক্ষক দলে ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি এবং র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূল্যতালিকা কেন টাঙানো হয়নি, জানতে চাইলে কর্ণফুলী কমপ্লেক্স বাজারের বিসমিল্লাহ জেনারেল স্টোরের পণ্যবিক্রেতা মো. রফিক উদ্দিন বলেন, ‘গতকাল (রোববার) বৃষ্টির কারণে এবং দোকানে মাল তোলার জন্য সময় পাইনি। তালিকা বোর্ড কেনা হচ্ছে এবং আজকের মধ্যেই তালিকা টাঙিয়ে দেব।’ শান্তিধারা আবাসিক এলাকা থেকে বাজার করতে আসা গৃহিণী পারভিন আক্তার বলেন, ‘ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য একসঙ্গে পাশাপাশি লেখা থাকলে ক্রেতাদের বাজার করতে সুবিধা হবে।’ বহদ্দারহাট কাঁচাবাজারেও একই রকম অবস্থা। জেলা প্রশাসন নির্দেশ দেওয়া সত্ত্বেও কয়েকটি দোকানে মূল্যতালিকা টাঙানো হয়নি। এই বাজারের মোস্তাফিজুর রহমান স্টোরের পণ্যবিক্রেতা মো. শিপন বলেন, ‘ক্রয় ও বিক্রয়মূল্য পাশাপাশি লিখে টাঙাতে হবে—এ তথ্য আমাদের জানা নেই। তবে রোববার বাজার পর্যবেক্ষণে এসে তদারকি দল দোকানে পণ্য ক্রয়ের রসিদ রাখতে বলেছে। আমরা তা রেখেছি।’ কর্ণফুলী কমপ্লেক্স বাজারের মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইয়াকুব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দ্রব্যমূল্যসংক্রান্ত টাস্কফোর্সের সভায় নেওয়া সিদ্ধান্তগুলো লিখিত আকারে প্রতিটি বাজারে পৌঁছে দিলে যাবতীয় তথ্য ব্যবসায়ীরা হাতে পেতেন।’ এ ব্যাপারে পর্যবেক্ষক দলের সদস্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আরিফ মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘নির্দেশাবলি লিখিতভাবে ব্যবসায়ীদের কাছে পৌঁছানো যায় কি না, আমরা সেটা নিয়ে আলোচনায় বসব।’ তবে প্রথম দিনেই মৌখিকভাবে প্রতিটি বাজারে গিয়ে মূল্যতালিকা রাখার জন্য বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সঠিক ওজনে পণ্য বিক্রি ও ভেজাল পণ্য বিক্রি না করতেও তাঁদের সতর্ক করা হয়েছে। পরবর্তী অভিযানের সময় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হবে। রমজান মাসের প্রতি সপ্তাহে দুই দিন জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চলবে বলে তিনি জানান।