মূল্যায়ন বৈঠক
নতুন বছরকে সামনে রেখে গত ৩০ ডিসেম্বর শুক্রবার বিকেল চারটায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। কারওয়ান বাজার প্রথম আলোর কার্যালয়ের পঞ্চম তলার প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত হয় এ সভাটি।
ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা অংশ নেন এ সভায়। পাশাপাশি জাতীয় পরিচালনা পর্ষদের সদস্যরাও এ সভায় অংশ নেন। পুরোনো বছরের কাজের মূল্যায়ন, নতুন কমিটি গঠন ও নতুন বছরের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এ সভায়। সব বন্ধুরা গত বছরের ভুলত্রুটি শুধরে নতুন বছরে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মহানগরের বন্ধুরা নিজ নিজ বন্ধুসভার গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি নতুন বছরে কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন নতুন বছরের বিশেষ কয়েকটি কাজের কথা উল্লেখ করেন। নিয়মিত কাজের পাশাপাশি ছিল বই পড়া, শিল্পচর্চা ও নিজস্ব অনুষ্ঠানের পরিমাণ বাড়ানোর কথা।
নতুন বছর উপলক্ষে মহানগরের বন্ধুসভার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন মহানগরের প্রত্যেক বন্ধুসভাকে মাসে অন্তত একবার বন্ধুসভার কক্ষে মাসিক সভা করতে হবে। নতুন কমিটি গঠনের পর জানুয়ারি মাসের মধ্যে মহানগরের প্রতিটি বন্ধুসভা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে যাবে এবং সেখানে শপথ পাঠ করবে।
ঢাকায় বন্ধুসভা কক্ষের পাঠচক্রে (পাঠচক্র প্রতি শনিবার) প্রত্যেক বন্ধুসভার পক্ষ থেকে ন্যূনতম একজন উপস্থিত থাকতে হবে।
সবশেষে ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু অসীম রায় এবং জাতীয় পরিচালনা পর্ষদের মাহবুবা সুলতানার গানের মধ্য দিয়ে বিদায় জানানো হয় পুরোনো বছরকে।