মৃত আগ্নেয়গিরি উপাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে যে সময় আমরা পৌঁছাই, ওদের হিসাবে সেটা গ্রীষ্মের শুরু। যুক্তরাজ্যপ্রবাসী যাকেই জিজ্ঞেস করেছি, সবারই মোটামুটি একই উত্তর ছিল, ওখানে চমৎকার আবহাওয়া এখন, গ্রীষ্ম চলছে না! স্কটল্যান্ডে পা রেখে বুঝলাম, এখানের গ্রীষ্ম হলো আমাদের দেশের ভরা শীতকাল। খুব ভোরে যখন এই পাথুরে নগরে পৌঁছাই, তখনো শহর পুরোপুরি জেগে ওঠেনি। হু হু করে হিম বাতাস বইছে। তার মধ্যেই পথে নেমে পড়লাম। সঙ্গী তাওহীদুল আলম। লন্ডনে আছে বহুদিন ধরে। দুজনে এডিনবার্গ নগরের প্রান্তে দাঁড়িয়েই দেখলাম, এক পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে বিখ্যাত এডিনবার্গ দুর্গ। সেখান থেকে পুব দিকে তাকালে মাইল খানেক দূরত্বে মস্ত এক পাহাড়। নাম তার আর্থার সিট। পাহাড়ি এ শহরে যে কয়টি পাহাড় আছে, আর্থার সিটকেই সবচেয়ে উল্লেখযোগ্য ধরা হয়। এ পাহাড়ের জন্য আমাদের দুর্বলতা অন্য কারণে। এটি তৈরি হয়েছিল আগ্নেয়গিরির লাভা উদিগরণের ফলে। জ্বলন্ত লাভা ঠান্ডা হয়ে যে পাথর তৈরি হয়েছিল, তা দিয়েই গড়ে উঠেছে এ পাহাড়। সে অনেক অনেক আগের কথা। আস্তে-ধীরে এই পাথুরে পাহাড়ের বুকে জন্ম নিয়েছে ঘাস। এই ঘাসের মধ্য দিয়ে পায়ে চলা পথ ধরেই আমরা চূড়ার দিকে উঠতে থাকি। যতই ওপরের দিকে উঠি, বাতাসের বেগ বাড়তে থাকে। বাতাস ঠেলে একটু একটু করে উঠে যাই। কোথাও জংলি গাছে ফুল ধরেছে। হলুদ ফুলে ছেয়ে গেছে চরাচর। পাহাড়ি খরগোশ খাবারের খোঁজে ঘুরে বেড়ায় এ-পাথর থেকে ও-পাথরের ফাঁকে। খানিকক্ষণ খরগোশের পিছে ছোটাছুটি করে যখন নাকাল হয়ে ঢালের পাশে দাঁড়িয়েছি, তখনই চোখের সামনে পড়ল পুরো এডিনবার্গ শহর। তিলোত্তমা এ পাথুরে নগরের মাঝামাঝি অংশে এই আর্থার সিট। তাই এই পাহাড়ের চূড়া থেকে এডিনবার্গ নগরকে দেখা যায় সবচেয়ে ভালো করে। আমরা উঠতে উঠতে দেখছিলাম, পাহাড়টির প্রায় সব দিক থেকেই চূড়ায় ওঠা যায়; আর স্বাস্থ্যসচেতন অনেকেই হাঁটতে আসে এই পাহাড়ে। ওপরে উঠতে উঠতে যখন আমাদের মুখ হাঁ হয়ে যাচ্ছে, তখন পাশ কাটিয়ে দ্রুত ছুটে গেলেন এক স্কটিশ। আমাদের পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য দুঃখও প্রকাশ করলেন। তাঁকে আশ্বস্ত করলাম, ‘আমরাও দৌড়ঝাঁপ করে পাহাড়ে উঠতে পারি। কিন্তু প্রকৃতি উপভোগ করতে করতে যেতেই ভালো লাগছে! পাহাড়ে চড়া আমাদের কাছে কোনো সমস্যাই না।’ তিনি কী বুঝলেন কে জানে, হাসিমুখে বিদায় জানিয়ে আবার ছুটতে শুরু করলেন। আমরা ততক্ষণে ক্লান্তির শেষ পর্যায়ে চলে এসেছি। ভিনদেশি একজনকে বড়মুখ করে বললাম, এখন তো আর বসে থাকতে পারি না, তাই আমরাও দ্রুত পা চালালাম। চূড়ার কাছাকাছি এসে দেখলাম রুক্ষ পাথরে ভরা জায়গাটা। লাভার স্রোতে তৈরি এসব পাথরে এখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি। বড় অদ্ভুত পাথরগুলো কখনো ছুঁয়ে দেখি, হাতে নিয়ে দেখি। এগুলো ডিঙিয়ে আমরা যখন চূড়ায় পৌঁছাই, ততক্ষণে সূর্য ঢলে পড়েছে এডিনবার্গের পশ্চিম আকাশে। সোনা রোদ কালো পাথরে প্রতিফলিত হয়ে ছিটকে যাচ্ছে দূরে। আরও দূরের উত্তর সাগরের লোনা বাতাস এসে হাড় কাঁপিয়ে দিচ্ছে। যারা চূড়ায় উঠেছিল, তারা দ্রুত নামতে শুরু করেছে। আস্তে-ধীরে সন্ধ্যা উতরে আকাশে তখন মস্ত চাঁদ উঁকি দিয়েছে। হঠাৎ এক বৃদ্ধ স্কটিশ ভদ্রলোক চাঁদের আলোয় ছায়া ফেলে আমাদের সামনে এসে হাজির। আস্তে করে বললেন, ‘অন্ধকারে তোমাদের নামতে কষ্ট হবে, তোমরা বরং আমার সঙ্গে এসো।’ আমরা বাধ্য ছেলের মতো তাঁর পিছু পিছু হাঁটছি। তিনি বললেন, ‘পাথরে শিশির জমেছে, সাবধানে পা ফেলো। আর জানো তো, আমাদের আর্থার সিটের শিশিরের বিশেষ এক ঐতিহ্য আছে। মে-ডেতে এডিনবার্গের তরুণীরা এই শিশিরে স্নান করতে আসে। তাদের বিশ্বাস, এই শিশির তাদের সৌন্দর্য বাড়িয়ে দেয়!’