তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, একদিন ক্লাসের ফাঁকে আমরা তিন বন্ধু চলে গেলাম সদরঘাটে। জীবনে প্রথম সদরঘাটে যাওয়া। চারপাশে নানা আয়োজন, নৌকার সমারোহ, ব্যস্ত যাত্রী আর কুলিদের হাঁকডাকে অনেকটা ধাঁধায় পড়লাম। বিস্মিত চোখে চারপাশ একটু ভালো করে দেখে নিলাম।্রগড়ানো দুপুরে বড় বড় লঞ্চগুলো সাইরেন বাজাচ্ছিল। সবকিছু মিলিয়ে এক বিশাল কর্মযজ্ঞের ভেতর ডুবেছিল গোটা সদরঘাট এলাকা। মূল ঘাট থেকে একটু দূরে গিয়ে আমরা একটা নৌকা ভাড়া করলাম। বুড়িগঙ্গার প্রাণজুড়ানো বাতাসে ঘুরে বেড়ালাম সন্ধ্যা অবধি। তখন পানিতে ততটা দুর্গন্ধ ছিল না। এখন তো এ কথা ভাবাই যায় না। নদীর পানি এতটাই নোংরা, দেখতে অনেকটা পোড়া তেলের মতো। নদীর এই দূষণ ছড়িয়ে পড়ছে চারপাশে। মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগ-ব্যাধিতে।মূলত বুড়িগঙ্গার সঙ্গে আমাদের কাগুজে পরিচয় আরও আগে। ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত; এই বাক্যই এ ক্ষেত্রে আমাদের সঙ্গে নদীটির আত্মিক পরিচয় করিয়ে দেয়। শুধু বুড়িগঙ্গা কেন, পৃথিবীর প্রায় সব বিখ্যাত শহর-বন্দরই নদীর তীরে অবস্থিত। এই নদীও একইভাবে রাজধানী ঢাকার গোড়াপত্তনে কার্যকর ভূমিকা রেখেছে।কথিত আছে, গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গঙ্গার ওই ধারার গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ। মূলত ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি। কলাতিয়া এর উৎপত্তিস্থল। বর্তমানে উৎসমুখটি ভরাট হওয়ায় পুরোনো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। বুড়িগঙ্গার উভয় তীরে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন বিদ্যমান। লালবাগের কেল্লা, পরীবিবির মাজার, নবাববাড়ি এবং অনেক পুরোনো দালানকোঠা এই নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গার অপর পারের নাম জিনজিরা। হাউলি গ্রামে বিখ্যাত ‘নন্তঘরা’ নামের প্রাসাদ স্বাধীন বাংলার নবাবদের কীর্তি বহন করে। বর্তমানে এই নদীর দুই পাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অনেক শিল্পকারখানা। এসব কারখানার দূষিত বর্জ্যই নদীর শুদ্ধতা ও পবিত্রতা নষ্ট করেছে।