মৃত ব্যক্তিদের স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন ছিল কোরবানির ঈদ। খুব ভোরে কবর জিয়ারত করতে এলেন এক ভদ্রলোক। বয়স ৪০-৪৫ হবে। মাত্র কদিন আগেই বাবার মৃত্যু হয়েছে। জীবনে প্রথমবার ঈদ করছেন বাবাকে ছাড়া। কবরের সামনে দাঁড়িয়ে বিলাপ করে সে কথাই বলছিলেন বারবার। শোকে বিহ্বল লোকটি কাঁদতে কাঁদতেই ঢলে পড়লেন মাটিতে। আর উঠলেন না। পুরোনো কবরের পাশে খোঁড়া হলো নতুন একটি কবর। বাবার পাশে স্থান হলো ছেলের।গরীবুল্লাহ শাহ মাজারের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) আবুল হোসেনের (৫৫) ভান্ডারে এমন অনেক গল্প জমা আছে। ৩৮ বছর ধরে এ মাজারে আছেন তিনি। গড়ে প্রতিদিন দু-একজনের দাফন হয় মাজারসংলগ্ন কবরস্থানে। নামাজে জানাজার আয়োজন, দাফন ও কবরের রক্ষণাবেক্ষণের কাজ করতে হয় তাঁকে। নিয়মিত কবর জিয়ারত করতে আসেন যাঁরা, তাঁরা কমবেশি চেনেন আবুল হোসেনকে। আবুল হোসেন তাঁদের সবার ভাই, নিকট আত্মীয়। কবরস্থানে চিরনিদ্রায় শায়িত তাঁদের বাবাকে বাবা, মাকে মা, ভাইকে ভাই বলে ডাকেন আবুল হোসেন।সম্প্রতি গরীবুল্লাহ শাহ মাজারে কথা হয় আবুল হোসেনের সঙ্গে। জানালেন, তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানায়। বাবা কৃষিকাজ করতেন। টানাটানির সংসারে দুই বেলা খাবার জুটত না। ১৯৭৪ সালে কাজের খোঁজে চলে আসেন চট্টগ্রামে। বয়স তখন ১৬-১৭। ঘুরতে ঘুরতে এ মাজারে এসে ওঠেন। প্রথম প্রথম মাজার জিয়ারত করতে আসা লোকজনের জুতা-স্যান্ডেল পাহারা দিতেন। পরে কেয়ারটেকারের চাকরি পান। মাসে দুই হাজার টাকা বেতন। বাড়িতে স্ত্রী-কন্যা আছে। মেয়ে স্থানীয় একটি কলেজে পড়ে। তাঁদের জন্য মাসে মাসে টাকা পাঠাতে হয়। কবর জিয়ারত করতে আসা লোকজন ভালোবেসে দু-এক শ টাকা দেন বলেই সংসারটা কোনোমতে চালিয়ে নিতে পারছেন।মৃত্যু নিয়েই কাজ কারবার আবুল হোসেনের। সকালে ফজরের নামাজের আগে ঘুম ভাঙে তাঁর। নামাজ পড়ে এসে বসেন মাজারের প্রধান ফটকে। প্রতিদিন গড়ে দুই-তিনজনের দাফন শেষ করতে হয়। সকাল থেকে শুরু হয় আয়োজন। এ কাজে আরও পাঁচ-ছয়জন লোক নিয়োজিত আছেন। তবে সবকিছুর তদারকি করতে হয় তাঁকে। জানাজার বন্দোবস্ত করা, কবরের সরঞ্জাম—বাঁশ-চাটাই সংগ্রহ, কবর খোঁড়ার লোক জোগাড় করা তাঁর প্রতিদিনের কাজের অংশ। কবর হয়ে গেলে সেখানে বেড়া দেওয়া, গাছ লাগানোর কাজও তদারকি করেন। কত মানুষের শেষ যাত্রায় শরিক হয়েছেন এই পর্যন্ত?—এমন প্রশ্নের উত্তরে হেসে ওঠেন আবুল হোসেন। বললেন, ‘হিসাব নাই। এখানে প্রায় লাখখানেক কবর আছে। এক কবরের ওপর আরেক কবর। প্রতিদিনই তো কেউ না কেউ মারা যায়।’এত মৃত্যু দেখেন, খারাপ লাগে না? ‘না, মৃত্যুই তো স্বাভাবিক।’ নির্লিপ্ত আবুল হোসেনের দার্শনিক উত্তর। একটু থেমে যোগ করলেন, ‘তবে, মাঝে মাঝে খারাপও লাগে। এক ভদ্রলোক নিয়মিত আসেন। তাঁর পাঁচ বছরের মেয়ে এখানে শুয়ে আছে। মেয়েটা কোনোদিন তাঁকে ছাড়া ঘুমায়নি। এখন এই ঠান্ডা মাটিতে একা একা ঘুমায়। ভদ্রলোক প্রায় আমার হাত ধরে কাঁদেন। বলেন, মেয়েটারে দেখো ভাই।’মৃতের স্বজনদের এমন বেদনার কথা, শোকের কথা শুনতে হয় আবুল হোসেনকে। মাঝে মাঝে কিছু ব্যাখ্যাতীত ঘটনাও ঘটে। একবার এক মহিলার ফোন পেলেন আবুল হোসেন। তাঁর স্বামীর কবর দেখাশোনা করেন তিনি। ফোনে ওই মহিলা জানালেন, তিনি স্বপ্নে দেখেছেন তাঁর স্বামী একগুচ্ছ সাদা ফুল উপহার দিয়েছেন তাঁকে। আবুল হোসেন ওই মৃতের কবরে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যান। সমস্ত কবরজুড়ে শত শত টগর ফুটে আছে। সেখান থেকে একগুচ্ছ সাদা ফুল তুলে পাঠিয়ে দিলেন ওই মহিলার বাসায়।জীবিত ও মৃত মানুষদের মধ্যে এভাবে সেতুবন্ধন তৈরি করে দেন তিনি। এত মৃত্যুর মাঝে এটাই তো তাঁর বেঁচে থাকার রসদ।