মৃতপ্রায় রুদ্রপাড়ার মৃিশল্প

লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের হাঙ্গর খালের তীরে নিভৃত এক পল্লি রুদ্রপাড়া। যুগ যুগ ধরে এখানকার মানুষ মাটির তৈরি তৈজসপত্র বেচে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বর্তমানে সেদিন আর নেই। হাতে গোনা কয়েকটি পরিবার ছাড়া পাড়ার বেশির ভাগ মানুষ এ পেশা ছেড়ে দিয়েছেন। যাঁরা আছেন, তাঁরা চরম অর্থকষ্টে মানবেতর জীবন যাপন করছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এক সময় মানুষের ঘরে ঘরে মাটির তৈরি তৈজসপত্রের প্রচুর চাহিদা ছিল। বর্তমানে উন্নত প্রযুক্তির যুগে স্বয়ংক্রিয় কারখানায় তৈরি নানা ডিজাইনের সিরামিকের পণ্য দখল করেছে মাটির তৈরি তৈজসপত্রের স্থান। ফলে, এসব পণ্যের চাহিদা কমে যাওয়ায় শিল্পটির অবস্থাও এখন মৃতপ্রায়। প্রতিযোগিতায় টিকতে না পেরে পেশা ছেড়ে দিচ্ছেন মৃিশল্পের কারিগরেরা।
রুদ্রপাড়ার বাসিন্দা প্রফুল্ল রুদ্র (৫৫) জানান, ১০ বছর বয়স থেকেই বাবা কিরণ রুদ্রের সঙ্গে মাটির তৈজসপত্র তৈরির কাজে জড়িয়ে পড়েন তিনি। এ পাড়ার ৩০টি পরিবারের সবাই মাটির তৈরি দইয়ের হাঁড়ি, রান্নার পাতিল, কলসি, ধূপদানি, বিয়ের ঘট, ঢাকনা ও শিশুদের খেলনা তৈরি করতেন। জেলার বিভিন্ন এলাকায় এসব পণ্য বিক্রির টাকায় সংসার চলত সবার। আশির দশক থেকে অপেক্ষাকৃত আকর্ষণীয় সিরামিকের পণ্যের প্রসার ঘটতে থাকলে ঐতিহ্যবাহী মাটির তৈরি তৈজসপত্রের বিক্রি কমে গেছে। ফলে, এ পেশা ছেড়ে কেউ মোটর ওয়ার্কশপ, কেউ পোশাক কারখানা কিংবা মুদির দোকানে কাজ করছেন। সরকারিভাবে প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে শিল্পটি টিকে থাকত বলে মন্তব্য করেন প্রফুল্ল রুদ্র। একই রকম মন্তব্য করেন নিয়তি রুদ্র (৭০) ও ঝুনু রুদ্র (৪০)। কখনো কোনো সরকারি কর্মকর্তার পরামর্শ, প্রশিক্ষণ কিংবা আর্থিক সহযোগিতা পাননি বলে তাঁরা অভিযোগ করেন।
প্রফুল্ল রুদ্র, নিয়তি রুদ্র ও ঝুনু রুদ্র জানান, কাঁচামাল কেনার জন্য একটি বেসরকারি সংস্থা থেকে তাঁরা ঋণ নিয়েছেন। কিন্তু লাভ কম হওয়ায় ঋণের টাকা পরিশোধে হিমশিম খাচ্ছেন।
মৃিশল্পী সুখেন্দু রুদ্র (৫৫) জানান, বর্তমানে প্রতিটি বড় পাতিল বা কলসি তৈরিতে প্রায় ২৫ টাকা খরচ পড়ে। বিক্রি হয় সর্বোচ্চ ৩৫ টাকা। প্রতি মাসে ১০-১২ হাজার টাকার পণ্য বিক্রি করে ছয় হাজার টাকার মতো লাভ থাকে। কিন্তু এ আয় দিয়ে সংসার না চলায় পাশাপাশি দিনমজুরের কাজও করেন তিনি।
সুখেন্দু রুদ্রের কলেজপড়ুয়া মেয়ে লাকি রুদ্র বলেন, সরকারি-বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে বৈচিত্র্য আনতে পারলে মাটির তৈরি পণ্যগুলো আবারও মানুষের মন জয় করতে পারে।
লোহাগাড়া সমাজসেবা কর্মকর্তা মাইনুদ্দিন সরকার বলেন, ‘আমি রুদ্রপাড়া পরিদর্শন করব। সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারিভাবে ঋণসুবিধার দেওয়ার সুযোগ থাকলে, তা দেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান বলেন, ঐতিহ্যবাহী এ শিল্পকে বাঁচাতে সরকারিভাবে প্রশিক্ষণ ও অন্য কী সুবিধা দেওয়া যায়, তা খতিয়ে দেখা হবে।