মৃতসন্তান প্রসবের হার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার বিভিন্ন উপজেলা হাসপাতাল ও জেনারেল হাসপাতালে প্রসূতিসেবা বাড়লেও মৃতসন্তান প্রসব কমানো যায়নি। একইভাবে বেড়েছে প্রসবোত্তর নবজাতক মৃত্যুর হারও।অভিযোগ রয়েছে, প্রসূতিদের দেরিতে হাসপাতালে ভর্তি করানো এবং চিকিৎসকদের অবহেলার কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়।জানা গেছে, ২০১১ সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, বিভিন্ন উপজেলা হাসপাতাল ও উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে মোট ১০ জন নবজাতক মারা গেছে। একই সময়ে মৃতসন্তান প্রসব হয়েছে ২৯০ জন। অথচ এর আগের বছর, অর্থাৎ ২০১০ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে পাঁচ ও ২৬৮ জন। তবে ২০১১ সালে মোট জীবিত সন্তান প্রসবের সংখ্যা অন্যান্য বছরগুলোর তুলনায় বেড়েছে। ২০১১ সালে জীবিত সন্তান প্রসব হয়েছে ২৪ হাজার ২২ জন। এর আগের বছর তা ছিল ১৫ হাজার ৭৫৩ জন।এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পর্যায়ে এখন প্রসূতিসেবা গ্রহীতার সংখ্যা আগের চেয়ে বেড়েছে। নবজাতক ও মাতৃমৃত্যুহার নেই বললেই চলে। তবে মৃত বাচ্চা প্রসব এখনো কিছুটা রয়ে গেছে। এটার জন্য অভিভাবকদের সচেতনতা জরুরি। দেরিতে হাসপাতালে আসার কারণে এই সমস্যাটা দেখা দেয়।’ তবে চিকিৎসকদের অবহেলার বিষয়টি তিনি অস্বীকার করেন।জানা গেছে, ২০১১ সালে প্রসবকালে মাতৃমৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এর আগে ২০১০ সালে তিনজন, ২০০৯ সালে দুজন, ২০০৮ সালে দুজন ও ২০০৭ সালে দুজন মা প্রসবকালে মারা গেছেন। একইভাবে ২০০৯ সালে মৃত সন্তান প্রসব হয়েছে ২৭৭টি এবং নবজাতকের মৃত্যু হয়েছে দুটি। ২০০৮ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ২৯১ ও ১১ জন। ২০০৭ সালে এটি ছিল ২৮০ ও ১৫ জন। গত বছর উপজেলাগুলোর মধ্যে মৃত সন্তান প্রসবের হার সবচেয়ে বেশি ছিল ফটিকছড়িতে। সেখানে এই সংখ্যা ছিল ৬১ জন। আর দুই নবজাতক মারা যায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। এ ছাড়া রাউজানে তিনজন ও চন্দনাইশে দুই নবজাতকের মৃত্যু হয়। প্রসঙ্গত, উপজেলাগুলোর মধ্যে ফটিকছড়ি, বোয়ালখালী, পটিয়া, মিরসরাই ও হাটহাজারীতে অস্ত্রোপচারের ব্যবস্থা থাকলেও অন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তা নেই। গত বছর কেবল ওই কয়েকটি উপজেলায় ৫৮৪ জন প্রসূতি অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেছেন। কিন্তু অন্য উপজেলাগুলোতে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হলে প্রসূতিদের শহরে নিয়ে আসতে হয়।