মৃত্তিকার মতো তুমি আজ
মিলনায়তনভর্তি দর্শক। পিনপতন নীরবতায় চলছে তথ্যচিত্রটির প্রদর্শনী। ‘তোমার হূদয় আজ ঘাস...মৃত্তিকার মতো তুমি আজ...’। অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর এই আবৃত্তি যখন নেপথ্যে বাজছিল, তখন দর্শকদের স্মৃতিকাতর না হয়ে উপায় ছিল না।প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনকে নিয়ে নির্মিত মৃত্তিকার মতো তুমি আজ তথ্যচিত্রের প্রথম প্রদর্শনী হয়ে গেল ২২ মে ২০১০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সেন্টার ফর প্রাকটিক্যাল মাল্টিমিডিয়া স্টাডিজের (সিপিএমএস) প্রযোজনায় নির্মিত হয়েছে এ তথ্যচিত্রটি। এটি পরিচালনা করেছেন মাহমুদুল হক, পরিকল্পনায় সাইফুল সামিন এবং সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন পুন্নী কবির।এই তথ্যচিত্রে নিজের মেয়ের সম্পর্কে বলেছেন সাবেক প্রেসিডেন্ট বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। এ ছাড়া সিতারা পারভীন সম্পর্কে স্মৃতিচারণা করেছেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, শিল্পী মাসুমা খান, অধ্যাপক গোলাম রহমান, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক গীতি আরা নাসরিনসহ আরও অনেকে।মৃত্তিকার মতো তুমি আজ তথ্যচিত্রের প্রথম প্রদর্শনীতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।