মৃত্যু অথবা নিঃসঙ্গতার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ মে ২০০৩ অস্ট্রেলিয়ায় আসার মাস খানেক পরই আব্বার অসুস্থতার খবর পেলাম। ১৭ আগস্ট তিনি মারা গেলেন। কী নিদারুণ অসহায় দিন কেটেছে! সামর্থ্যের অভাবে দেশে যেতে পারিনি। কতবার যে স্বপ্নে আব্বার লাশ-কবর-গোরস্থান দেখে ঘুমের মধ্যে ডুকরে কেঁদে উঠেছি! তার কোনো ইয়ত্তা নেই। হতাশায় ডুবে যেতে যেতে একসময় অনুভব করেছি, কখন যেন হতাশাগুলোই আমার মধ্যে ডুবে গেছে।বাবাকে কবর দিতে না পারলেও গত আট বছরের প্রবাসজীবনে বিভিন্নজনের মৃত্যুতে সিডনির রকউড গোরস্থানে যেতে হয়েছে কয়েকবার। এ দেশে শনি-রোববার মৃত্যু হলে জানাজা-ভাগ্যে দু-চারজন মানুষ জোটে, নয়তো তাও জোটে না। সামর্থ্য কিংবা আনুকূল্য থাকলে লাশটি দেশে নিয়ে যেতে পারে। নয়তো সৎকার হয় পারিশ্রমিকের বিনিময়ে। কান্নার লোকেরও বড় অভাব। কায়মনে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলাতে পারি না। বুকের গভীরে আমার অপ্রাপ্তি আমাকে দেশে যেতে বলে। আমার বৈষয়িক প্রাপ্তি আমাকে সশ্রম কারাদণ্ডে আরও শক্ত করে বেঁধে রাখে। নিজেকে প্রশ্ন করি, বিদেশে আসে কারা? অতি ভাগ্যবান, নাকি অতি অভাগারা?ফোনালাপে দেশে ফেরার কথা তুললেই স্বজনেরা বলেন, ‘দেশে আসবি মরতে? ওখানেই তো ভালো আছিস।’ কেমন আছি, বোঝাব কী করে? বিদেশের মাটিতে বাঁচা-মরার কী কষ্ট, ব্যথার সাতকাহন! বলব কীভাবে? এ মাটি আমার নয়, আমিও এই মাটির নয়। বহু সংস্কৃতির এই দেশে একই গোরস্থানে বহু রকমের কবর। খেজুরপাতায় ঘেরা কবর থেকে শুরু করে শ্বেতপাথরে বাঁধানো কবরের সমাবেশ। ফলকে ফলকে বহু ভাষার এপিটাফ, তাজা কিংবা প্লাস্টিকের ফুলে ফুলে সজ্জিত চিরনিদ্রা। মনে পড়ে যায় মাদারীপুর দরগাহ খোলার জরাজীর্ণ গোরস্থানের কথা। ছোটবেলায় সন্ধ্যার পর ওখান দিয়ে চলাচল করতে ভীষণ ভয় করত। এই বিদেশ বিভুঁইয়েও কবরস্থানের অনুভূতি একই, কেমন যেন মনের ওপর চাপ ফেলে। অচেনা ভয়, বিষণ্নতা, নিঃসঙ্গতা আততায়ীর মতো জাপটে ধরে।জন্মভূমি ছেড়ে কোন দূরদেশে পড়ে আছি। ইচ্ছে করে, পাখি কিংবা হাতি হয়ে যাই। শুনেছি, পূর্ণবয়স্ক পাখিরা নাকি আগাম মৃত্যুর খবর পায়। যখন তারা বুঝতে পারে, তখন দলবল ছেড়ে গহিন অরণ্যের দিকে যাত্রা করে। সেই গহিন অরণ্যে একাকী মৃত্যুর জন্য অপেক্ষা করে। আর হাতিরা নাকি বয়স হলে একদিন হঠাৎ সঙ্গী-সাথিদের ছেড়ে বনের মধ্যে একা কোনো একদিকে চলে যেতে থাকে। সে হাঁটতে থাকে, হাঁটতে থাকে আর হাঁটতে থাকে। একসময় পৌঁছে যায় কোনো একটা জায়গায়, যেখানে চারদিক জঙ্গল আর মাঝখানে খানিকটা ফাঁকা জমি। যেখানে আরও সব হাতির হাড়গোড় পড়ে আছে। সেখানে গিয়ে একটু জায়গা খুঁজে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। নীরবে অপেক্ষা করতে থাকে। তারপর একসময় মারা যায়।জীবনসায়াহ্নে একদিন আমিও পাখির মতো, নয়তো বয়স্ক হাতির মতো হারিয়ে যাব এই অচিন দেশের কোনো এক জনারণ্যে...।শাখাওয়াৎ নয়নঅস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত।[email protected]