মৃত্যুই টেনে নিয়ে গেল তাঁকে
মায়ের বারণ শোনেননি তিনি। মা নিষেধ করেছিলেন বাইরে যেতে। বড় বোন সপ্তর্ষী বড়ুয়া ওর পোশাক লুকিয়ে ফেলেছিলেন। বের হওয়ার আগে বলছিলেন, ‘রাস্তাটা ভালো নয়, প্রায়ই দুর্ঘটনা ঘটে। এভাবে মাইক্রোতে বন্ধুদের সঙ্গে বেড়াতে না গেলেই কি নয়!’প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে মায়ের পা ছুঁয়ে প্রণাম করতেন তিনি। কিন্তু সেদিন সে কী যে হলো, মায়ের পা না ছুঁয়েই বেরিয়ে গেলেন। সেই যাওয়াই যে তাঁর শেষ যাওয়া হবে তা কে জানত!প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৌমিক বড়ুয়ার মৃত্যুর পর চার দিন কেটে গেছে। তবু সৌমিক নেই এই নির্মম সত্যটা মানতে পারছেন না পরিবারের কেউই। সৌমিকের মা শর্মীষ্ঠা বড়ুয়া কিছুক্ষণ পরপরই আহাজারি করছেন। বলছেন, ‘কেন তুই আমাকে প্রণাম করে গেলি না! আমার পা ছুঁয়ে গেলে তো তোকে এভাবে চলে যেতে হতো না।’ পরিবারের ছোট সন্তান সৌমিক। সবার আদরের। বাবা সুরক্ষিত বড়ুয়া পটিয়ার করল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। বড় ভাই বিপর্ষী বড়ুয়া হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে লেখাপড়া শেষ করেছেন। বোন সপ্তর্ষী বড়ুয়া বিপিএড কোর্স করছেন। সেদিনের স্মৃতিচারণা করতে গিয়ে সৌমিকের মামা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কুন্তল বড়ুয়া জানান, ‘সেদিন সৌমিক বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়েছিল গিটার নিয়ে। বাড়ির সবাই ওকে বের হতে নিষেধ করেছিল। কিন্তু সে শোনেনি। হয়তো মৃত্যুই টেনে নিয়ে গেছে ওকে।’উল্লেখ্য, ১ মার্চ বিকেল তিনটার দিকে নগরের পতেঙ্গা থানার সিমেন্ট ক্রসিং এলাকায় চলন্ত মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৌমিক বড়ুয়া ও ইসলামিয়া ডিগ্রি কলেজের ছাত্র তানভীর নিহত হন। আহত হয়েছেন আরও সাতজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা এখনো গুরুতর বলে জানা গেছে।প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের শ্রেণীকক্ষ এবং ক্যাম্পাস মাতিয়ে রাখতেন সৌমিক। বন্ধুদের আড্ডায়, ক্লাসরুমে আর কখনো আসবে না এটা মেনে নিতে পারছিলেন না তাঁর সহপাঠীরা। সৌমিকের সহপাঠী জিয়াদুল আমিন বলেন, ‘আমাদের আড্ডার প্রাণ ছিল সে। ও না এলে আড্ডা জমত না। ও এভাবে চলে গেল এটা বিশ্বাস হয় না।’ভালো ছাত্র ছিল সৌমিক। কিন্তু ভালো ছাত্ররা তো সারাক্ষণ পড়া নিয়ে ব্যস্ত থাকে, নিজের নোট কাউকে দিতে চায় না। সৌমিক তেমন ছিলেন না মোটেও। ও ছিল সবার বন্ধু। এ প্রসঙ্গে সৌমিকের বন্ধু ইশতিয়াক উদ্দিন বলেন, ‘ও সবার চেয়ে অন্যরকম ছিল। কখনোই অহংকার করেনি। কাউকে অবজ্ঞা বা হেয় করে কথা বলেনি কখনো।’তড়িৎপ্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৃশা, নাউমা, শারমিন ও জেবিন কথা বলতে পারছিলেন না কান্নার জন্য। প্রিয় বন্ধুর লাশ দেখতে হবে কখনো কী ভেবেছিলেন তাঁরা! বললেন, ‘সৌমিক নেই, আর আসবে না, এটা বিশ্বাস হচ্ছে না। কোনোভাবেই মানতে পারছি না।’এদিকে দুর্ঘটনায় আহত ইসলামিয়া ডিগ্রি কলেজের ছাত্র তানভীর বৃহস্পতিবার রাত ১১টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আসকারদীঘিরপাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ মুসার সন্তান তানভীরের মৃত্যুতে ইসলামিয়া কলেজ এবং আসকারদীঘিরপাড় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গত শুক্রবার জুমার নামাজের পর নগরের চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হয় তানভীরকে।সেদিনের দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে পলাশ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় গত শুক্রবার। পলাশ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎপ্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।নিহত সৌমিকের স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ রোববার বিকেল চারটায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাস অডিটরিয়ামে শোকসভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করেছে।