মৃত্যুকূপ বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ক্যামব্রিজের ১৭ বছরের কিশোরী জেইমি তাইরেল পড়াশোনা ছেড়ে কাঠ দিয়ে বানানো মৃত্যুকূপের ভেতর পুরোদস্তুর মোটরসাইকেল চালানোর কাজে নেমে পড়েছে। মৃত্যুকূপে মোটরসাইকেল চালিয়ে তাক লাগিয়েছে সবাইকে। সেই সঙ্গে মৃত্যুকূপে বিশ্বের সবচেয়ে কম বয়সী মোটরসাইকেল চালকের খেতাবটাও অর্জন করে নিয়েছে এই কিশোরী। এবার শুনুন ছোট্ট এই কিশোরীর মৃত্যুকূপ জয়ের জাদুকরি গল্প...৩২ ফুট প্রশস্ত আর ২০ ফুট উঁচু কাঠ দিয়ে বানানো একটি কূপ। তার ভেতর একটি মোটরসাইকেল নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে ১৭ বছর বয়সী কিশোরী জেইমি তাইরেল। একবার মোটরসাইকেলটা নিয়ে জোরসে একটা ঘাই দিয়ে কূপটির নিচ থেকে ওপরের দিকে উঠে আসছে আবার নিমিষেই নেমে যাচ্ছে নিচে। কখনো বা মৃত্যুকূপের দেয়ালে মোটরসাইকেল চালাতে চালাতে আসনের ওপর দাঁড়িয়ে সবার উদ্দেশে হাত নাড়ছে, কখনো বা কাঠ দিয়ে বানানো কূপটির ভেতরের দেয়ালে একটানা কয়েকবার চক্রাকারে ঘুরতে ঘুরতে নিচে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে কিশোরী জেইমি।ভাবছেন, এটা তো সার্কাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখা যায়। তা নিয়ে এত আদিখ্যেতা কেন? কারণ কাজটা মোটেও কোনো মামুলি ব্যাপার নয়। জেইমি তাইরেল মাত্র এক বছরের প্রশিক্ষণে ১৭ বছর বয়সেই মৃত্যুকূপে মোটরসাইকেল চালিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। হেলমেট ছাড়াই সে মৃত্যুকূপে দিব্যি চালিয়ে যাচ্ছে মোটরসাইকেল। পড়ালেখায় একদম মন বসে না ক্যামব্রিজ শহরের হ্যাভারভিলের জেইমির। বাইরের রোমাঞ্চকর কাজগুলোই বেশি টানে ওকে। ছোটবেলা থেকেই পারিবারিক বন্ধু কেন ফক্সের সাহচর্য পেয়েছিল সে, তার সুবাদেই মোটরসাইকেলের সঙ্গে খুব ভালো পরিচয় ঘটে জেইমির। সেই তখন থেকেই মোটরসাইকেল চালানোর নেশা। বছরখানেক আগের কথা। সবে জেইমির কলেজে যাওয়ার পালা। সব বন্ধু কলেজে গেলেও পড়ালেখাটা আর ভালো লাগে না জেইমির। স্থির করে ফেলে, যে করেই হোক মৃত্যুকূপে মোটরসাইকেল চালানোটা শিখতেই হবে। আঁকিয়ে বাবা মার্টিন তাইরেল ও গৃহিণী মা কোরিনেও বাদ সাধেন না মেয়ের ইচ্ছায়। তাই ছোটবেলার বন্ধু কেনের সঙ্গে তাদের মৃত্যুকূপে মোটরসাইকেল চালানোর দলে যোগ দেয় জেইমি। মাত্র এক মাসের মধ্যেই মৃত্যুকূপে মোটরসাইকেল চালানোর কসরতটা শিখে ফেলেছিল জেইমি। অন্য সবাই জেইমির এই কাজে ভয় পেলেও জেইমির নিজের যেন কোনো কিছুতেই ভয়ডর নেই। প্রথম দিনেই একদম সহজ আর দক্ষ চালকের মতো মোটরসাইকেলটা নিয়ে তরতর করে মৃত্যুকূপের ভেতর চালানো শুরু করল জেইমি। সেই থেকে শুরু। তারপর আস্তে-ধীরে জেইমির নাম ছড়িয়ে পড়তে শুরু করল। বন্ধু কেনের দলের সঙ্গে এ বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় মৃত্যুকূপে মোটরসাইকেল চালানোর প্রদর্শনীর জন্য বাড়ি ছাড়ে জেইমি। এই সময়ের মধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা, জার্মানি, হল্যান্ড ও গ্লাসটোনবেরি উৎসবে মৃত্যুকূপের ভেতর মোটরসাইকেল চালিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছে ১৭ বছরের এই কিশোরী। জেইমি এখন দিনে ঘণ্টায় ৪৫ মাইল বেগে মৃত্যুকূপের ভেতর মোটরসাইকেল হাঁকিয়ে ১০ মিনিট করে ১৫ বার প্রদর্শনীতে অংশ নেয়।পড়ালেখা ছেড়ে এই চ্যালেঞ্জিং পথে আসায় কোনো অনুশোচনা নেই জেইমির মনে। রোমাঞ্চ আছে। ‘মৃত্যুকূপে মোটরসাইকেল চালানোটা আমি বেশ উপভোগ করি। আমি এটা ছাড়া আর কোনো কাজ করতে চাই না।’ কথাগুলো বলছিল মৃত্যুকূপজয়ী কিশোরী জেইমি তাইরেল।মেয়ের এই বেপরোয়া কর্মকাণ্ডে কোনো মাথাব্যথা নেই জেইমির মা-বাবার। তাঁরাও মেয়ের এই অদ্ভুত মোটরসাইকেল চালানোটা বেশ উপভোগ করেন। ‘জেইমি খুবই লক্ষ্মী একটি মেয়ে। তার কোনো বিষয়ে আমরা চিন্তিত নই। বরং তার জন্য আমরা গর্ব বোধ করি। আমরা মজা করে মৃত্যুকূপের ভেতর তার মোটরসাইকেল চালানো দেখি। এটা তো ভয়ের কোনো বিষয় নয়। খুবই স্বাভাবিক মনে হয় আমাদের কাছে।’—বেশ গর্ব করেই কথাগুলো বলছিলেন জেইমি তাইরেলের মা কোরিন বির্চ।ওয়েবসাইট অবলম্বনে মোস্তফা কামাল